• Colors: Green Color

সেঞ্চুরি বাবর আজম আগেও করেছেন। টি-টুয়েন্টিতে ক্রিস গেইলের পর সবচেয়ে বেশি সেঞ্চুরিই তাঁর। তবে ধীর ব্যাটিংয়ের জন্য সমালোচিত আর অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া বাবর এবার টি-টুয়েন্টি সেঞ্চুরির নতুন এক কীর্তি গড়েছেন।

রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাবর। ১৯২ স্ট্রাইক রেটের ইনিংসটিতে মাত্র একটি বল ডট দিয়েছেন তিনি, যা ৫০ বা এর চেয়ে বেশি বলের ইনিংসে সবচেয়ে কম।

প্রথমে ব্যাট করতে নামা পেশোয়ারের হয়ে ওপেনিং করেন বাবর। প্রথম ওভারে নেন ১ বলে ১ রান। এরপর দ্বিতীয় ওভারে তিন বল খেলার সুযোগ পেয়ে নেন ৭ রান। এভাবে ধীরে ধীরে খোলস ছেড়ে ৩১ বলে ফিফটিতে পৌঁছান বাবর। এবারের আসরে একবার ৮৭, আরেকবার ৭১ রানে অপরাজিত থাকা বাবর এবার দ্রুতলয়ে ঢুকে যান নব্বইয়ের ঘরে।

তবে সেঞ্চুরিটা এসেছে একেবারে শেষ মুহূর্তে। ইনিংসের শেষ বলে তিনি দাঁড়িয়েছিলেন ৯৮ রানে। আলজারি জোসেফের বল লং অনে পাঠিয়ে ডাইভে দ্বিতীয় রান পূর্ণ করে তিন অঙ্ক স্পর্শ করেন। পিএসএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি, টি-টুয়েন্টিতে ১২তম।

সেঞ্চুরির উচ্ছ্বাস বাবরের
সেঞ্চুরির উচ্ছ্বাস বাবরেরএক্স/পেশোয়ার জালমি

বাবরের ইনিংসটিতে ছিল ৪টি ছক্কা, ৬টি চার। পাশাপাশি তিন রান নেন একবার, দু রান করে ৯ বার। সিঙ্গেল থেকে আসে বাকি ৩১ রান। সব মিলিয়ে ৫২ বলের ৫১টিতেই তিনি রান নিয়েছেন। যে বলটি ডট দিয়েছেন, সেটি ১৪তম ওভারের শেষ বলে। আলজারি জোসেফের ঘণ্টায় ১৪৬.৭ কিলোমিটার গতির বলটি ছিল বাউন্সার, বাবর ছেড়ে দিয়েছিলেন।

বাবরের রেকর্ডগড়া সেঞ্চুরির ম্যাচটিতে পেশোয়ার ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান তোলে। এরপর কোয়েটাকে ১৩৭ রানে গুটিয়ে দিয়ে ১১৮ রানের বড় জয় তুলে বাবরের দল।

ম্যানচেস্টার সিটি ২ : ১ আর্সেনাল

দৃশ্যটা চোখে লেগে থাকার মতো।

গ্যাব্রিয়েলের মুঠো থেকে আর্লিং হলান্ডের ছিঁড়ে যাওয়া জার্সির টুকরোটা খসে পড়ল। প্রিমিয়ার লিগের ট্রফিটাও কি ঠিক এভাবেই আর্সেনালের হাত থেকে ফসকে গেল?

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়তে গিয়েছিল আর্সেনাল। যেটাকে বলা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের অলিখিত ফাইনাল। আর সেই ফাইনালে সিটি ২-১ গোলে হারিয়ে ভীষণ জমিয়ে দিল শিরোপা লড়াই। আপাতত ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। অন্যদিকে ৩২ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৬৭। কিন্তু সিটির হাতে একটা বাড়তি ম্যাচ মানে কার্যত দুই দল এখন সমান অবস্থানে। এই জয়ের পর মানসিকভাবে হয়তো সিটিই অনেকটা এগিয়ে।

ম্যাচশেষে যে ছবিটা ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকবে, তা হয়তো ওই এক টুকরো ছিঁড়ে যাওয়া কাপড়ের। মরিয়া হয়ে হলান্ডকে আটকাতে চেয়েছিলেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল। টানাটানিতে সিটির গোলমেশিনের গায়ের জার্সি ছিড়ে ওই কাপড়ের টুকরোটা চলে যায় তাঁর হাতে। হলান্ড অবশ্য কাজের কাজটা এর কয়েক মিনিট আগেই করে ফেলেছেন। ১-১ সমতায় থাকা ম্যাচে ৬৫ মিনিটে গোল করে সেই যে এগিয়ে দিয়েছেন সিটিকে, সেই ব্যবধান আর ঘুচাতে পারেনি আর্সেনাল।

আর্লিং হলান্ডের গোল উদযাপন।
আর্লিং হলান্ডের গোল উদযাপন।প্রিমিয়ার লিগ

তবে ম্যাচের হাইলাইট হতে পারত রায়ান শেরকির সেই অবিশ্বাস্য গোল। বাঁ পায়ে অসাধারণ ড্রিবলিং করে গ্যাব্রিয়েল ও ডেকলান রাইসকে কাটিয়ে উইলিয়াম সালিবার দুই পায়ের ফাঁক দিয়ে ডান পায়ে নিচু শট। যা দেখে মনে পড়ে যাচ্ছিল লিওনেল মেসির কথা।

হাস্যকর ভুলে গোল খেয়ে হতাশ সিটির গোলরক্ষক দোন্নারুম্মা।
হাস্যকর ভুলে গোল খেয়ে হতাশ সিটির গোলরক্ষক দোন্নারুম্মা।প্রিমিয়ার লিগ

হাইলাইট হতে পারত জিয়ানলুইজি দোন্নারুম্মার সেই শিশুসুলভ ভুল। যে ভুলের সুযোগ নিয়ে ১৮ মিনিটে গোল করে সমতা ফেরান আর্সেনাল কাই হাভার্টজ। শেরকির গোলের ঠিক ১০৭ সেকেন্ড পরই! ৪৪১ দিন পর লিগে গোল পেলেন হাভার্টজ। সর্বশেষ গোল করেছিলেন সিটির বিপক্ষেই। মন্দ কপাল তাঁর, গোলটা কাজে লাগল না শেষ পর্যন্ত।

এর আগে মেজাজ হারিয়ে হলান্ডকে ঢুঁস মারার ভঙ্গি করেছিলেন গ্যাব্রিয়েল। হলান্ড মাটিতে পড়ে গেলে হয়তো লাল কার্ডই দেখতে হতো আর্সেনাল ডিফেন্ডারকে। ধাক্কা মারেন হলান্ডও। তবে দুজনেই হলুদ কার্ড দেখে পার পেয়ে যান।

 

যোগ করা সময়ের শেষ মিনিটে হাভার্টজ যখন গোলের সুবর্ণ সুযোগ মিস করে মাথায় হাত দিলেন, ডাগআউটে হাঁটু গেড়ে বসে পড়লেন মিকেল আরতেতা। ওই ভঙ্গিটাই যেন বলে দিচ্ছিল—লড়াইটা বোধহয় শেষ!

আগামী বুধবার বার্নলির বিপক্ষে জিতলেই শীর্ষে উঠবে সিটি। পুরো মৌসুমে মাত্র ৬ দিন যারা শীর্ষে ছিল, সেই সিটির হাতেই কি তবে উঠতে যাচ্ছে লিগের ট্রফি? উত্তরটা জানার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

বুন্দেসলিগা বড্ড একঘেয়ে!

বারবার যে বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন হয়। এবারও যেমন হলো। আজ ঘরের মাঠে ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ৩৫তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ান পরাশক্তিরা। সর্বশেষ ১৪ মৌসুমেই ১৩ বার বুন্দেসলিগা চ্যাম্পিয়নের নাম বায়ার্ন। ব্যতিক্রম শুধু ২০২৩-২৪ মৌসুমটা, সবাইকে চমকে দিয়ে সেই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল জাবি আলোনসোর বায়ার লেভারকুসেন।

সমতা ফেরানো গোলের পর সতীর্থদের সঙ্গে রাফায়েল গেরেইরোর (বাঁয়ে) গোল উদ্‌যাপন
সমতা ফেরানো গোলের পর সতীর্থদের সঙ্গে রাফায়েল গেরেইরোর (বাঁয়ে) গোল উদ্‌যাপন, এএফপি
 

বায়ার্ন এবারের লিগটা জিতল চার ম্যাচ হাতে রেখেই। শনিবার নিকট প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড হেরে যায়। তাতে বায়ার্ন ও বুন্দেসলিগা শিরোপার দূরত্ব হয়ে যায় মাত্র ১ পয়েন্টের। আজ প্রথম সুযোগেই সেই দূরত্ব ঘুচিয়ে ফেলে চ্যাম্পিয়ন ভিনসেন্ট কোম্পানির দল। ৩০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৯, সমান ম্যাচে দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৬৪।

আজ শুরুটা অবশ্য ভালো ছিল না বায়ার্নের। পয়েন্ট তালিকার চারে থাকা স্টুটগার্ট ২১ মিনিটেই এগিয়ে যায় ক্রিস ফুয়েরিখের গোলে। গোলটা করে অবশ্য ভুলই করেছে স্টুটগার্ট। এরপর যে তাদের ছিঁড়েখুঁড়ে ফেলেছে বায়ার্ন। এক মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়া দলটি ৩১ থেকে ৩৭ মিনিটের মধ্যেই ৩ গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে। রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও আলফোন্সো ডেভিস করেন গোল তিনটি।

আলিয়াঞ্জ অ্যারেনার লাল সমুদ্র
আলিয়াঞ্জ অ্যারেনার লাল সমুদ্র, এএফপি
 

৫২ মিনিটে হ্যারি কেইনের গোলে জয় পুরোপুরিই নিশ্চিত করে ফেলে বায়ার্ন। এরপর ৮৮ মিনিটে চেমা আন্দ্রেসের গোলে ব্যবধান কমায় স্টুটগার্ট।

চলতি মৌসুমে সব হারানো লিভারপুলের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া। ফলে সামনে থাকা সব ম্যাচই এখন দলটির জন্য মহাগুরুত্বপূর্ণ। তেমন এক ম্যাচে আজ রোববার রাতে এভারটনের মুখোমুখি হয়েছিল আর্নে স্লটের দল। নানা দিক বিবেচনায় মার্সিসাইড ডার্বির এ ম্যাচটিতে চোখ ছিল অনেকের।

এভারটনের নতুন মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে এটি ছিল প্রথম ডার্বি ম্যাচ। যেটি আবার লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহর শেষ ডার্বি ম্যাচও বটে। এমন ম্যাচে শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত এক জয় পেয়েছে লিভারপুল। এভারটনের বিপক্ষে লিভারপুলের জয় ২–১ গোলে। লিভারপুলকে প্রথমার্ধে এগিয়ে দেন সালাহ। পরে বেতোর গোলে সমতা ফেরায় এভারটন। সেই সেই সমতাতেই শেষ হওয়ার অপেক্ষায় ছিল ম্যাচ।

কিন্তু যোগ করা সময়ের দশম মিনিটে চমক উপহার দেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। এই গোলই নিশ্চিত করে লিভারপুলের জয়। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল লিভারপুল। ১০ নম্বরে থাকা এভারটনের পয়েন্ট ৪৭। রাতের অন্য ম্যাচে স্যান্ডারল্যান্ডকে ৪–৩ গোলে হারিয়েছে চারে থাকা অ্যাস্টন ভিলা। যাদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৮।

এভারটনের মাঠে শুরু থেকেই আক্রমণ ও প্রতি–আক্রমণে জমে ওঠে লড়াই। গতিময় ফুটবলে দুই দলই প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখে। তবে প্রথম দিকে এভারটনের চেয়ে লিভারপুলই চাপে ছিল বেশি। এভারটন একাধিকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়।

সালাহর গোল উদ্‌যাপন
সালাহর গোল উদ্‌যাপনএএফপি

শেষ পর্যন্ত ২৭ মিনিটে হিল ডিকিনসন স্টেডিয়ামে মার্সিসাইড ডার্বির প্রথম গোলটি করেন ইলিমান এনদিয়ায়ের। তখন পর্যন্ত যোগ্যতম দল হিসেবেই গোলটি পেয়েছিল তারা। ডান দিক থেকে জ্যাক ও’ব্রেইনের ক্রসে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এনদিয়ায়ে; কিন্তু ভিএআর যাচাইয়ের পর দেখা গেল, ও’ব্রায়েন অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

গোল বাতিল হওয়ার হতাশা থেকে বেরোনোর আগেই উল্টো গোল পিছিয়ে পড়ে এভারটন। ৩০ মিনিটে মার্সিসাইড ডার্বিতে নিজের শেষ ম্যাচেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। মাঝমাঠে ভুল করে বল হারান এভারটনের ডিউইট ম্যাকনেইল। সেই সুযোগে কোডি গাকপো নিখুঁতভাবে বল বাড়ান সালাহর দিকে। পুরো ফাঁকা জায়গা পেয়ে ঠান্ডা মাথায় শট নেন সালাহ, আর বল জড়িয়ে যায় জালে। ভালো খেলেও পিছিয়ে পড়ে এভারটন। প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি এভারটন।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় এভারটন। তবে ৫৪ মিনিটে সমতাসূচক গোলটি অনেকটা আকস্মিকভাবেই পেয়ে যায় তারা। হঠাৎ বাঁ দিকের চ্যানেলে একটি লং পাস আসলে সেটি ধরার জন্য দৌড়ে যান এনদিয়ায়ে ও ডিউসবারি–হল। ইব্রাহিমা কোনাতেকে পেছনে ফেলে বল পেয়ে যান হল। তিনি গোলমুখে দারুণভাবে বল বাড়ান। সেখানে অপেক্ষায় থাকা বেতো ঠান্ডা মাথায় বল জালে জড়ালে ম্যাচে ফিরে আসে এভারটন।

এরপর ম্যাচের শেষ পর্যন্ত দুই দলই চেষ্টা করেছে লিড নেওয়ার। এভারটন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে লিভারপুল। শেষ মুহূর্তে ফন ডাইকের গোলই গড়ে দেয় পার্থক্য।

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা ও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ চালু হওয়া ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে যুক্ত হলেন আরও ১৭১ জন খেলোয়াড়। এর ফলে সরকারের এই বিশেষ সুবিধার আওতায় আসা মোট খেলোয়াড়ের সংখ্যা হয়েছে ৩০০।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতার পাশাপাশি ক্রীড়া কার্ড দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ধাপে ভাতার অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন।

এ ছাড়া প্রথমবারের মতো গঠিত হওয়া জাতীয় নারী হকি দলও ভাতার আওতায় এসেছে। ‎এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিতে আজ রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী হকি দল।

শুধু জাতীয় দলই নয়, আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা তরুণ প্রতিভাদেরও মূল্যায়ন করছে সরকার। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকে ক্রীড়া কার্ডের সঙ্গে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।

ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের ক্রীড়া কার্ড
ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের ক্রীড়া কার্ড
 

‎এই কর্মসূচির আওতায় থাকা প্রত্যেক খেলোয়াড়কে মাসিক এক লাখ টাকা করে ভাতা এবং একটি ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন খেলার মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই ভাতার আওতায় আসবেন।

‎গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন ভাতা ও ক্রীড়া কার্ড পেয়েছিলেন ১২৯ জন খেলোয়াড়। স্থায়ীভাবে কেউ এই ভাতা পাবেন না। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যয়নের ভিত্তিতে ভাতার তালিকা হালনাগাদ করা হবে।

দ্বিতীয় দফায় ক্রীড়া ভাতায় কোন খেলার কতজন

ফুটবল (পুরুষ ও নারী): ৩৬, ‎হকি (পুরুষ ও নারী): ৩৬, ‎ভলিবল: ১৪, ‎দাবা: ১১, ‎আর্চারি: ১১, ‎ভারোত্তোলন: ১০, ‎হ্যান্ডবল: ১০, ‎জিমন্যাস্টিকস: ৯, ‎সাঁতার: ৬, ‎টেবিল টেনিস: ৫, ‎শুটিং স্পোর্ট: ৫, ‎সাইক্লিং: ৪, ‎উশু: ৪, ‎জুডো: ৩, ‎কিকবক্সিং: ২, ‎টেনিস: ২, ‎বডি বিল্ডিং: ২ ও ‎ট্রায়াথলন: ১।

ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে গুইলার্মো হোয়োসের অভিষেকে জয় উপহার দিলেন অধিনায়ক লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মেসির জোড়া গোলে কলোরাডো র্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

মেসি একটি গোল করেছেন পেনাল্টি থেকে, ম্যাচের ১৮ মিনিটে। অন্যটি করেছেন ম্যাচের ৭৯তম মিনিটে। এই গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। শুরুতে অবশ্য মায়ামিই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল।

মেসির পেনাল্টিতে মায়ামি এগিয়ে যাওয়ার পর দলটি দ্বিতীয় গোল পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতির ঠিক আগে মেসির একটি ফ্লিক থেকে বল পেয়ে মাতেও সিলভেত্তি ক্রস বাড়ান, যা থেকে হেডে গোল করেন জার্মান বার্তেরাম।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ৪ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে তাদের সমতায় ফেরান রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২)। সেই সমতা থেকেই পরে ম্যাচ মায়ামির দিকে ঘুরিয়ে দেন মেসি।

স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।এএফপি
 

আর্জেন্টাইন তারকার কারণে টিকিটের ব্যাপক চাহিদা মেটাতে কলোরাডো ম্যাচটি ডেনভারের বিশাল এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেয়। ম্যাচের সময় দেখা যায়, স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

এমন এক ম্যাচেই ফল নির্ধারণ হয়েছে মেসিরই গোলে। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখানে তিনজন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ের মাচেরানো পদত্যাগ করার চার দিন পর আজ মায়ামির ভারপ্রাপ্ত কোচ হিসেবে ডাগআউটে ছিলেন হোয়োস। মেসির দীর্ঘদিনের বন্ধু হোয়োস এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে।’

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি, এএফপি
 

এই হোয়োসের সঙ্গে মেসির সম্পর্ক দুই দশকের বেশি সময়ের। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে একসঙ্গে ছিলেন তাঁরা। বর্তমানে ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত হোয়োসকে আপাতত কোচের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মায়ামি। ৮ ম্যাচে দলটির পয়েন্ট ১৫, সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। হোয়োস বলেছেন, ‘এটি আমাদের ধারাবাহিক উন্নতিরই অংশ। মনে রাখতে হবে, এই দলটি বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন।’

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব