• Colors: Green Color

৫ গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে নটিংহাম ফরেস্টকে ৩–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে আজ রাতে ইউনাইটেডের জয়ের পথে নতুন রেকর্ড গড়েছেন ব্রুনো ফার্নান্দেজ। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে সহায়তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৫ মিনিটে ফার্নান্দেজের ডান দিক থেকে দেওয়া ক্রস থেকে ‘রেড ডেভিল’দের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রায়ান এমবেউমো। এর মধ্য দিয়ে এক মৌসুমে ২০ অ্যাসিস্টে পৌঁছে যান ফার্নান্দেজ। যার ফলে তিনি ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি (২০০২–০৩ মৌসুম) ও ম্যানচেস্টার সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনাকে (২০১৯–২০)।

লিগে এখনো ইউনাইটেডের এক ম্যাচ বাকি আছে। অর্থাৎ বাকি দুজনকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ আছে ফার্নান্দেজের। পর্তুগিজ মিডফিল্ডারের রেকর্ডছোঁয়া রাতে এমবেউমো ছাড়া ইউনাটেডের অন্য গোল দুটি আসে লুক শ ও মাতেউস কুনহার কাছ থেকে। আর নটিংহাম ফরেস্টের হয়ে গোল করেন মোরাতো ও মরগান গিভস–হোয়াইট।

এই ম্যাচটা বিশেষ হয়ে থাকবে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর জন্যও। ম্যাচে ৭৯ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় পুরো ওল্ড ট্রাফোর্ড দাঁড়িয়ে সম্মান জানায় এই মিডফিল্ডারকে। মৌসুম শেষেই ইউনাইটেডকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই ফুটবল তারকা।

কাসেমিরো ও ফার্নান্দেজের উদ্‌যাপন
কাসেমিরো ও ফার্নান্দেজের উদ্‌যাপনরয়টার্স

এই জয়ের মধ্য দিয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে মাইকেল ক্যারিকের ইউনাইটেড। তবে ধ্বংসস্তূপ থেকে দলটিকে টেনে তোলা ক্যারিককে এখনো স্থায়ী কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ম্যাচটি জিতে দলীয়ভাবেও অসাধারণ একটি মাইলফলক স্পর্শ করেছে ইউনাইটেড। ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত টানা ৪০০ ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থাকার পর কখনো হারেনি ইউনাইটেড। ৩৬৫ ম্যাচ জিতেছে ও বাকি ৩৫ ম্যাচে ড্র করেছে।

দেশের দ্রুততম মানবের খেতাব নিজের দখলেই রাখলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা ইমরানুর রহমান। অন্যদিকে, গত সামার প্রতিযোগিতার ধাক্কা সামলে মেয়েদের ট্র্যাকে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এই দুই তারকা।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম।

ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি।
ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি।অ্যাথলেটিকস ফেডারেশন

সর্বশেষ গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন ইমরানুর। সেই তুলনায় এবার তাঁর টাইমিংয়ে কিছুটা উন্নতি হয়েছে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সবগুলোই জিতেছেন ইমরানুর।

বাংলাদেশের কারও কাছে হেরে যাওয়ার কোনো শঙ্কা কাজ করছিল কি না—এমন প্রশ্নে আত্মবিশ্বাসী ইমরানুর বলেন, তিনি তাঁর সতীর্থদের সম্মান করেন, তবে নিজের ওপর বিশ্বাস ছিল যে ভালো করবেন এবং প্রথম হবেন। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরেই এই সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দেখায় দেশের এই দ্রুততম মানবকে। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ দ্রুততম মানবের খেতাব। এক প্রশ্নে তিনি বলেন, ‘সামনে এশিয়ান ও কমনওয়েলথ এবং আগামী বছর এসএ গেমস আছে। ধাপে ধাপে আমি এগোতে চাই। আশা করি এই গেমসগুলোয় ভালো করতে পারব।’

১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন শিরিন।
১২.১০ সেকেন্ড সময় নিয়ে তিনি আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন শিরিন।অ্যাথলেটিকস ফেডারেশন

এদিকে গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে হেরে মুকুট হারিয়েছিলেন শিরিন আক্তার। সেবার সুমাইয়ার ১২.১৯ সেকেন্ডের বিপরীতে শিরিনের টাইমিং ছিল ১২.২১ সেকেন্ড। এবার জাতীয় অ্যাথলেটিকসে ১২.১০ সেকেন্ড সময় নিয়ে আবারও দেশের দ্রুততম মানবী হয়েছেন শিরিন। অন্যদিকে সামার অ্যাথলেটিকসের চ্যাম্পিয়ন সুমাইয়া এবার সেরা তিনেই থাকতে পারেননি, হয়েছেন চতুর্থ।

এটি শিরিন আক্তারের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব। আর এই জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতী স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আজ স্টেডিয়ামে উপস্থিত থেকে শিরিনের এই রেকর্ড ছোঁয়া নিজের চোখে দেখেন বিউটি। শিরিনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শিরিন আমার ১৭ বারের রেকর্ড ছুঁয়েছে, তাই ওকে অভিনন্দন জানাই এবং আশা করি সে সামনে আরও ভালো করবে।’

সেরা হয়ে শিরিনের উদযাপন।
সেরা হয়ে শিরিনের উদযাপন।অ্যাথলেটিকস ফেডারেশন

মুকুট ফিরে পাওয়ার পর মিশ্র এক অনুভূতি প্রকাশ করেন শিরিন আক্তার। গত বছর বিয়ের পিঁড়িতে বসা শিরিনের জন্য এটিই বিয়ের পর প্রথম সাফল্য। ট্র্যাকে এতই মগ্ন ছিলেন যে বিয়ের কথা মনে করিয়ে দিতেই হেসে বলেন, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বিয়ে করেছি!’
খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনা নিয়েও বড় পরিকল্পনা রয়েছে শিরিনের। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পিএইচডি করার ইচ্ছা আছে তাঁর। ১৭তম বার চ্যাম্পিয়ন হয়ে বিউটির রেকর্ড ছোঁয়া প্রসঙ্গে বলেন, ‘আমি বিউটি আপারটা জানি না। তবে এটা আমি ১৭ বার দ্রুততম মানবী হয়েছি।’ এমন সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘১০০ মিটারে প্রথম হওয়াটা দারুণ ভালো লাগার।’

গতবার ১০০ মিটারে হেরে কিছু কথা বলে ফেলেছিলেন ট্র্যাকে, তার জন্য সবার কাছে ক্ষমা চান তিনি। আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই তাঁর প্রতি বিশ্বাস রেখেছেন এবং সমর্থন দিয়েছেন। এই সাফল্যের পেছনে কোচ আবদুল্লাহেল কাফি, বাংলাদেশ নৌবাহিনী, বিকেএসপি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন তিনি।

আঁতোয়ান সেমেনিয়োর জাদুকরী এক গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। শনিবার (১৬ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ব্লুজদের ১-০ ব্যবধানে হারিয়ে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করল পেপ গার্দিওলার শিষ্যরা। গত মার্চে লিগ কাপ জয়ের পর এটি সিটির চলতি মৌসুমের দ্বিতীয় ট্রফি।

টানটান উত্তেজনার এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ডেডলক ভাঙেন ঘানার ফরোয়ার্ড সেমেনিয়ো। গত জানুয়ারিতে ম্যান সিটিতে যোগ দেওয়া এই তারকা ম্যাচের ৭২তম মিনিটে আর্লিং হালান্ডের ক্রস থেকে নিখুঁত ব্যাক-হিলে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করেন। গোলটি উদযাপনে ফেটে পড়ে পুরো ওয়েম্বলি। চেলসির হয়ে এনজো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো এবং লিয়াম ডেলাপ বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। 

ম্যানসিটিতে এটিই শেষ মৌসুম হতে যাচ্ছে অধিনায়ক বার্নার্ডো সিলভা ও ডিফেন্ডার জন স্টোনসের। প্রিন্স উইলিয়ামের হাত থেকে ট্রফি নেওয়ার পর এই দুই তারকা একসঙ্গেই তা উঁচিয়ে ধরেন। এই জয়কে অত্যন্ত স্পেশাল বলে উল্লেখ করেন এবং প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে বলে জানান বিদায়ী অধিনায়ক সিলভা। লিগ টেবিলে আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকা সিটি আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বোর্নমাউথের। 

এদিকে, চেলসির জন্য এটি ছিল টানা সপ্তম ঘরোয়া কাপ ফাইনালের পরাজয়। ব্লুজদের আমেরিকান মালিকপক্ষ ‘ব্লুকো’ যখন অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফার্লেনের জায়গায় নতুন ফুল-টাইম ম্যানেজার খুঁজছে, ঠিক তখন এই হার তাদের আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার আশাকে আরও ক্ষীণ করে দিল।

অন্যদিকে, ১০ বছরে সিটিকে অষ্টম এফএ কাপ এনে দিয়ে পেপ গার্দিওলা হয়তো ক্লাব ছাড়ার সেরা মঞ্চটি তৈরি করে নিলেন, আর চেলসিকে ডুবালেন আরেক মৌসুমের হতাশায়।

 

বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেল প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ গানটি। সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখান কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

গানটি মুক্তির ঘোষণা দিয়ে শুক্রবার (১৫ মে) ফিফা জানিয়েছে, এর থেকে প্রাপ্ত রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ তৈরির লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে, আর টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে সংস্থাটির।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন। তার আগ পর্যন্ত তাদের হৃদয়ে ঢেউ তুলবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।

বিশ্বকাপের মঞ্চে শাকিরা অবশ্য নতুন মুখ নন। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ থিম সং দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তার পারফরম্যান্স মাতিয়েছিল দর্শকদের।

 

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জাপান। চোটের কারণে কাওরু মিতোমাকে ছাড়াই আজ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন ‘ব্লু সামুরাই’দের কোচ হাজিমে মোরিয়াসু। ২৬ জনের স্কোয়াড ঘোষণার পর উইঙ্গার মিতোমাকে দলে না পাওয়ার হতাশায় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই জাপানি কোচ। মোরিয়াসুর ভাষায়, মিতোমার অনুপস্থিতিতে জাপান এক ‘বড় ভরসা’কে হারাল।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ব্রাইটনের ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিতোমা। জাপানের মেডিক্যাল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, বিশ্বকাপের আগে ব্রাইটন উইঙ্গারের সেরে ওঠার মতো পর্যাপ্ত সময় নেই।

ফলে ২৮ বছর বয়সী এই তারকাকে স্কোয়াডের বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হয় কোচকে। অথচ গত মার্চেই ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাপানের ১-০ গোলের জয়ের নায়ক ছিলেন মিতোমা।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। ১৪ জুন টেক্সাসের আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান।

টোকিওতে প্রায় ৩০০ সংবাদকর্মীর সামনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়া খেলোয়াড়দের কথা বলতে গিয়ে মোরিয়াসুর চোখ ছলছল করে ওঠে। তবে দলে ব্যাকআপ খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। মোরিয়াসু বলেন, ‘যাঁরা জাপানের খেলা দেখেছেন, তাঁরা সবাই জানেন, দলে মিতোমা কত বড় এক ভরসা।

তবে গত বছর আমরা যখন প্রীতি ম্যাচে ব্রাজিলকে প্রথমবারের মতো হারালাম, তখনো কিন্তু মিতোমা দলে ছিলেন না। এটাই আমাদের দলের মূল মন্ত্র—যে–ই একাদশে আসুক না কেন, দল যেন তার সেরা পারফরম্যান্সটাই ধরে রাখতে পারে।’

‘ব্লু সামুরাই’দের কোচ হাজিমে মোরিয়াসু
‘ব্লু সামুরাই’দের কোচ হাজিমে মোরিয়াসুরয়টার্স

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপানের রূপকথা লেখার পেছনে বড় ভূমিকা ছিল মিতোমার। সেবার শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল তারা। মিতোমার ছিটকে যাওয়া নিয়ে মোরিয়াসু বলেন, ‘অন্য যেকোনো মানুষের চেয়ে এই ধাক্কা তাকে বেশি পোড়াবে। আমি আশা করি, এই মানসিক কষ্ট কাটিয়ে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং চেনা ছন্দে মাঠে ফিরবে।’

মিতোমা ছাড়াও চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মোনাকো ফরোয়ার্ড তাকুমি নামামিনো। গত ডিসেম্বরের শেষের দিকে বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়েন।

চোটে ২০২৪ সালের জুনের পর জাপানের হয়ে কোনো ম্যাচ না খেললেও আয়াক্স ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে দলে রাখা হয়েছে। এ ছাড়া দলে আছেন ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা, লিভারপুলের ওয়াতারু এনদো এবং রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো।

গত মার্চে গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত ভলফসবুর্গের কেন্টো শিওগাই ডাক পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। এ ছাড়া ৩৯ বছর বয়সে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো।

মিতোমার অনুপস্থিতি সত্ত্বেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য থেকে সরছেন না মোরিয়াসু, ‘বিশ্বকাপ অবশ্যই এক বিশেষ মঞ্চ, তবে সে জন্য আমরা আমাদের কাজের ধরন বদলে ফেলব না। আমি বিশ্বাস করি, বিশ্বকাপ আমাদের দীর্ঘ প্রক্রিয়ারই একটি অংশ এবং আমি খেলোয়াড়দের সব সময় বলি যে প্রক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জাপানের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া। ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি। মিডফিল্ডার/ফরোয়ার্ড: ওয়াতারু এনদো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিওগাই, কেইসুকে গোতো।

গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিয়েছিলেন ওয়ানডেকে, তারও তিন বছর আগে টি–টুয়েন্টি সংস্করণ থেকেও সরে দাঁড়ান। ৩৯ বছর বয়সী মুশফিকুর রহিম এখন খেলেন শুধু টেস্টে। এ সংস্করণে পারফর্ম করছেন নিয়মিত, তাঁর ফিটনেস নিয়ে তো প্রশ্ন ছিল না কখনোই।

এর মধ্যে গত বছর ওয়ানডে দলও পরপর চারটা সিরিজ হেরেছিল। ভালো করতে পারছিল না মিডল অর্ডার। মুশফিকুর রহিমকে তাই ওয়ানডেতে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে অবশ্য সাড়া দেননি।

কেন? সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে উত্তর দিলেন মুশফিক, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশা আল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি যে আমার ও রকম সার্ভিস দরকার হবে না।’

বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক ছিলেন মুশফিক। দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে তাঁর সেঞ্চুরি ৯টি, ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। তবে এখন আর রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার পরিকল্পনা নেই তাঁর। গত দেড় দশক আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় পরিবারকে সময় দিতে পারেননি, সেটি করতে পেরেই খুশি মুশফিক।

সিলেটে অনুশীলনের ফাঁকে মুশফিক
সিলেটে অনুশীলনের ফাঁকে মুশফিক
 

টেস্ট ক্রিকেটেও এখন বেশ ভালো করছে বাংলাদেশ, মুশফিক সেটা উপভোগও করছেন। সর্বশেষ মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারানোর পথে দুই ইনিংসে ৭১ ও ২২ রানের ইনিংসে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লম্বা ক্যারিয়ারে ৬ বছরে ৩৪ টেস্টে অধিনায়কও ছিলেন মুশফিক। দুই দশক আর ১০২ ম্যাচের ক্যারিয়ারে এই সংস্করণে তিনি সাক্ষী হয়েছেন অনেক উত্থান–পতনেরও।

মুশফিক মনে করেন, ধারাবাহিকতা বিবেচনায় টেস্টে এখনই সেরা দল বাংলাদেশের।
মুশফিক বলেন, ‘আগেও অনেক দারুণ ব্যক্তিগত পারফরমার ছিল। কিন্তু সব মিলিয়ে আপনি যদি বলেন ধারাবাহিকতার দিক থেকে, যদি আপনি খেয়াল করে দেখেন, অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সব সময়ের চেয়ে বেশি ধারাবাহিক। আগে আমরা এক বছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এ রকম হলে ফল পাওয়া খুব কঠিন। এখন ৮–১০টা খেলি, আগের থেকে এটা ভালো।’

এখন পারফরমারের সংখ্যাও বেশি বলে মনে করেন মুশফিক, ‘এখন যারা আছে, তারা অভিজ্ঞ। সেদিক থেকে বলব, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, তারা পারফর্ম করছে, যেটা আমি বললাম একটু আগে যে পারফরমারের সংখ্যাটা অনেক বেশি। পারফরমারের সংখ্যা যখন একটা দলে ৫ থেকে ৭–৮ জন হবে, সেই দলটা যেকোনো সংস্করণেই হোক তারা ভালো করবে।’

কতদিন খেলবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মুশফিক
কতদিন খেলবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মুশফিক
 

বয়স এখন চল্লিশ চলছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টও খেলেছেন। আর কত দিন ক্রিকেট খেলতে চান? এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেছেন, ‘আপাতত কোনো লক্ষ্য নেই। কালকের ম্যাচটাই শেষ হয়ে যেতে পারে আবার...বাকিটা উপরওয়ালা জানে। মৃত্যুর আগে শেষ কয়টা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা (হাসি)। বেঁচে থেকে যে কয়টা দিন মাঠে কাটাতে পারি, এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়ব বা কবে ছাড়ব, এটা আসলে এখনো সিদ্ধান্ত নিইনি। ভালো সময় থাকতেই ছাড়ব ইনশা আল্লাহ।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব