• Colors: Green Color

১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।

১১৮তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে স্লিপে দারুণ ডাইভে তাসকিনের ক্যাচ নেন সৌদ শাকিল। এই আউটের মধ্য দিয়ে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হলো বাংলাদেশ।

শেষ উইকেটে তাসকিন–নাহিদের ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর চার শ পার করতে পেরেছে বাংলাদেশ। এই জুটিতে তাসকিনের অবদান ১৬ বলে ২৪, নাহিদের ২৩ বলে ৪।

১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হলেন তাসকিন। আগের দিন একটি এবং আজ চারটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ন্যূনতম ৫ উইকেট পেলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। তাঁর বোলিং ফিগার ৩৪–৮–৯২–৫।

তাসকিন–নাহিদের জুটিতে চার শ পার হয় বাংলাদেশ
তাসকিন–নাহিদের জুটিতে চার শ পার হয় বাংলাদেশ
 

৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ ৩২.১ ওভার ব্যাট করে বাকি ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক আজ ৭১ রানে আউট হন। লিটন করেন ৩৩ রান। দলীয় ৩৭৮ রানে ২৪ বলের মধ্যে তাইজুল, মুশফিক ও ইবাদতকে হারায় বাংলাদেশ।

৫ উইকেট নেন আব্বাস। বাংলাদেশ অলআউট হওয়ার পর বলটি কি স্যূভনির হিসেবে রেখে দিলেন আব্বাস
৫ উইকেট নেন আব্বাস। বাংলাদেশ অলআউট হওয়ার পর বলটি কি স্যূভনির হিসেবে রেখে দিলেন আব্বাসশামসুল হক

নেইমারের সঙ্গে বন্ধুত্ব কতটা গাঢ়, তার প্রমাণ আরও একবার রাখলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা বলেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে নেইমারকে ব্রাজিল দলে দেখতে চান তিনি। এই চাওয়ার পেছনে একটা কারণ নেইমারের সামর্থ্য; তবে দুজনের বন্ধুত্বের প্রসঙ্গ টেনে মেসি অকপটেই বলেছেন, নেইমারের ক্ষেত্রে তিনি মোটেও ‘নিরপেক্ষ’ নন।

সম্প্রতি পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের আবেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন মেসি। চোট আর ফর্মহীনতায় দীর্ঘ সময় ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।’

বার্সেলোনা ও পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি–নেইমার। সেই সুবাদে খুব কাছ থেকে একে অপরকে চেনেন তাঁরা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা হবে কি না—নেইমার যখন এমন অনিশ্চয়তায়, তখন মেসি তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘নেইমার আমার খুব ভালো বন্ধু। আমি অবশ্যই তাকে বিশ্বকাপে দেখতে চাই। মানুষ হিসেবে সে যেমন চমৎকার, তাতে তার সঙ্গে সব সময় ভালো কিছু হওয়া উচিত। তবে নেইমারকে নিয়ে কথা বলার সময় আমি মোটেও নিরপেক্ষ হতে পারি না। কারণ, সে সেখানে (বিশ্বকাপে) থাকুক, এটা আমি মনেপ্রাণে চাই।’

ব্রাজিল ফুটবলে নেইমারের প্রভাব নিয়ে মেসি আরও যোগ করেন, ‘ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমার যে অর্থ বহন করে, তাতে তাকে বিশ্বকাপে দেখাটা হবে দারুণ ব্যাপার। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না।’

মেসি ও নেইমার যখন জাতীয় দলের জার্সিতে
মেসি ও নেইমার যখন জাতীয় দলের জার্সিতে, ছবি: এএফপি

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। বর্তমানে তিনি স্বদেশি ক্লাব সান্তোসে খেলছেন। আনচেলত্তি গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নেইমারকে ডাকেননি।

অবশ্য গত মাসে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারকে শতভাগ ফিট পাওয়া যাবে আশা প্রকাশ করেছিলেন। গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার।

বিপিএলের সর্বশেষ দ্বাদশ (২০২৫–২৬ মৌসুম) আসরে আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি মিলিয়ে ৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিবি। অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে বলে আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে, কথিত বেটিং-সংশ্লিষ্ট কার্যক্রম, দুর্নীতিমূলক যোগাযোগ, কোডের ৪.৩ ধারার অধীনে জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা এর তদন্তে অসহযোগিতা।

অভিযুক্তরা হলেন চিটাগং রয়্যালসের লজিস্টিক ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ–মালিক মো. তৌহিদুল হক, ক্রিকেটার অমিত মজুমদার ও সিলেট টাইটানসের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী।

এছাড়া বিসিবি তাদের ‘এক্সক্লুডেড পারসন পলিসি’র আওতায় সামিনুর রহমানকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সর্বশেষ বিপিএলে তিনি চট্টগ্রাম রয়্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরসহ একাধিক আসরের সঙ্গে সংশ্লিষ্ট কথিত দুর্নীতিমূলক কার্যক্রমের তদন্তের পর তাঁর ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছেন, দ্বাদশ বিপিএলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তাঁদের বিরুদ্ধে তদন্তটি করেছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান পরামর্শক অ্যালেক্স মার্শাল। তবে এর আগে একাদশ বিপিএলে ওঠা ফিক্সিংয়ের বিভিন্ন অভিযোগ তদন্ত করে গত বছরের অক্টোবরে বিসিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছিল একটি স্বাধীন তদন্ত কমিটি।

ফারুক আহমেদ সভাপতি থাকার সময় গত বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠিত সেই তদন্ত কমিটিতে আরও ছিলেন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেসব অভিযোগ নিয়েও অধিকতর তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল। তবে সেই তদন্ত এখনও পুরোপুরি শেষ হয়নি। আজ বিপিএল নিয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবির অন্তবর্তী সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে, তবে পরবর্তি নোটিস না দেওয়া পর্যন্ত তাঁরা ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান প্রধান ফাহিম সিনহাকে সঙ্গে নিয়ে করা আজকের সংবাদ সম্মেলেনে দ্বাদশ আসরের আরও কিছু অনিয়ম তুলে ধরেন তামিম। এসব অনিয়মের কথা এর আগেও বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে, তবে বিসিবি থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিপিএলের দ্বাদশ আসরে বিসিবি সভাপতি ছিলেন আমিনুল ইসলাম, বিপিএল গভর্নিং কাউন্সিলেরও প্রধান ছিলেন তিনি। সদস্য সচিব ছিলেন ইফতেখার রহমান।

দ্বাদশ আসরের অনিয়ম সম্পর্কে তামিম বলেছেন, ‘অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ইওআইর আগে দুজন ব্যক্তির ব্যাপারে ইনটিগ্রিটি ইস্যু বলে বলা হয়েছিল তাদেরকে যেন ফ্র্যাঞ্চাইজি না দেওয়া হয়। কিন্তু তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব জোর করে একজনকে বাধ্য করেছে তাদেরকে টিম দিতে এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে। ওই ব্যক্তি নিজে সামনে না থেকে পেছনে থেকে আরেকজনকে সামনে দিয়ে দিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘সবচাইতে বিস্ময়কর জিনিস যেটা দেখলাম, দুইটা দলের সঙ্গে এখন পর্যন্ত চুক্তিই হয়নি, অথচ একটা সংস্করণ খেলে ফেলেছে!’ ফ্র্যাঞ্চাইজি দুটির নামও বলেছেন তামিম—সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
বিপিএল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
 

বিপিএলের সর্বশেষ আসরে বিসিবির ১৪ থেকে ১৬ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তামিম। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি বাছাই, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি প্রদান, খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম আর সমস্যার কথাও তুলে ধরেন তামিম। তাঁর মতে এসব সমস্যা দূর না হলে এবং ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল না হওয়াই ভালো, তাতে অন্তত দেশের ক্রিকেটের দুর্নাম হবে না। এসব সমস্যার পেছনে ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায় দেখেন তিনি।

তামিমের প্রশ্ন, ‘কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পেছনে কি কারণ, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলো তুলে ধরার এটাই সময়। যদি (বিপিএল) পরিচ্ছন্ন করতে হয়, উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ধরতে হবে। কারণ বিসিবি সব দিক থেকে এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এসবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা বা সব ঠিক না হলে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত অন্তবর্তী বোর্ড নেবে কিনা, এমন এক প্রশ্নে তামিম বলেছেন, ‘একদমই না। আমি এই সিদ্ধান্ত নিব না। যেটা করার সময় আমার হাতে নেই ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। তবে এই জিনিসগুলো প্রকাশ করাটাও সমান গুরুত্বপূর্ণ। কেন বিপিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা জানার অধিকার সবাই রাখে।’

তামিমের আশা ভবিষ্যতে যারাই বোর্ডে আসবেন, এ বিষয়টা মাথায় রাখবেন।

বাংলাদেশ ও পাকিস্তান চলতি বছরে এখনো টেস্ট খেলেনি। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছে পাকিস্তান, সেই সিরিজে তারা জিতেছিল ২–১ ব্যবধানে। বাংলাদেশও গত বছর নভেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

মাঝের এ সময়ে টি–টুয়েন্টি ক্রিকেটে ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। বাংলাদেশের খেলোয়াড়েরা বিপিএল আর পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএলে খেলেছেন, অংশ নিতে হয়েছে টি–টুয়েন্টি বিশ্বকাপেও। গত মার্চে ওয়ানডে সিরিজও খেলেছে দুই দল।

পাকিস্তান এখন টেস্ট খেলতে তৈরি বলে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে জানালেন দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ‘আমরা পাকিস্তানেও প্রস্তুতি নিয়েছি, এখানে দুই–তিন দিন ধরে অনুশীলন করছি। দল হিসেবে আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। এখানে দুই ম্যাচ খেলার পর ইংল্যান্ডে তিন ম্যাচ, টেস্টে লম্বা মৌসুমের অপেক্ষায়।’

বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাকিস্তানের সর্বশেষ স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকেরা হেরেছিল ২–০ ব্যবধানে। ঘরের মাঠে ওই হার পাকিস্তানকে ধাক্কাও দিয়েছিল বেশ। তবে ওসব ঘটনা এখন পাকিস্তানের কাছে অতীত।

মিরপুরের স্পোর্টিং উইকেটে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন শাহিন আফ্রিদি
মিরপুরের স্পোর্টিং উইকেটে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারেন শাহিন আফ্রিদিশামসুল হক

এ নিয়ে প্রশ্নের উত্তরে শাহিন শাহ বলেন, ‘দেখুন, অতীত তো অতীতই। অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে বর্তমান ও ভবিষ্যতে তাকানো। কীভাবে আমরা নিজেদের তৈরি করছি, আমাদের লক্ষ্য হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ নয়। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি।’

পাকিস্তানের বিপক্ষে ১৫ টেস্টে বাংলাদেশের জয় ওই দুটিই। তবে সাদা বলের ক্রিকেটেও তাদের বিপক্ষে বাংলাদেশের স্মৃতিটা বেশ ভালো। গত মার্চে ওয়ানডে সিরিজ জেতার আগে গত বছর জুলাইয়ে সর্বশেষ টি–টুয়েন্টি সিরিজেও তাদের হারিয়েছে বাংলাদেশ। এই দুটি সিরিজ হয়েছে বাংলাদেশেই।

এ নিয়ে শাহিন শাহ বলেন, ‘যেকোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কীভাবে প্রস্তুত হচ্ছি। আমরা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই তাকাচ্ছি, শুধু এই সিরিজ নয়। আমাদের লক্ষ্য, কীভাবে ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পারছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরুর দুই দিন আগেও উইকেটে ঘাস দেখা যাচ্ছে বেশ। মিরপুর টেস্টে তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন পেসাররা। সে ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ফাস্ট বোলার।

পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা
পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা, পিএসএল
 

নাহিদকে নিয়ে শাহিন বলেন, ‘আমার মনে হয়, সে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একজন। আশা করি, তাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। সাম্প্রতিক সময়ে সে খুব ভালো ফর্মে আছে। আশা করি, আমাদের বিপক্ষে তা থাকবে না।’

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আগামী শুক্রবার প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে।

রিয়াল মাদ্রিদের আকাশে কি তবে অশান্তির কালো মেঘ জমেছে? আর সেই অশান্তির কেন্দ্রে যার নাম, তিনি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকাকে ঘিরে সান্তিয়াগো বার্নাব্যুর অন্দরমহলে এখন রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে।  

ঘটনা রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগের এক অনুশীলনে। দ্য অ্যাথলেটিক-এর খবর অনুযায়ী, অনুশীলনের এক পর্যায়ে অফসাইড ধরায় কোচিং স্টাফের এক সদস্যের ওপর মেজাজ হারান এমবাপ্পে। শুধু তর্কাতর্কিই নয়, তিনি বেশ অপমানজনক শব্দও ব্যবহার করেছেন বলে জানা গেছে। অবাক করার বিষয় হলো, এমন আচরণের পরও ক্লাব থেকে তাঁকে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি।

এমবাপ্পের এই মেজাজি আচরণ রিয়ালের ড্রেসিংরুমে তপ্ত হাওয়া বইয়ে দিয়েছে। এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে তার ইতালি সফর। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার জন্য মাদ্রিদে থাকার কথা ছিল তাঁর। কিন্তু সামনেই যখন ‘এল ক্লাসিকো’র মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, তখন এমবাপ্পে বেছে নিলেন ইতালিতে ছুটি কাটানোকে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর দাবি, এমবাপ্পের এমন ‘উদাসীনতা’ আর ‘আত্মকেন্দ্রিক’ স্বভাবে ক্লাবের বাকি ফুটবলাররা যারপরনাই বিরক্ত। ড্রেসিংরুমে তিনি এখন অনেকটাই কোণঠাসা।    

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পে
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পেএএফপি

পরিসংখ্যানও কিন্তু এমবাপ্পের হয়ে কথা বলছে না। গত মার্চে তিনি যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, রিয়াল মাদ্রিদ তখন উড়ছিল। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল তারা, যার মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দুটি জয়ও ছিল। অথচ তিনি ফিরতেই চিত্রটা বদলে গেল। পরের ছয় ম্যাচের পাঁচটিতেই জয়ের দেখা পায়নি আলভারো আরবেলোয়ার দল। ২০২৪-২৫ মৌসুমে তিনি আসার পর থেকে এখন পর্যন্ত বড় কোনো ট্রফি জেতেনি ‘লস ব্লাঙ্কো’রা।

আরও পড়ুন

এদিকে ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। মাঠের রসায়ন তো আগে থেকেই জমছিল না, এবার ফাটল ধরেছে ব্যক্তিগত সম্পর্কেও। স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদন বলছে, পুরো ড্রেসিংরুম এখন ভিনিসিয়ুস জুনিয়রের পক্ষে। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এরই মধ্যে রিয়ালকে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। গত সপ্তাহে যখন এমবাপ্পে ইতালিতে ফুরফুরে মেজাজে, ভিনিসিয়ুস তখন এসপানিওলের বিপক্ষে জয় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, ‘এই ক্লাবের জন্য আমি মৃত্যুপণ লড়তে রাজি।’

রিয়ালের জার্সিতে এমবাপ্পে
রিয়ালের জার্সিতে এমবাপ্পেএএফপি

কোচ আরবেলোয়ার সুরও অনেকটা একই। তিনি আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এমবাপ্পের বর্তমান আচরণ রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।

আরও পড়ুন

এত সব সমালোচনার মধ্যে মুখ খুলেছেন এমবাপ্পের প্রতিনিধিরা। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘এমবাপ্পের প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। ক্লাবের নিয়ম মেনেই সে তার চোট কাটিয়ে ওঠার কাজ করছে। যা বলা হচ্ছে, তার অনেকটাই অতিরঞ্জিত।’

তবে সাফাই যাই হোক, সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি থেকে ড্রেসিংরুম—সবখানেই এখন প্রশ্ন একটাই। এমবাপ্পে কি পারবেন নিজেকে বদলে দলের অংশ হতে?

একটা নয়, দুটো নয়, প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে হার। এ কোন চেলসি! ব্লুদের সর্বশেষ হারটা আজ  নটিংহাম ফরেস্টের মাঠে। ৩-১ গোলের যে হারে চেলসির আগামী মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।

৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট চেলসির, দলটি নেমে গেছে নয় নম্বরে। চ্যাম্পিয়নস লিগে যাবে শীর্ষ পাঁচ দল। পাঁচে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮। শেষ তিন ম্যাচ জিতলেও চেলসির পয়েন্ট সর্বোচ্চ ৫৭ হবে।

আজ ম্যাচের শুরুটা ছিল চেলসির জন্য এক বিভীষিকার মতো। মাত্র ৯৮ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসে তারা। দিলান বাকওয়ার ক্রস থেকে হেডে বল জালে জড়ান তাইওয়ো আয়োনিয়ি। ইউরোপা লিগের সেমিফাইনাল সামনে রেখে ফরেস্ট তাদের মূল একাদশে আটটি পরিবর্তন এনেছিল। দ্বিতীয় সারির সেই দলের বিপক্ষেও চেলসির রক্ষণভাগকে মনে হচ্ছিল তাসের ঘর।

ফরেস্টের গোল উদযাপন, চেলসির হতাশা।
ফরেস্টের গোল উদযাপন, চেলসির হতাশা। প্রিমিয়ার লিগ
 

১০ মিনিটের মাথায় সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু কপাল মন্দ, তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে। ভাগ্যের এই পরিহাস কাটতে না কাটতেই চেলসির বিপদ দ্বিগুণ হয়। বক্সে আয়োনিয়িকে ফাউল করে বসেন মালো গুস্তো। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি ইগর জেসুস। ১৫ মিনিট পার হওয়ার আগেই স্কোরলাইন ২-০!

বিরতির ঠিক আগে জেসি ডেরি ও জ্যাচ অ্যাবটের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষে খেলা বন্ধ থাকে প্রায় ১২ মিনিট। অভিষেক ম্যাচেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ডেরিকে। চেলসি পায় পেনাল্টি। কিন্তু কোল পালমার যেন এদিন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ম্যাট সেলস তাঁর শট আটকে দিলে হতাশা নিয়ে বিরতিতে যায় ব্লুরা।

দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। মরগান গিবস-হোয়াইটের রক্ষণ চেরা পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আয়োনিয়ি। ৩-০ গোলে পিছিয়ে পড়া চেলসি এরপর  একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। জোয়াও পেদ্রোর একটি গোল ভিএআরে বাতিল হওয়ার পর যোগ করা সময়ে চমৎকার এক ‘ওভারহেড’ কিকে তিনি একটি গোল শোধ করেন ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ।

টানা ৯ ঘণ্টার গোল খরা ভাঙলেও পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থাকা চেলসির জন্য ইউরোপীয় প্রতিযোগিতার পথ এখন ঘোর অমানিশায় ঢাকা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব