প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত, যা অবৈতনিক।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। 

মন্ত্রী আরও বলেন, প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা করব ধাপে ধাপে।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।

 

দেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কারও সঙ্গে বৈরী আচরণ করতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- নোয়াবের সদস্যদের সাথে আয়োজিত এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কারও সঙ্গে বৈরী আচরণ করতে চান না তিনি। আগের সরকার যে পথে হেটেছে সে পথে যাবে না বর্তমান সরকার।

এসময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হয়রানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিনা কারণে কেউ জেলে থাকলে তাদের জামিনের বিষয়ে সহযোগিতা করা হবে। সংবাদপত্রের বকেয়া বিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

বৈঠকে নোয়াব সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, সংবাদপত্র শিল্প অর্থনৈতিক চাপসহ নানা চাপের মধ্যে আছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরেন নোয়াব সদস্যরা। এসময় ওয়েজবোর্ড নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে নোয়াব সদস্যরা জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে তাদের সঙ্গে কথা বলেছেন। সরকার উদার গণতন্ত্রের পথে হাঁটছে এবং বিষয়টিকে ইতিবাচক বলেছেন সংবাদপত্রের মালিক ও সম্পাদকরা। 

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, এখন থেকে তিন মাসে একবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে সম্পাদক ও মালিকদের সঙ্গে সরকারের দূরত্ব কমবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় ১৬-১৭ বছরে একবার এবং বিগত ইউনূস সরকারের সময় ১৮ মাসে একবার মালিক ও সম্পাদকদের সঙ্গে সরকার প্রধানের বৈঠক হয়েছে।

 

ঢাকা

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে একদফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল—‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন ‘গুপ্ত’। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে আজ সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতা-কর্মীরা।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, ‘সকালে গ্রাফিতির ওপর লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়।’

গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লিখে দেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ নিয়ে বিতণ্ডার জেরে তাঁদের সঙ্গে ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়
গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লিখে দেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ নিয়ে বিতণ্ডার জেরে তাঁদের সঙ্গে ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়, ছবি: ভিডিও থেকে নেওয়া
 

সকালের সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁদের অনেকটা নির্বিকার অবস্থায় দেখা যায়। সংঘর্ষে হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিএনপির এবারের মনোনয়নপ্রক্রিয়া অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় করা হয়েছে। এই সমন্বিত দলটি সংসদে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশা করেন তিনি।

মনোনয়নপ্রক্রিয়ার সফলতার জন্য সেলিমা রহমান দলীয় নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমরা এ জন্য আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের দলের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

মনোনয়ন জমা দেওয়া শেষে আরেক প্রার্থী সানসিলা জেবরিন (প্রিয়াঙ্কা) বলেন, তিনি সংসদে গিয়ে নারী অধিকার ও দেশের স্বাস্থ্য খাতে ভূমিকা রাখতে চান। নারী জাগরণ, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সানসিলা জেবরিন শেরপুর-১ আসনে প্রার্থী ছিলেন। তিনি শেরপুর সদরের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেখানে হাসপাতাল, রেললাইন, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন—কিছুই নেই। যে সদর হাসপাতালটা আছে, সেটাও বেহাল। তিনি আরও জানান, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাঁর প্রথম কাজ হবে নির্বাচনী প্রচারে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করা এবং শেরপুর সদরকে নতুন করে গুছিয়ে মানুষের মুখে হাসি ফোটানো।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেন, দেশে নারীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বুলিং বেড়ে গেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভালো পরিবারের নারীরা রাজনীতিতে আসবেন না।

সকাল থেকে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা পৃথকভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেন ১১ দলের মনোনীত নারী প্রার্থীরাও।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না।

সারা হোসেন বলেন, ‘এটা সিলেক্টিভ প্রসেস। কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন। গণতন্ত্র এখানে কোথায় ছিল? কীসের নির্বাচন, কে এসছে? বাইরে থেকে কে কথা বলতে পেরেছে? কেউ না।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার: সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশনা ও জনআকাঙ্ক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সারা হোসেন এ কথা বলেন। গোলটেবিল আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সারা হোসেন বলেন, ঐকমত্য কমিশনে একজনও নারী সদস্য ছিলেন না। বিচারব্যবস্থা সংস্কার কমিশনেও কোনো নারী আইনজীবী কিংবা বিচারপতিকে সম্পৃক্ত করা হয়নি।

গণভোটের তৃতীয় প্রশ্নের বিষয়ে জনগণের কোনো ধারণা ছিল না বলেও মন্তব্য করেন সারা হোসেন। গোলটেবিল বৈঠকে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে প্রশ্ন রেখে সারা হোসেন বলেন, ‘আপনারা হাত তুলে আমাকে বলেন, কয়জন বলতে পারবেন ৩০টা প্রস্তাব কী ছিল?... আপনারা কীসের জন্য ভোট দিয়েছেন, সেটা আপনারা জানেন বলে আমার মনে হয় না।’ তিনি আরও বলেন, ‘এটা একটা বড় প্রশ্ন, আপনি ভোট দিচ্ছেন, কীসের জন্য দিচ্ছেন?... হ্যাঁ/না—এটা জানি। কিন্তু কীসের জন্য ভোট দিচ্ছি, এটা আমি যদি না জানি তাহলে ভোটের কত দূর মূল্য আছে?’

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়েও কথা বলেন সারা হোসেন। অন্তর্বর্তী আমলের এ দুটি আইন পুনর্বহাল হওয়া উচিত বলে মত দেন তিনি।

গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা। জাতীয় প্রেসক্লাবে, ২১ এপ্রিল ২০২৬
গোলটেবিল বৈঠকে আলোচক ও অতিথিরা। জাতীয় প্রেসক্লাবে, ২১ এপ্রিল ২০২৬
 

এ প্রসঙ্গে আওয়ামী লীগ আমলে প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়ার উদাহরণ টেনে সারা হোসেন বলেন, এত বছর পার হয়ে গেছে, এটি নিয়ে নাগরিক সমাজ থেকে দাবি ওঠানো হয়নি, এটার সুরাহা হোক। কাদের ভূমিকা সেখানে ছিল, তা জানা যাক। তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের অবস্থানের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের পদত্যাগ করতে হয়েছে। তাঁদের দাবির মুখে অনেক বিচারককে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কয়েকজন ছিলেন বেশ দক্ষ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মামলায় রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ‘মিথ্যাভাবে’ জুলাই হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে মন্তব্য করেন সারা হোসেন। তিনি বলেন, ‘এতগুলো মাস পার হয়ে গেছে, এখন অব্দি কোন চার্জশিট নাই; যেখানে বলা হচ্ছে যে, জাস্টিস খাইরুল হক ওখানে দাঁড়িয়ে গুলি চালিয়েছেন অথবা গুলির নির্দেশনা দিয়েছেন।’

সারা হোসেন বলেন, ‘এটা নিয়ে আমরা কি মুখ খুলছি? নাগরিক সমাজ, সুশীল সমাজ, বাংলাদেশ বার কাউন্সিল কিংবা বার সমিতি—কেউ না, সবাই চুপ করে আছি।’

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। এতে আরও বক্তব্য দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আইনজীবী ইমরান সিদ্দিকী, ফাহিম মাশরুর প্রমুখ। সঞ্চালনা করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা বিএনপির নির্দেশে মামলা করা হয়। মামলার ফাইলের পর তার বিরুদ্ধে সমন জারি হয়। আজ তিনি আদালতেও হাজির হননি। এর ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে, আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল। তবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক।

গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়।

 

নওগাঁ ও কক্সবাজারে এক রাতে সাতজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) রাতে নিয়ামতপুর উপজেলায় চারজন ও টেকনাফে তিনজনকে হত্যা করা হয়।

নওগাঁ : জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সোমবার রাতে একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়।

নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।

[caption id="attachment_272091" align="alignnone" width="853"] স্থানীয় বাসিন্দাদের সহায়তায় লাশগুলো উদ্ধার করে পুলিশ৷ আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফে, ছবি: সংগৃহীত[/caption]

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে তিন যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় বিশ্বাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নুরুল কবিরের ছেলে মজিদ, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবি।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, মুজিবের বিরুদ্ধে ৬টি মামলাসহ অপরাপর নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানব পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

ঢাকা

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় পরীক্ষার্থীরা আরও আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়।  

এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে। আর মেয়ে ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

গতকাল সোমবার (২০ এপ্রিল)  সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন। তারা জানান, পরীক্ষার সময় ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

এদিকে, ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

 

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহত হয়েছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫০)। আজ সোমবার বিকেলে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আহমদ হোসেনকে প্রথমে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোস্তাক আহামেদ বলেন, আহমদ হোসেনের হাত, বাঁ বাহু ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে আহমদ হোসেনের সঙ্গে ঢামেকে আসা এক ব্যক্তি বলেন, দুই মাস আগে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে যোগ দেন আহমদ হোসেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের শৃঙ্খলা কমিটির পরিচালক ছিলেন। ইজিপির মাধ্যমে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য দুই সপ্তাহ আগে একজন তাঁকে হুমকি দিয়েছিলেন।

আহত উপপরিচালক আহমদ হোসেন বলেন, বিকেলে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পেছনে বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় দুই যুবক তাঁর পথ রোধ করার পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হুমকির বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, টেন্ডার পাওয়ার জন্য তাঁকে অনেকেই ফোন দিয়েছে।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বিএনপি যে জুলাই সনদে সই করেছে, সেই জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এক–এক করে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, কিন্তু বারবার পরিষ্কারভাবে এ কথা বলে দেওয়ার পরও কিছু রাজনৈতিক দল সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে।

অন্তর্বর্তী সরকার ১১টি কমিশন করেছিল জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘১১টি কমিশনের মধ্যে সংবিধান, বিচার, প্রশাসনিক, স্বাস্থ্য, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। যারা এ সংস্কার সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, যারা জুলাই সনদকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্ত নারীর স্বাধীনতা বা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। চিকিৎসা ও ওষুধের জন্য যে কমিশন করা হয়েছিল, সেটা নিয়ে তারা কোনো কথা বলে না। কীভাবে প্রশাসনকে ঠিক করতে হবে, সেইটা তারা বলে না। কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে হবে, সেইটা তারা বলে না। তারা শুধু সংবিধান, সংবিধান বিষয়ে কথা বলে।’

আজ সোমবার সন্ধ্যায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এ জনসভার আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

‘সজাগ ও সতর্ক থাকতে হবে’

নির্বাচনের সময় যেসব গুপ্ত বিভ্রান্তকারী জনগণকে বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্তকারীরা আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গতকাল রোববার ময়মনসিংহ বিভাগের একটি জেলায় প্রেমঘটিত একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। একটি পারিবারিক ও ব্যক্তিগত ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা দেখেছে।

বগুড়ায় বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত মানুষের একাংশ। আজ সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
বগুড়ায় বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত মানুষের একাংশ। আজ সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
 

বিরোধী দল জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী জনসভায় বলেন, ‘এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি, তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করেছে। ১৯৮৬ সালের নির্বাচনে আমরা দেখেছি, তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ১৯৯৬ সালেও আমরা দেখেছি, স্বৈরাচারের সঙ্গে গিয়ে দেশের মানুষকে কীভাবে বিভ্রান্ত করেছিল। ২০০৮ সালেও আমরা দেখেছি, ওয়ান ইলেভেনের সঙ্গে যোগ দিয়ে তারা কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করতে চাই। ইমাম–মুয়াজ্জিনের জন্য ভাতা চালু করতে চাই, খাল খনন ও বৃক্ষ রোপণ করতে চাই। বেকার যুবকদের দেশে–বাইরে কর্মসংস্থান করতে চাই। এই সব ব্যাপারে তারা (বিরোধী দল) কোনো কাজ করে না। নির্বাচনের সময় বলেছিল, “রাখ তোর ফ্যামলি কার্ড”, মনে আছে? জনগণের স্বার্থে যে কাজ, তা তারা রেখে দেয়, ষড়যন্ত্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা কীভাবে কুক্ষিগত করতে হবে, সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্তি ছড়াচ্ছে।’

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, কর্মসংস্থান সৃষ্টি, বৃক্ষরোপণের মতো কর্মসূচির কথা উল্লেখ করে জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি এই কাজগুলো বাস্তবায়ন করতে হয়, তবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ, তাদের অতীত ইতিহাস বলে দেয়, দেশ স্বাধীনের আগে ও পরে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে।’

‘তাদেরকে বিশ্বাস করা যায় না’

১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ‘যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো এ দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এ দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। যারা দেশের অস্বিত্বকেই বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাস করা যায় না।’

বগুড়ায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
বগুড়ায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
 

সারা দেশে তারা গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে অভিযোগ করে তারেক রহমান আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর পালিয়ে যাওয়া স্বৈরাচার যেমন বলেছিল, “এক মিনিটও শান্তিতে থাকতে দিব না,” সেই একই ভূত কিন্ত এদের ওপরই সওয়ার করেছে। দেখেন, কেমন আন্দোলন–আন্দোলন কথা বলে আর ব্যক্তি ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে চায়। ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতো। ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল। ১৭২ দিনের হরতাল দিয়েছিল।’

‘যা করব, স্বচ্ছভাবে করব’

২০১৬ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণা ও পরবর্তীকালে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরার কথা উল্লেখ করে তারেক রহমান জনসভায় বলেন, দেশের অন্য কোনো দল সংস্কারের স–শব্দও উচ্চারণ করেনি স্বৈরাচারের ভয়ে। কিন্ত বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল।

গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনে বিএনপি জনগণের পক্ষে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা সব সময় বলি, যা করব, স্বচ্ছভাবে করব। কোনো লুকোচুরি নেই। গণতন্ত্রে মতের পার্থক্য থাকবে। আমরা সেখানে অন্যান্য দলের সঙ্গে কতগুলো বিষয়ে দ্বিমত পোষণ করেছি, সেটা জনগণের কাছে আমরা পরিষ্কারভাবে তুলেও ধরেছি, কোন কোন বিষয়ে আমরা একমত, কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি।’

বগুড়ার উন্নয়নে নানা প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী বগুড়ার উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ বগুড়ার মানুষের অন্যতম প্রধান দাবি। তাঁরা শিগগিরই এ কাজ শুরু করবেন। বগুড়াসহ আশপাশের অঞ্চল কৃষিপ্রধান। তাঁরা চান, কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে, তেমন বিদেশেও রপ্তানি হবে। বগুড়া বিমানবন্দরে কার্গো বিমান কীভাবে আসতে পারে, সে কাজ তাঁরা শুরু করে দিয়েছেন। বগুড়া বিশ্ববিদ্যালয়ের কাজ শিগগির শুরু হবে। সেখানে কৃষি, প্রকৌশল, চিকিৎসাসহ সব বিষয় থাকবে।

তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। যে প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিয়েছি, যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন শুরু করেছি, তা যদি বগুড়ার সন্তান হিসেবে বাস্তবায়ন করতে পারি, তবে নিশ্চয়ই বগুড়ার প্রত্যেক মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আমি আপনাদের দোয়া যেমন চাই, সমর্থনও চাই।’

জনসভা শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন।