দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃজনের প্রস্তাব নিয়ে সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (৮ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাসংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।
নোটিশে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটে চার হাজার এসআই (গ্রেড-১০) (নিরস্ত্র) পদ সৃজনের বিষয়ে আলোচনা করা হবে। সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ নম্বর-২০৮, তৃতীয় তলা) এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবলসংকট নিরসনে নিয়োগের বিষয়টি সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন। এরই পরিপ্রেক্ষিতে কনস্টেবলের শূন্য পদ জরুরি ভিত্তিতে পূরণের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে কনস্টেবল ও পুলিশ সার্জেন্টের শূন্য পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ দুটি পদে আবেদন শুরু হয়েছে।