• Colors: Green Color

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লম্বা সময় পেরিয়ে গেলেও এর মধ্যে ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি তাঁর। শুধু আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জেতাই এই ক্লাবের হয়ে তাঁর একমাত্র অর্জন। একপর্যায়ে মনে হয়েছে, বড় কোনো সাফল্য ছাড়াই হয়তো আল নাসর অধ্যায় শেষ করবেন পর্তুগিজ মহাতারকা।

তবে সেই আশঙ্কার মেঘ এবার কেটে যাওয়ার অপেক্ষা। রোনালদো এখন প্রথমবারের মতো সৌদি প্রো লিগ জেতার দ্বারপ্রান্তে। বিশেষ করে গতকাল রাতে আল আহলির বিপক্ষে আল নাসরের ২-০ গোলে জয়ের পর লিগ ট্রফিটা পর্তুগিজ কিংবদন্তির হাতের নাগালে চলে এসেছে।

শীর্ষে থাকা আল নাসরের সংগ্রহ ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট। দ্বিতীয় আল হিলালের পয়েন্ট ২৯ ম্যাচে ৭১। অর্থাৎ এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে আল নাসর। এ পরিস্থিতিতে নাটকীয় কোনো পতন না হলে রোনালদোদের শিরোপা জয় সময়ের ব্যাপারই বলা যায়। রোনালদোদের দলের হাতে আছে আর ৪ ম্যাচ, আল হিলাল খেলবে আরও ৫ ম্যাচ।

সাম্প্রতিক ফর্মও বাড়তি আত্মবিশ্বাস দেবে রোনালদোদের। চলতি মৌসুমে এখন পর্যন্ত টানা ২০ ম্যাচ জিতেছে আল নাসর। এর মধ্যে ১৬টি জয় এসেছে সৌদি প্রো লিগে। এ পরিসংখ্যানই বলে দিচ্ছে, বর্তমানে আল নাসর কতটা অপ্রতিরোধ্য।

গতকাল রাতের জয়ে গোলও পেয়েছেন রোনালদো। ৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের ইনসুইঙ্গিং কর্নার থেকে দারুণ এক হেডে গোলটি করেন। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর এটি ৯৭০তম গোল।

হেডে গোল করছেন রোনালদো
হেডে গোল করছেন রোনালদোএক্স/রোনালদো

আর মাত্র ৩০ গোল পেলেই হাজার গোলের জাদুকরি চূড়ায় পৌঁছে যাবেন ‘সিআর সেভেন’। আল নাসরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে রোনালদো করেছেন ১২৬ গোল এবং ২৩ গোল করিয়েছেন। অর্থাৎ মোট ১৪৯টি গোলে অবদান রেখেছেন কিংবদন্তি।

রোনালদো একই সঙ্গে টানা তিন মৌসুমে সৌদি লিগে ২৫ বা এর বেশি গোল করার কীর্তিও গড়েছেন। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত টানা ৯ মৌসুমের পর আবার এমন ধারাবাহিকতায় দেখা দিলেন রোনালদো।

জয় ও গোলের পাশাপাশি ভিন্ন এক কারণেও এদিন আলোচনায় ছিল এই ম্যাচ। এমন এক প্রেক্ষাপটে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে চার দিন আগে আল আহলি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা জিতেছে। সে উপলক্ষে আল নাসরের মাঠে অতিথিদের গার্ড অব অনার না দেওয়ায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ছিল।

এ ঘটনা ছাড়াও চলতি মৌসুমে দুই দলের সম্পর্কও ছিল বেশ তিক্ত। আল আহলি থেকে বহুবার রেফারিং নিয়ে অসন্তোষ ও পক্ষপাতের অভিযোগও তোলা হয়েছে। গতকালও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। আল আহলির দাবি, তাদের অন্তত দুটি হ্যান্ডবলের জন্য পেনাল্টি পাওয়া উচিত ছিল।

ম্যাচের শেষ দিকে পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে কিংসলে কোমান ও মেরিহ ডেমিরালের মধ্যকার উত্তেজনা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে, যে উত্তেজনা ম্যাচের শেষ বাঁশি বাজার পরও ছিল।

বিশৃঙ্খলার মধ্যেই আল নাসরের মোহামেদ সিমাকান গ্যালারি থেকে ক্লাবের বড় একটি পতাকা নিয়ে এসে প্রথমে ডেমিরালের সামনে সেটি নাড়িয়ে দেখান, এরপর মাঠজুড়ে সেটি ঘুরিয়ে ‘ল্যাপ অব অনার’ দেন।

অন্যদিকে ডেমিরাল আল আহলির স্টাফদের কাছ থেকে একটি এএফসি চ্যাম্পিয়নস লিগ বিজয়ীর মেডেল নিয়ে আল নাসর সমর্থকদের দিকে সেটি উঁচিয়ে ধরেন। ম্যাচ–পরবর্তী সাক্ষাৎকার চলাকালে আল আহলি সমর্থকেরা রোনালদোর উদ্দেশে বলেন, তাঁদের দল দুবারের এশিয়ান চ্যাম্পিয়ন। জবাবে রোনালদো হাসিমুখে হাত তুলে বলেন, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আছে।’

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পাওয়ার পর আফগানিস্তানের নারী ফুটবলাররা এখন থেকে ‘প্রতিরোধের প্রতীক’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন দলটির সাবেক অধিনায়ক খালিদা পোপাল। দীর্ঘ বিরতির পর ফিফার কাছ থেকে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তান নারী দল।

২০১৮ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ২০২১ সালে দেশটিতে তালেবান ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে অনেক খেলোয়াড় দেশ ছেড়ে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হন।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া সেই দেশের জাতীয় দলকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই সংস্থাটির। কিন্তু গত মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফার কাউন্সিল সভায় এই নীতিমালায় সংশোধনী আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্যতিক্রমী পরিস্থিতিতে’ এবং ফুটবলারদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণ থাকলে ফিফা নিজেই কোনো জাতীয় বা প্রতিনিধিদলকে নিবন্ধনের অনুমতি দিতে পারবে। ফলে এখন থেকে আফগান নারী ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

বার্তা সংস্থা রয়টার্সকে খালিদা পোপাল বলেন, ‘আমাদের দল সব সময় অধিকার আদায়ের লড়াইয়ের জন্য পরিচিত ছিল। তবে ফিফার এই সমর্থনের ফলে এখন আমরা আমাদের দক্ষতা দেখানোর এবং প্রবাসে থাকা তরুণ প্রতিভাদের বিকশিত করার সুযোগ পাব।’

পোপাল আরও বলেন, ‘আমি জানি, কাজটা কঠিন হবে। কারণ, আফগানিস্তানের ভেতরে থাকা নারীদের জন্য এর অংশ হওয়া দুঃসাধ্য। কিন্তু আমরা যদি তাঁদের কণ্ঠস্বর হয়ে আশার বাণী পৌঁছে দিতে পারি এবং বোঝাতে পারি যে আমরা তাঁদের ভুলে যাইনি, তবে আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের সার্থকতা আসবে।’

বিদেশে আশ্রয় নেওয়া খেলোয়াড়দের দীর্ঘ প্রচেষ্টার পর ২০২৫ সালের মে মাসে ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল গঠন করে ফিফা। মূলত সেই উদ্যোগেরই সফল পরিণতি ফিফার এ সিদ্ধান্ত। ২০২৭ নারী বিশ্বকাপে অংশ নিতে না পারলেও ২০২৮ অলিম্পিক বাছাইপর্বে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। আগামী জুনেই তাদের মাঠে ফেরার কথা রয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, এএফপি
 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেডের এই সুন্দর পথচলায় আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে চাই।’

বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের প্রায় ৮০ জন নারী ফুটবলার রয়েছেন। আগামী জুনে নিউজিল্যান্ডে একটি অনুশীলন ক্যাম্পের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করবে ফিফা। ২০২৫ সালে ‘ফিফা ইউনাইটেড উইমেন সিরিজ’-এ তিনটি ম্যাচ খেলেন আফগান নারীরা, যার মধ্যে নভেম্বরে লিবিয়ার বিপক্ষে প্রথম জয়ও পান তাঁরা।

৯ গোলের রেকর্ডগড়া রোমাঞ্চকর এক থ্রিলারে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে ও কাভারাতসখেলিয়া।

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৫ দেখায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের দেখাই পায়নি পিএসজি। ঘরের মাঠে তাই এবার চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন। প্যারিসে সেই লড়াইয়ে রক্ষণভাগের দেয়াল চূর্ণ করে গোলবন্যায় ভেসেছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যা আগে কখনোই দেখা যায়নি।

ম্যাচের ১৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন। ৭ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে স্বাগতিকরা। দিজিরে দুয়ের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান কাভারাৎসখেলিয়া। ৩১ মিনিটে কর্নার কিক থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। অবশ্য প্রথমার্ধেই সেই গোল শোধ দেয় বায়ার্ন। ৪১ মিনিটে ওলিসের গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। তবে যোগকরা সময়ের ৫ মিনিটে আলফানসো ডেভিসের হ্যান্ড বলে পেনাল্টি পায় পিএসজি। ওসমান দেম্বেলের স্পট কিকে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা। 

রোমাঞ্চ ছড়ানো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরও দুবার বল জড়ায় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া। ৫৮ মিনিটে দুয়ের পাস থেকে জোড়া গোল পূর্ণ করেন দেম্বেলে। তাতে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। 

তবে ম্যাচে ফিরতে সময় লাগেনি বাভারিয়ানদের। ৬৫ মিনিটে জসুয়া কিমিখের ফ্রিকিকে দায়োত উপামেকানোর হেডে স্কোরলাইন হয় ৫-৩। তিন মিনিটের ব্যবধানে লুইস ডিয়াজের জোরালো শটে ব্যবধান আরও কমায় বায়ার্ন।

এরপর বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। তাতে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে প্যারিসে ৫-৪ গোলের জয়ে প্রথম লেগে বায়ার্নকে হারালো পিএসজি।

ফিরতি লেগে আগামী ৬ মে মিউনিখে ফরাসি জায়ান্টদের আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।

 

টি-টুয়েন্টিতে ছক্কা মারা কি স্রেফ ছেলেখেলা?

প্রশ্নটা বৈভব সূর্যবংশীকে করলে হয়তো সে বলবে, ‘তাই তো! দেখো না, আমি কত মারছি।’
ক্রিকেটের যে সংস্করণে সবচেয়ে বেশি পেশিশক্তির আস্ফালন চলে, সেখানেই ১৫ বছর বয়সী এই কিশোর একের পর এক সব হিসাবনিকাশ ওলটপালট করে দিচ্ছে। টি-টুয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ ‘টিনএজার’ হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এই বিহারি বিস্ময় বালক এখন সবার ওপরে।

[caption id="attachment_272664" align="alignnone" width="857"] সূর্যবংশী[/caption]

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে যখন আইপিএলে পা রাখে, অনেকে ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু এখন সেই কিশোরের ব্যাটের দাপটে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সূর্যবংশী। সেই শুরু। এরপর রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র ২২৭ বল খেলে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ‘ম্যাড ম্যাক্স’কেও (২৬০ বল) পেছনে ফেলে সে–ই এখন দ্রুততম।

সেঞ্চুরির পর সূর্যবংশী
সেঞ্চুরির পর সূর্যবংশী, এএফপি
 

গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে সূর্যবংশী গড়েছেন আরও এক বিশ্ব রেকর্ড। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে মাত্র ৪৭৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করার কীর্তি গড়েছে। আইপিএলে এটি তার দ্বিতীয় আর সব মিলিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি।

সেঞ্চুরির পর সূর্যবংশীর ‘স্যালুট’
সেঞ্চুরির পর সূর্যবংশীর ‘স্যালুট’, এএফপি
 

ভারতীয়দের মধ্যে এত দিন কিশোর বয়সে সবচেয়ে বেশি ছক্কা ছিল ঈশান কিষানের। ২০১৪ থেকে ২০১৮—এই সময়ে ৫২ ইনিংসে তিনি মেরেছিলেন ৫৩টি ছক্কা। তবে সূর্যবংশী শুধু ছক্কাতেই থেমে নেই। টি-টুয়েন্টিতে কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে—৪টি। আর ১০০০ রান করাদের মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যার ক্যারিয়ার স্ট্রাইক রেট ২০০-এর বেশি!

এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল বাংলাদেশ।

সোমবার (২৬ এপ্রিল) জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের নারী দলের জন্য। হংকং প্রথমে এগিয়ে গেলেও, লাল-সবুজের মেয়েরা দ্রুত খেলায় ফিরে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলশূন্য থেকে বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কনা আক্তার। পেনাল্টি কর্নার থেকে এমার বাড়ানো বল গোলরক্ষক আটকাতে চেষ্টা করলেও সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বলটি স্টিক দিয়ে অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে দেন কনা। এই গোলে লিড নেয় বাংলাদেশ।

একই কোয়ার্টারে আরও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের জন্য চেষ্টা চালায়, কিন্তু কেউই সফল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল আসরে (জাপানের আইচি-নাগোয়া, সেপ্টেম্বরে) খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

এর আগে, প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। এবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

 

সংবাদ সম্মেলনের ঢোকার সময় লিটন দাসের মুখে মুচকি হাসি, ফিরে যাওয়ার সময়ও তা–ই। মাঝে অনেক প্রশ্নের ফাঁকে এল অস্বস্তির সেই প্রসঙ্গটাও—বাংলাদেশ যে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেনি, আপনারা কি তা থেকে ‘মুভ অন’ করতে পেরেছেন?

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে লিটনের উত্তর, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’

নতুন করে তাঁরা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই বছরের জন্য অধিনায়ক ছিলেন লিটন। এবারও দুই বছরের জন্য দায়িত্বটা এসেছে তাঁর কাঁধেই।

সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাসশামসুল হক

সর্বশেষ বিশ্বকাপটা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কায়। সেটিকে কেন্দ্র করেই দল গড়েছিলেন লিটন। ২০২৮ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেটির জন্যই এখন থেকে থেকে দল গোছানোর লক্ষ্য তাঁর, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’

প্রথম সিরিজটা লিটন শুরু করছেন একটা চ্যালেঞ্জ দিয়েও। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই তাঁর দলে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল।
দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল
দুই নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল
 

লিটন জানালেন তাদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের ভাবনা থেকেই, ‘আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব