প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাতটার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে তারেক রহমান
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ভেতরে শীর্ষ নেতা–কর্মীদের সঙ্গে তারেক রহমান, ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে
 

তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে বিকেলে সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তাঁদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাঁরা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছিলেন।

সড়কে নেতা–কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে পারছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

একজন নারী কর্মী বলেন, ‘দুই বছর আগেও আমরা এখানে আসতে পারতাম না। পুলিশে তাড়াত, গ্রেপ্তার করত। আর আজকে…আল্লাহ চাইলে কী না পারে।’

বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে সমুদ্রগামী বিশালাকার নতুন ট্যাংকার। নতুন এই ট্যাংকারের নাম দেওয়া হয়েছে ‘এমটি ওমেরা লিবার্টি’। ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ এই ট্যাংকার সমুদ্রে ভাসিয়েছে।

ট্যাংকারটি নির্মাণ করেছে দক্ষিণ কোরিয়ার দেইহান শিপবিল্ডিং। ২০২৩ সালের ২০ জুলাই নতুন ট্যাংকারটি নির্মাণে শিপইয়ার্ডটির সঙ্গে চুক্তি হয়েছিল এমজেএলের। এমজেএল নতুন এ ট্যাংকার কেনায় বিনিয়োগ করেছে ৭৫ মিলিয়ন ডলার (বর্তমান ডলারের বিনিময়মূল্যে ৯২২ কোটি টাকা)।

গত বুধবার নতুন এই ট্যাংকারের নামকরণ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার দেইহান শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম, ইস্ট কোস্ট গ্রুপের শিপিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মিনহাজুর রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন ট্যাংকার হিসেবে এটি এখন বাংলাদেশের সর্ববৃহৎ ট্যাংকার। প্রায় একই পরিবহনক্ষমতার এমজেএল বাংলাদেশের আরেকটি ট্যাংকার রয়েছে। ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের ট্যাংকারটি ২০১২ সালের তৈরি। গত বছর এটি বাংলাদেশের বহরে যুক্ত হয়।

জাহাজ নিবন্ধনকারী সংস্থা নৌ বাণিজ্য অফিসের তথ্য অনুযায়ী, নতুন এই ট্যাংকার একসঙ্গে ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল পরিবহনে সক্ষম। ট্যাংকারটি লম্বায় ২৫০ মিটার।

নৌ বাণিজ্য অফিসের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নতুন ট্যাংকারটিসহ বাংলাদেশের বহরে এখন সমুদ্রগামী জাহাজের সংখ্যা ১০৫–এ উন্নীত হয়েছে। নতুন হিসেবে এমটি ওমেরা লিবার্টি এখন দেশের সবচেয়ে বড় ট্যাংকার। ট্যাংকারটির সাময়িক নিবন্ধন হয়েছে।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের বহরে নতুন ট্যাংকার যুক্ত হওয়ায় দেশি জ্বালানি তেল পরিবহনে যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি বিদেশি জ্বালানি তেল পরিবহন করে দেশের বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার নতুন ট্যাংকারে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কলকাতা

প্রীতি ম্যাচের আগে চোটের আঘাত পেল ব্রাজিল ও আর্জেন্টিনা।

হাঁটুর চোটে ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। গত রোববার কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। পুরো সময় মাঠে থাকলেও খেলা শেষে ডান হাঁটুতে ব্যথা পাওয়ার কথা জানান মাগালায়েস।

রক্ষণভাগ নিয়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনাও। তাদের রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল চোটে পাওয়া আর্জেন্টিনার হয়ে সামনের দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। রোববার এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিভার প্লেটের এই খেলোয়াড়। তাঁর জায়গায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বিকল্প হিসেবে আছেন শুধু আতলেতিকো মাদ্রিদ রাইট ব্যাক নাহুয়েল মলিনা। স্প্যানিশ ক্লাবটির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মেও আছেন তিনি।

লিওনার্দো বালের্দিও চোট পেয়ে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে
লিওনার্দো বালের্দিও চোট পেয়ে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে, এএফপি
 

চোটের কারণে সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে। অলিম্পিক মার্শেইয়ের এই খেলোয়াড়ের বদলি হিসেবে দলে রিভার প্লেট সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে ডেকেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেলেন লুকাস মার্তিনেজ।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে স্কালোনির দলের প্রতিপক্ষ মৌরিতানিয়া। এরপর ৩১ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ফ্রান্সের বিপক্ষে আগামী বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলবে তারা। মাগালায়েস দুটি ম্যাচ থেকেই ছিটকে পড়লেও তাঁর বদলি হিসেবে কাউকে স্কোয়াডে ডাকেনি ব্রাজিল।

আর্সেনালের ম্যাচে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস
আর্সেনালের ম্যাচে চোট পান ব্রাজিল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস, এএফপি
 

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘ম্যানচেস্টার সিটির গত রোববার ইংলিশ লিগ (কারাবাও) কাপের ফাইনালের পর ডান হাঁটুতে ব্যথা অনুভবের কথা জানান এই অ্যাথলেট (মাগালায়েস)। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, ফিফা আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার মতো ফিট নন গ্যাব্রিয়েল মাগালায়েস। তাঁর বদলি হিসেবে কোনো খেলোয়াড়কে ডাকা হবে না।’

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার (২৩ মার্চ) ঘোষণা করেছে যে, তারা একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি বলেছে, আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর ও কিং সুলতান নামে মার্কিন ঘাঁটিতে ‘কিয়াম’ (তরল জ্বালানি) এবং ‘জুলফিকার’ (সলিড জ্বালানি) ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান শহরে সেনাবাহিনীর স্থাপনার উপর ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা সমাধানের জন্য ইতিবাচক আলোচনা হয়েছে এবং আলোচনা সফল হলে সামরিক হামলা স্থগিত রাখা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ট্রাম্পের ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫.২৮ ডলারে নেমেছে।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রণালির কার্যক্রম সীমিত হওয়ায় তেলের বাজারে চাপ সৃষ্টি হয়েছিল। ট্রাম্পের স্থগিত ঘোষণার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন বড় সংঘাতের আশঙ্কা থাকলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে।

 

সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে এলেন এক প্রবাসী বর। এ সময় হেলিকপ্টার দেখতে শিশু-নারী-পুরুষসহ উৎসুক জনতা ভিড় জমায়। কেউ মুঠোফোনে ভিডিও করেন, কেউ সেলফি তোলেন।

বরের নাম ইউসুফ আলী (৩০)। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামে। তিনি ওই গ্রামের ইসমাইল আলীর ছেলে। তিনি কাতারে ব্যবসা করেন। কনের নাম আবদিয়া আক্তার (২২)। বাড়ি সাদুল্যাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরে আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর ইউসুফ আলী আজ সোমবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি রাইস মিলের চাতালে হেলিকপ্টার নিয়ে পৌঁছান। সেখান থেকে আধা কিলোমিটার দূরে কনে আবদিয়া আক্তারের বাড়িতে যান মাইক্রোবাসে করে। বিয়ের কাজ সম্পন্ন করে বিকেলেই হেলিকপ্টারে নববধূকে নিয়ে সিলেটে রওনা হন বর।

বরের সঙ্গে আসা আত্মীয়স্বজন জানান, ছোটবেলা থেকে ইউসুফ আলীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। সেই স্বপ্নই আজ পূরণ করলেন।

সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাওসার আহমেদ হেলিকপ্টারে বর আসার বিষয়টি নিশ্চিত করেছেন। কনের বাবা নুরে আলম বলেন, হেলিকপ্টারে বর আসা এবং মেয়ে হেলিকপ্টারে করে শ্বশুরবাড়িতে যেতে পারছেন দেখে ভালো লাগছে। মেয়ে ও জামাতার জন্য সবার দোয়া চেয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির আবহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন। বোর্ডের মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু।

এর আগে, তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে বোর্ডের গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্বে আসলেন তিনি।

অন্যদিকে, গত বছরের অক্টোবর থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন। রোববার সন্ধ্যায় তাকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে এই পদে বসানো হয়। তবে ঠিক কী কারণে এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আমজাদ হোসেনকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে, এতদিন গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হতে পারেন নাঈম ইসলাম।

উল্লেখ্য, ঈদের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় পায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচের পর বিদায় নেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু, যদিও চলতি মাসের শেষ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ রয়েছে। একই সময়ে নতুন নির্বাচক নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে বোর্ড। 

 

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। জীবিকার তাগিদে ঢাকায় ফেরার তাড়া শুরু হয়েছে অনেকের। তবে ভিন্ন চিত্রও আছে। কারও কারও জন্য আজ থেকেই শুরু হচ্ছে ‘ঈদের ছুটি’। তাই আজও অনেকে ঢাকা ছেড়ে রওনা হচ্ছে গ্রামের উদ্দেশে।

আজ সকাল আটটার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘরমুখী মানুষ সেখানে ভিড় করছেন। যাত্রী দেখলেই বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা গন্তব্য ও বাসের নাম বলে যাত্রী ডাকছেন। টার্মিনালে যাত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন বাস কোম্পানির প্রতিনিধিরা। যাত্রীদের দ্রুত বাসে ওঠার জন্য প্রতিনিধিরা উৎসাহিত করছেন।

এদিকে গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে আজ অনেকেই কর্মস্থল ঢাকায় ফিরছেন। সকালে গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড়ও দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলো টার্মিনাল পৌঁছানোর পর যাত্রীরা নগরের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিলেন।

কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী রহিমা বেগম গাবতলী বাস টার্মিনালে। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী রহিমা বেগম গাবতলী বাস টার্মিনালে। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে

ঘরমুখী যাত্রীদের বেশির ভাগই কাউন্টারে গিয়ে টিকিট কাটছেন না। তাঁরা মূল সড়কের পাশে জটলা পাকিয়ে দাঁড়াচ্ছেন। প্রত্যাশিত গন্তব্যে যখন যে বাস ছাড়তে দেখছেন, ভাড়া নিয়ে দর–কষাকষি করে তাতেই উঠে পড়ছেন। ফলে টার্মিনালের ভেতরটা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা ফাঁকা দেখা গেছে।

টার্মিনালের ভেতরে দুই হাতে বাঁশের দুটি লাঠিতে ভর করে হাঁটছিলেন বয়স্ক এক নারী। কাছে গিয়ে কথা বলে জানা গেল, তাঁর নাম রহিমা বেগম। বয়স ৭০ বছর বলে জানালেন নিজেই। বললেন, কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ের বাড়িতে যাবেন। টিকিট কাটতে কাউন্টারে যাচ্ছেন।

ঈদ শেষে মেয়ের বাড়ি যাওয়ার কারণ জানিয়ে রহিমা বললেন, ‘ঈদের আগে তো ভাড়া অনেক বাইড়া যায়গা। সাড়ে ৫০০ টেকার ভাড়া হয় ৮০০-৯০০ টেকা। তহন গেলে তো খরচা বেশি। আর রাস্তাত তহন বেশি ঝামেলা তাহে বাজান।’

রহিমা আরও বলেন, ‘এহন যাইতাসি, কোনো ঝামেলা নাইকা। গাড়িতে উডুম আর বাইত যাইমু। আর মাইয়ার বাইত কয়ডা দিন আয়েশ করুম।’

গ্রামের বাড়ি যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে আসছেন অনেকেই। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
গ্রামের বাড়ি যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনালে আসছেন অনেকেই। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
 

এই কথা বলেই মুচকি হাসেন রহিমা। পরে কথা হয় তাঁর সঙ্গে থাকা নাতি জনি মিয়ার সঙ্গে। তিনি জানান, ঢাকায় তাঁর পরিবারের সঙ্গেই নানি (রহিমা) থাকেন। তাঁদের বাসা মিরপুরের কালশীতে।

টার্মিনালের বাইরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সহাদেব দাস। সঙ্গে স্ত্রী জীবন্তি দাস ও মেয়ে জয়া রানী দাস। তাঁদের গন্তব্য বগুড়ার নন্দীগ্রাম। ঢাকায় থাকেন ডেমরায়।

ঈদে কি ছুটি পাননি—জানতে চাইলে সহাদেব বলেন, তাঁর চুল কাটার সেলুন আছে। সেখানে নিজে কাজ করেন, সহকারীও আছে।

সহাদেব প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে বাড়ি যাওয়ার কোনো সুযোগ নাই। এক-দেড় সপ্তাহ আগে থেকে কাজের চাপ বেড়ে যায়। চাঁদরাতে সারা রাত কাস্টমার থাকে। এমনকি নামাজের পরেও অনেক কাস্টমার আসে। তাই ঈদ শেষ করেই একবারে গ্রামে যাই।’

বাস কোম্পানির প্রতিনিধিরা যাত্রীদের কাছে টিকিট বিক্রির চেষ্টা করছেন। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
বাস কোম্পানির প্রতিনিধিরা যাত্রীদের কাছে টিকিট বিক্রির চেষ্টা করছেন। আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে
 

গত ১৫ বছরে ঈদের এক-দুই দিন পর এমন সময়েই বাড়ি যান বলে জানালেন সহাদেব।

গাবতলী বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজের ১ নম্বর কাউন্টারের মাস্টার রাব্বি হোসেন বলেন, সকাল ৬টায় খুলনার উদ্দেশে তাঁদের প্রথম বাসটি ছেড়েছে। আর সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট তিনটি বাস তাঁরা ছেড়েছেন। সব কটি বাসেই যাত্রী প্রায় পূর্ণ।

গাবতলী টার্মিনাল থেকে কিছু দূর সামনে গাবতলী-আমিনবাজার সেতুর গোড়ায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে বিভিন্ন পরিবহনের অন্তত ১০টি বাস যাত্রীর অপেক্ষায় ছিল।

গাবতলী-আমিনবাজার সেতুর গোড়ায় ঘরমুখী যাত্রীদের অপেক্ষা। আজ সোমবার সকালে
গাবতলী-আমিনবাজার সেতুর গোড়ায় ঘরমুখী যাত্রীদের অপেক্ষা। আজ সোমবার সকালে
 

সেখানে কথা হয় রাজশাহী গন্তব্যের যাত্রী জামিল হোসেনের সঙ্গে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সঙ্গে বড় বড় ব্যাগ ছিল। একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ইনচার্জের কাজ করেন তিনি।

জামিল প্রথম আলোকে বলেন, ঈদে তাঁর দুজন সহকর্মী ছুটি কাটিয়েছেন। তাঁদের মধ্যে একজন গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন। আর তিনি আজ থেকে ছুটিতে যাচ্ছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন,  আমরা সবাই এ দেশের নাগরিক, সবারই সমান অধিকার। কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। এমন ধারণা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তবারক হোসেন খোকন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, ইউএনও আফরোজা আফসানাসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা।

পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে বান্দরবানগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি পর্যটকবাহী বাস।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে। গভীর রাতে বিকট শব্দে বাসটি খাদে পড়ে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই পর্যটকদের দ্রুত উদ্ধারের জন্য স্থানীয় সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। মসজিদের মাইকিং শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে যোগ দেয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুর্ঘটনার শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতর আটকা পড়া পর্যটকদের চিৎকার শুনে তারা জীবনের ঝুঁকি নিয়ে খাদে নেমে উদ্ধার কাজ শুরু করেন।

তিনি বলেন, "আমরা বাসের ভেতর থেকে অনেক পর্যটককে আহত অবস্থায় বের করে হাসপাতালে পাঠিয়েছি। অধিকাংশের শরীরে ছোটখাটো আঘাত থাকলেও সুপারভাইজারসহ পাঁচজনকে খুব রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।"

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে থাকা ৪৩ জন যাত্রী গতরাতে ঢাকা থেকে বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পাহাড়ের ঢালু ও আঁকাবাঁকা রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যটন মৌসুম হওয়ায় বান্দরবানমুখী রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। পাহাড়ি রাস্তায় অনভিজ্ঞ চালক বা যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় ঘটনা।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই ‘পরিকল্পনা অনুযায়ী’ অভিযান শেষ করেছে।

আইআরজিসির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী (রিফুয়েলিং) উড়োজাহাজ এবং যুদ্ধবিমানসহ ২০০-এর বেশি আকাশযান ধ্বংস করেছে।

সূত্র: আল-জাজিরা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষের এক দিন পরই দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ঈদের নামাজ আদায় শেষেই হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুই পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে ১০-১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। পরে ভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা পলাশ সাহা জানান, সংঘর্ষে আহত ১১ জন এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ওহিদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি ৮ জনকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সী (৬৫) ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের কামরুল মিয়া (৪৫)।

এর আগে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গ্রামের দুই পক্ষই ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে দিকে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায়।