যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনা মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের বরাদ্দ করা ত্রাণ তহবিল থেকে হাজার হাজার ডলার আত্মসাতের ঘটনায় ৯ আসামি দোষ স্বীকার করেছেন। আসামিদের মধ্যে আটজন বাংলাদেশি বংশোদ্ভূত, একজন পাকিস্তানি বংশোদ্ভূত।
আসামিরা ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করেন। দোষ স্বীকারের পর আদালত ক্ষতিপূরণ হিসেবে আসামিদের ১০ লাখ ৯১ হাজার ৭২০ ডলার জরিমানা করেছেন। ইতিমধ্যে ৭ লাখ ৬০ হাজার ডলার ফেরত দিয়েছেন আসামিরা।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এবং নিউইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং ১৩ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানান।
আসামিদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে ছবি প্রকাশ করা হয়নি। তাঁরা হলেন মাহবুব মালিক (৪১), তোফায়েল আহমেদ (৫০), ইউসুফ এমডি (৪৫), মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ (৬৮), জাকির চৌধুরী (৫৯), মোহাম্মদ খান (৪৯), তানভীর মিলন (৫৫), জুনেদ খান (৫৬) এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাদিম শেখ (৫৬)।
সরকারি তদন্তে জানা গেছে, ২০২০ সালের জুন মাস থেকে আসামিরা নিউইয়র্ক স্টেটের ‘এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রাম’-এর আওতায় একাধিক ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের নামে আবেদন করেন।
করোনা তহবিলের ত্রাণ পেতে আবেদনকারীরা আবেদনে উল্লেখ করেন, সরকার থেকে পাওয়া অর্থ ব্যবসায় কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, গ্যাস-বিদ্যুৎ বিল ও সরঞ্জাম কেনার জন্য প্রয়োজন।
নিউইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেলের অফিসে তদন্তে উঠে আসে, সরকারি অর্থ পাওয়ার পরপরই অধিকাংশ টাকা তাঁদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। ব্যাংক রেকর্ড ও ট্যাক্স নথি পর্যালোচনায় দেখা যায়, তহবিল পাওয়ার আগে এসব প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক কার্যকলাপ ছিল না।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ গণমাধ্যমকে বলেন, ‘মহামারির মতো নজিরবিহীন সংকটে হিমশিম খাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ করা তহবিল চুরি করা গুরুতর অপরাধ। দোষ স্বীকারের মাধ্যমে আসামিরা এখন ক্ষতিপূরণ দিতে বাধ্য।’
নিউইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং বলেন, দুর্যোগকালীন তহবিল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা অপরাধ এবং জনস্বার্থের পরিপন্থী।
নিউইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেলের অফিস ২০২৪ সালের মে মাসে তদন্ত শুরু করে এবং মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে হস্তান্তর করে। অভিযোগ জানার পর আসামিরা ২০২৫ সালের ৬-৯ মে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আত্মসমর্পণ করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত জাকির চৌধুরী এ মামলার একজন আসামি। কুইন্স কাউন্ট্রি ক্রিমিনাল কোর্ট তাঁকে দেড় লাখ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে তিনি ৭৫ হাজার ডলার পরিশোধ করেছেন। ২৩ মার্চের মধ্যে বাকি টাকা পরিশোধ করবেন বলে জানান।
জাকির চৌধুরী বলেন, ‘আমি চাইলে ট্রায়ালে যেতে পারতাম। আমার ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস, কর্মচারী—সবই আছে। তিন বছর সময় লেগে যাবে এবং বদনামের ভাগীদার হব বলে আমি কোর্টের নির্দেশমতো টাকা পরিশোধ করছি। সরকারের নির্দেশমতো এটি এখন সেটেলড (মীমাংসা) হয়ে গেছে।’
জাকির চৌধুরী বলেন, ‘আমাকে মূলত এ পরিস্থিতিতে ফেলেছে আমার সাবেক ব্যবসায়িক পার্টনার কুমিল্লার খোকন আশরাফ। করোনার সময় আমার অফিসের নাম ব্যবহার করে খোকন আশরাফ সরকারি অনুদান নেওয়ার ব্যবস্থা করে। অনুদান পাওয়ার পর অর্ধেক টাকা সে নিয়ে যায়। এখন আমাকে জরিমানা দিতে হচ্ছে।’
মামলার আরেকজন আসামি মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ। তিনি বলেন, ‘কোর্টের নির্দেশনা পাওয়ামাত্র আমিই প্রথম ৭০ হাজার ডলার পরিশোধ করেছি। বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে।’
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৭) নামের এক কিশোর শ্রমিককে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকার সদর উপজেলা পরিষদ–সংলগ্ন স্থানে তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে ফাহিম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ফাহিম হোসেন বগুড়া শহরের মাটিডালি নওদাপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে। সে শহরের একটি ফাউন্ড্রি কারখানায় শ্রমিকের কাজ করত। অভিযুক্ত যুবকের নাম তনয়। তিনি বগুড়া শহরের মাটিডালি এলাকার বাসিন্দা। তিনি মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত।
ফাহিমের বড় ভাই শাহীন হোসেন অভিযোগ করেন, বখাটে তনয় তাঁর ছোট বোনকে উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ছোট বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার পরও উত্ত্যক্ত করতেন। কিছুদিন আগে ওই বখাটে যুবক তাঁর বোনের স্বামীকেও ছুরিকাঘাতে জখম করেন। বিষয়টি নিয়ে বিরোধের জেরে আজ সকালের দিকে তাঁর ছোট ভাই ফাহিমকে মাটিডালি এলাকায় একা পেয়ে ছুরিকাঘাত করেন। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত বখাটে যুবক তনয় হত্যাকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজনের নাম জানা যায়নি। আহত তিনজন হলেন সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।
নারী ক্রিকেটারদের দাবিটা ছিল অনেক দিনের। বিসিবিও বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছে মেয়েদের বিপিএল আয়োজনের, কিন্তু পরে সে প্রতিশ্রুতি রক্ষা করেনি। অবশেষে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।
এটিই হবে বাংলাদেশে নারী ক্রিকেটারদের জন্য প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। বিস্তারিত সূচি না দিলেও বিসিবি জানিয়েছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের নেবে দলগুলো।
মেয়েদের বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাকে। বাংলাদেশে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে মনে করেন তিনি। আজ প্রথম আলোকে রুবাবা দৌলা বলেছেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’
বিদেশি ক্রিকেটার কতজন নেওয়া যাবে, ফ্র্যাঞ্চাইজি কীভাবে বাছাই করা হবে—এসব এখনো চূড়ান্ত হয়নি। তবে নারী ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এ নিয়ে সমস্যা হবে না বলে বিশ্বাস রুবাবার, ‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা খুব ভালো খেলছে। আশা করছি স্পনসরস ও দলের মালিক পেতে অসুবিধা হবে না। আমি সেটা নিশ্চিত করব। আমরা ওই ধরনের মালিকদের চাইব, যাঁরা অন্তত কয়েক বছর দলের সঙ্গে থেকে নারী ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন।’
দেরিতে হলেও মেয়েদের বিপিএল আয়োজনের দাবি পূরণ হওয়ায় খুশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, ‘বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।’

আগামী জুনে ইংল্যান্ডে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে যাওয়ার ঠিক আগে নারী বিপিএল ক্রিকেটারদের সাহায্য করবে বলেই বিশ্বাস তাঁর, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আপনি যখন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলবেন, প্রস্তুতির দিকে থেকে সেটা অনেক সাহায্য করবে। বিভিন্ন দেশের তিন-চারজন করে খেলোয়াড় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। ওদের স্কিল অনেক ভালো থাকে, টুর্নামেন্টটা তাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমাদের মেয়েদের জন্য খুব ভালো একটা সুযোগ হবে এই টুর্নামেন্ট খেলা।’
রাজধানীতে আজ পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার জানায়, ভোরের দিকে মার্কেট চত্বরে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার।
তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে।