• Colors: Green Color

৪৬*, ৭৭–এর পর আজ ৫৮*। ত্রিদেশীয় সিরিজে নিগার সুলতানার ব্যাটে আবারও দারুণ এক ইনিংসের দেখা মিলল। তাঁর অপরাজিত ৫৮ রানের ইনিংসে আজ ত্রিদেশীয় টি–টুয়েন্টি সিরিজে নিজেদের প্রথম জয়ও পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

এডিনবরায় স্কটল্যান্ডকে বাংলাদেশ নারী দল হারিয়েছে ৩৪ রানে। টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছিল ১৫২ রান। রান তাড়ায় স্কটল্যান্ড ১১৮ রানেই গুটিয়ে যায়।

আজও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৩ রানের মধ্যেই ফিরে যান দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস ও তাজ নেহার। এরপর সোবহানা মোস্তারির সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন নিগার। ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সোবহানা। নিগার ৫৮ রান করেন ৪৭ বলে। শেষ দিকে স্বর্ণা করেন ২০ রান।

ব্যাট হাতে ভালো শুরু না পেলেও বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ১ রান তুলতেই স্কটল্যান্ডের ২ উইকেট তুলে নেয় তারা। ডার্সি কার্টারকে আউট করেন সানজিদা আক্তার, ক্যাথরিন ফ্রেসারকে মারুফা। টুর্নামেন্টের আগের দেখায় বাংলাদেশের বিপক্ষে ফিফটি করা অধিনায়ক ক্যাথরিন ব্রাইস আউট হন ২১ রানে।

শিরোপার লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ
শিরোপার লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ, এক্স
 

সারাহ ব্রাইস করেন ৪০ রান। এরপর আর কোনো ব্যাটারই রান পাননি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন রিতুমনি। দুটি করে উইকেট মারুফা ও সানজিদার।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দুইয়ে।

অর্থাৎ শিরোপার লড়াইয়ে বাংলাদেশ এখনো টিকে আছে। তবে ভাগ্য নিজেদের হাতে নেই। ৩ ম্যাচে ২ জয় পাওয়া স্কটল্যান্ড কাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে, এই ম্যাচে জিতলে শিরোপা জিতে যাবে তারাই।

চলতি বছর ঈদুল আজহার সময় সাত দিনের সরকারি ছুটি ছিল। আর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি থাকবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। দীর্ঘ এই ছুটিকে ঘিরে পর্যটনকেন্দ্রিক ব্যবসাও বেড়েছে বলে জানিয়েছে খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ভালো পর্যটনকেন্দ্রগুলো ঈদের ছুটিতে ভালো ব্যবসা করলেও কেউ কেউ বলেছে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিকে ঘিরে এবার দেশের বড় বড় পর্যটন শহরগুলোর বেশির ভাগ হোটেল-রিসোর্টেই উল্লেখযোগ্য পরিমাণে আগাম বুকিং ছিল। আবার ঈদের এক-দুই দিন পরও অনেকে নতুন করে বুকিং পেয়েছেন। সব মিলিয়ে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত হোটেল-রিসোর্টগুলোতে ঈদ ব্যস্ততা থাকছে।

পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে গত কয়েক বছর ভ্রমণ-পর্যটন খাতেও মন্দা অবস্থা গেছে। তবে গত বছর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সর্বশেষ রোজার ঈদে গ্রাহকদের ভালো সাড়া পাওয়া গিয়েছিল। এবার কোরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রয়েছে।

ঈদের ঘোরাঘুরিতে গিয়ে জলে গা ভেজান অনেকে
ঈদের ঘোরাঘুরিতে গিয়ে জলে গা ভেজান অনেকে
 

ফ্যান্টাসিতে দর্শনার্থী বেড়েছে, কম নন্দনে

ঈদুল আজহার ছুটিতে ঢাকার অদূরে আশুলিয়ার জনপ্রিয় থিম পার্ক ‘ফ্যান্টাসি কিংডমে’ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। বরাবরের মতো এবারও দর্শনার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যের বিভিন্ন প্যাকেজ রেখেছে তারা। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত একক টিকিট এবং বিভিন্ন ধরনের কম্বো প্যাকেজ ছিল তাদের।

ফ্যান্টাসি কিংডম রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কনকর্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের কোরবানির ঈদের তুলনায় এবার ঈদে পার্কটিতে দর্শনার্থী আগমনের হার প্রায় ১০ শতাংশ বেশি ছিল। ফ্যান্টাসি কিংডমে দৈনিক দর্শনার্থী ধারণক্ষমতা প্রায় সাত হাজার। এবার ঈদের ছুটিতে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার দর্শনার্থী ভিড় করেন। একই সঙ্গে কনকর্ড এন্টারটেইনমেন্টের অধীন পরিচালিত চট্টগ্রামের ফয়’স লেকেও দৈনিক সাত-আট হাজার দর্শনার্থী ভ্রমণ করেন।

কনকর্ড এন্টারটেইনমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের বাড়তি চাপ ছিল। তা সত্ত্বেও আমরা সেবার মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছি।’

রাজধানীর অদূরে আশুলিয়ায় অবস্থিত আরেক জনপ্রিয় বিনোদনকেন্দ্র নন্দন পার্ক অবশ্য ভিন্ন কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, এবারের ঈদে তাঁদের ভালো প্রস্তুতি ছিল; কিন্তু প্রত্যাশা অনুযায়ী পার্কটিতে দর্শনার্থী আসেননি। নন্দন পার্কের দৈনিক ধারণক্ষমতা ১০ হাজার মানুষের বেশি। কিন্তু ঈদের ছুটিতে দর্শনার্থী উপস্থিতি দুই হাজারের আশপাশে ছিল।

জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
 

চিড়িয়াখানায় দৈনিক লাখো দর্শক

এবারের ঈদের ছুটিতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। এবার ঈদে দর্শনার্থীদের বিশেষ আগ্রহে ছিল বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া আলবিনো জাতের মহিষটি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের বন্ধে গতকাল পর্যন্ত প্রতিদিনই লাখের বেশি দর্শনার্থী ভিড় করেছেন। চিড়িয়াখানায় প্রবেশে জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা। সে হিসাবে প্রতিদিন ৫০ লাখ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।

ঈদের ছুটিতে সারা দিন উপচে পড়া ভিড় ছিল সাদাপাথরে
ঈদের ছুটিতে সারা দিন উপচে পড়া ভিড় ছিল সাদাপাথরে
 

হোটেল–রিসোর্টের ব্যবসা ভালো

ঈদের ছুটিতে অনেকেই কক্সবাজার, গাজাীপুর ও সিলেট অঞ্চলের বিলাসবহুল হোটেল-রিসোর্টে ঘুরতে গেছেন।

গাজীপুরের সোহাগ পল্লী ও রিসোর্টের ব্যবস্থাপক মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ঈদের পরদিন থেকে এখন পর্যন্ত তাঁদের রিসোর্ট সম্পূর্ণ বুকিং রয়েছে। আগামী শনিবার পর্যন্ত একই অবস্থা থাকবে বলে তিনি জানিয়েছেন।

মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে বেশ কিছু ব্যয়বহুল রিসোর্ট রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের নাইটেশ্বরে অবস্থিত দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা অন্যতম। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুসাই রিসোর্টে শনিবার পর্যন্ত ৮০ শতাংশের বেশি বুকিং রয়েছে।

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দ্য প্যালেস আরেকটি বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্টে ২৪ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে। দ্য প্যালেসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত বছরের কোরবানির ঈদে তাঁদের ভালো ব্যবসা হয়েছিল। এবারও ভালো ব্যবসা হবে বলে আশা করছেন।

এর বাইরে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য পর্যটন এলাকাগুলোতেও ভ্রমণকারীদের ভালো আনাগোনা ছিল বলে জানা গেছে।

ফুটবলের সবচেয়ে বড় আয়োজন বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিনের কম সময় বাকি। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো একত্র হয়ে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের পর্ব শেষ করে উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে। তবে যাওয়ার আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরুর আগে পান বিশেষ একটি বার্তা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো প্রকাশিত এক ভিডিওতে আনচেলত্তির নাতি-নাতনিরা তাঁকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানায়।

শিশুদের তখন বলতে শোনা যায়, ‘দাদু, বিশ্বকাপে শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি।’ বিশ্বকাপের আবদার করে তারা তখন বলে, ‘স্পেন ও ফ্রান্সকে হারাতে হবে। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

নাতি-নাতনিদের এমন ভালোবাসার বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তিও। চোখের জলও ধরে রাখতে পারেননি ব্রাজিল কোচ। ভিডিও চলাকালে চোখ মুছতে দেখা যায় তাঁকে। পরে সজল চোখে ইতালিয়ান এই কোচ বলেন, ‘পরিবারের কথা বললে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।’

 

এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে নেইমারসহ পুরো দল একসঙ্গে দলীয় ছবি তুলেছেন। সবাই একই রকম জামা পরা এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন নেইমার। আর ক্যাপশনে লিখেছেন, ‘সবাই একসঙ্গে।’

‘সি’ গ্রুপ থেকে ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ জুন ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

নেপালের বিপক্ষে আগামীকাল সাফের সেমিফাইনাল সামনে রেখে  আজ সকাল ৭ টায় বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ড -এ। মারগাঁও থেকে এই মাঠটি ২৪ কিলোমিটার দূরে।

সাংবাদিকরা ৬. ৩০ মিনিটে অনুশীলন কভার করতে আসেন। এসেই পেলেন দুঃসংবাদ। বাংলাদেশ দলের সেন্টার ব্যাক শিউলি আজিমের মা মারা গেছেন। ভোর ৫ টায় আসে এ খবর। ফলে অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ দল অনুশীলন মাঠে আসেনি।

আজ আর বাংলাদেশ দলের কোনো অন ফিল্ড অনুশীলন সেশন হবে না বলে দল থেকে জানানো হয়েছে।

ভারতের কাছে ৩-০ গোলের হারে মানসিকভাবে বিধ্বস্ত বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। গত দুটি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গতকালের হারটি তাই সাফের হ্যাটট্রিক শিরোপার মিশনে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় ধাক্কা। ভারতকে হারাতে না পারায় গ্রুপ রানার্সআপ হয়ে ৩ জুন সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

গোয়ায় আজ অনুশীলন ছিল না ফুটবলারদের। তবে ছিল রিকভারি সেশন, যা সাধারণত সব ম্যাচের পরদিনই হয়ে থাকে। দলের কেউ সংবাদমাধ্যমের সঙ্গেও সরাসরি কথা বলেননি। তবে বাফুফের মিডিয়া বিভাগ থেকে সাংবাদিকদের কাছে একটি আনুষ্ঠানিক বক্তব্য পাঠানো হয়েছে। তাতে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ।

গতকালের ভুলত্রুটি অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘গতকালের ম্যাচটা আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে যে পরিকল্পনা দিয়েছিলাম, অনেকে ভালো করেছে, আবার অনেকে সফলভাবে করতে পারেনি। ভারতের মতো দলের বিপক্ষে সব বিভাগ একসঙ্গে পরফর্ম করতে না পারলে আসলে এর শাস্তি আপনাকে পেতেই হবে, যেটা আমরা পেয়েছি।’

তবে এই বিপর্যয় কাটিয়ে ৩ জুনের সেমিফাইনাল নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে দল। নেপাল ম্যাচকে সামনে রেখে দলের বর্তমান প্রস্তুতি ও ফুটবলারদের মানসিক অবস্থা নিয়ে মাসুদ আহমেদের কথা, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, ওটা নিয়ে কাজ করছি। আশা করি, নেপাল ম্যাচে মেয়েরা ঘুরে দাঁড়াবে।’

ভারতের সঙ্গে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ
ভারতের সঙ্গে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ, বাফুফে

মানসিক জড়তা কাটিয়ে মেয়েদের চেনা ছন্দে ফেরানোটাই এখন টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘আমরা বড় ভুলগুলো দেখানোর চেষ্টা করব মেয়েদের। সেসব থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এ নিয়েও আলোচনা হবে। আমরা প্রতিটি খেলোয়াড়কে মানসিকভাবে চাঙা করার চেষ্টা করছি, যাতে তারা তাদের স্বাভাবিক খেলাটাতে ফিরে আসতে পারে।’

গত ম্যাচে গোলকিপার মিলি আক্তার মাথায় আঘাত পেয়েছিলেন, যা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে চোটের বিষয়টি গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন গোলকিপার কোচ, ‘আশা করি, মিলি পরের ম্যাচ খেলার জন্য তৈরি হয়ে যাবে।’
সব মিলিয়ে গোয়ার ক্যাম্পে এখন ভারত ম্যাচের বিপর্যয় সামলে এবং ভুল শুধরে সেমিফাইনালে নেপাল–বাধা পেরোনোর ছক কষতেই ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল।

দুর্ভাগ্য তাঁর, আইপিএল ট্রফিটা জিততে পারেননি।

ট্রফি দূরে, এবারের আইপিএলে ফাইনালেই উঠতে পারেনি তাঁর দল রাজস্থান রয়্যালস। তবে দলীয় ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এবার সবাইকে ছাড়িয়ে গেছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই কিশোর-প্রতিভা এবারের আইপিএলে একাই জিতেছেন ৫টি পুরস্কার।

পাঁচ পুরস্কারের মধ্যে অরেঞ্জ ক্যাপ জিতেছেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের (৭৭৬) জন্য। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন জিতেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটের (১৬ ইনিংসে ২৩৭.৩০) জন্য। আর টুর্নামেন্ট-সর্বোচ্চ ৭২ ছক্কার জন্য জিতেছেন সুপার সিক্সেস অব দ্য সিজন পুরস্কার।

এই তিনটির চেয়েও বড় দুটি পুরস্কার হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) ও উদীয়মান সেরা খেলোয়াড় (বেস্ট ইমার্জিং প্লেয়ার)। সূর্যবংশীই প্রথম খেলোয়াড়, যিনি একই মৌসুমে এমভিপি ও উদীয়মান খেলোয়াড়—দুই পুরস্কারই জিতেছেন।

টুর্নামেন্টের সেরা উদীয়মান ও এমভিপি দুটিই জিতেছেন সূর্যবংশী
টুর্নামেন্টের সেরা উদীয়মান ও এমভিপি দুটিই জিতেছেন সূর্যবংশী, এএফপি
 

এ ছাড়া ২০১১ সালে ক্রিস গেইলের পর এই কিশোরই প্রথম খেলোয়াড়, যিনি একই মৌসুমে রান ও স্ট্রাইক রেটে শীর্ষে ছিলেন (অন্তত ২০ বল)। পুরো আসরে সূর্যবংশীর ৭২ ছক্কাও গেইলের রেকর্ড (৫৯টি) ভেঙে দিয়েছে।

তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেলে দলকে প্লে-অফে তুললেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান হেরে যায় গুজরাটের কাছে। গতকাল আহমেদাবাদে ফাইনালে গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ফাইনালে রাজস্থান না থাকলেও এককভাবে পাঁচটি পুরস্কার নিতে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন সূর্যবংশী। বিহারের এই কিশোরের কাছে এমভিপি হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ‘ভালো লাগছে, তবে সাক্ষাৎকার দেওয়ার কারণে কিছুটা চাপও অনুভব করছি। আমার জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব।’ ম্যাচের প্রথম বল থেকেই বড় শট খেলার প্রবণতা নিয়ে সূর্যবংশীর ভাষ্য, ‘আমি আমার সহজাত খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। বল যদি মারার মতো পজিশনে থাকে, সেটির পুরো সুবিধা নেওয়ার চেষ্টা থাকে। এভাবেই খেলি আমি।’

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব