• Colors: Green Color

আতলেতিকো ১:২ বার্সেলোনা (দুই লেগ মিলিয়ে আতলেতিকো ৩:২ গোলে জয়ী)

এবারও পারল না বার্সেলোনা।

২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা।

আজ মাদ্রিদে দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতলেও প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হেরেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরুর দিকে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোল বার্সাকে আশা জোগালেও আদেমোলা লুকমানের গোল আতলেতিকোকে জয়ের পথে নিয়ে যায়।

বার্সেলোনা কোচ মাদ্রিদের ম্যাচটিতে নামিয়েছিলেন ক্লাব ইতিহাসের সবচেয়ে কমবয়সী দল। লাল কার্ডের কারণে ছিলেন না পাউ কুবারসি, চোটের কারণে রাফিনিয়া, আন্দ্রেস ক্রিস্টেনসেন ও মার্ক বার্নালরা। আর রবার্ট লেভানডফস্কি ও মার্কাস রাশফোর্ডদের রাখা হয় বেঞ্চে। এরপর যে দলটি দাঁড়ায়, তার গড় বয়স ২৪ বছর ৩৪৭ দিন; চ্যাম্পিয়নস লিগে নকআউটে বার্সার সবচেয়ে তরুণ দল।

এই কমবয়সী দলটি প্রথম লেগের দুই গোলের বোঝা নামিয়ে ফেলে ২৫ মিনিটের মধ্যেই। চতুর্থ মিনিটে তোরেসের বাড়ানো বড় প্রথম স্পর্শেই আতলেতিকো গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে জালে পাঠান ইয়ামাল।

২৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি আসে তোরেসের কাছ থেকে। দানি ওলমোর কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছান তিনি। দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের স্কোরলাইন হয়ে যায় ২:২।

বার্সেলোনার প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল
বার্সেলোনার প্রথম গোলটি করেন লামিনে ইয়ামাল, রয়টার্স

সমতা থেকে ম্যাচ নিজেদের দিকে নেওয়ার যে লড়াই, সেখানে এগিয়ে যায় স্বাগতিকেরা। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৩১ মিনিটে গোল করেন লুকমান। জানুয়ারিতে যোগ দেওয়া এই নাইজেরিয়ানকে বক্সে চমৎকারভাবে বল বাড়িয়ে গোলের সুযোগটি বানিয়ে দেন মার্কোস লরেন্তো।

বার্সেলোনা দ্বিতীয়ার্ধের প্রথম থেকে যেভাবে চাপ তৈরি শুরু করে, তাতে মনে হচ্ছিল সমতা আসতে পারে যে কোনো মুহূর্তেই। এর মধ্যে ৫৫ মিনিটে তোরেসের ভলি জালেও জড়ায়। তবে বার্সেলোনার উল্লাস থামিয়ে ভিএআর জানায় অফসাইডে ছিলেন তোরেস।

বার্সেলোনা অবশ্য বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে। এর মধ্যে ৬৫ মিনিটে ইয়ামালের বানানো বলে কাছ থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ওলমো, তবে তিনি সেটি উড়িয়ে ওপর দিয়ে পাঠান। কিছুক্ষণ পর রাশফোর্ড, লেভানডফস্কিরা নামিয়ে আক্রমণে আরও গতি আনার চেষ্টা করেন ফ্লিক।

৭৪তম মিনিটে অবশ্য লে নরম্যান্ডের শট গোলকিপার হোয়ান গার্সিয়া পা দিয়ে না ঠেকালে আরও একটি গোল হজম করতে হতো সফরকারীদের। তবে কিছুক্ষণ পর আরেকটি ধাক্কা ঠিকই আসে।

আলেক্সান্ডার সরলথকে পেছন থেকে টেনে ধরে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সিদ্ধান্ত বদলে যায় ভিএআরের হস্তক্ষেপের পর। ৭৮ মিনিটের এই লাল কার্ডের পর বার্সাকে পরের সময়টা কাটাতে হয়েছে দশজন নিয়ে।

জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টের
জুলস কুন্দে ও লেভানডফস্কির এই হতাশা গোলের সুযোগ নষ্টের, রয়টার্স
 

একজন কম নিয়ে খেলা ওই সময়েও গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বার্সা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লেভানডফস্কির হেড আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো প্রতিহত করার পর অবশ্য আর কোনো ভালো সুযোগ তারা তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে ৭০ হাজারের বেশি দর্শকের মেত্রোপলিতানো।

এর আগে ২০১৪ ও ২০১৬ সালে বার্সেলোনাকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আতলেতিকো, দুবারই খেলেছিল ফাইনালে। এরপর অবশ্য ইউরোপীয় মঞ্চে আর ভালো করতে পারেনি দলটি। এবারের আগে সেমিফাইনালে খেলার সর্বশেষ অভিজ্ঞতা ২০১৭ সালের।

থাইল্যান্ডের সেই বিলাসবহুল ভিলা, নিথর পড়ে থাকা ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার এবং স্তব্ধ ক্রিকেট–বিশ্ব!

২০২২ সালের ৪ মার্চ শেন ওয়ার্নের আকস্মিক প্রস্থান মেনে নেওয়া কঠিন ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য। ময়নাতদন্তের রিপোর্টে তখন বলা হয়েছিল ‘স্বাভাবিক মৃত্যু’। কিন্তু চার বছর পর খোদ ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন তুললেন এক বিস্ফোরক অভিযোগ। তাঁর দাবি, সরকারি নির্দেশে নেওয়া কোভিড-১৯ টিকার কারণেই মারা গেছেন তাঁর বাবা।

সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে সাবেক সেনাসদস্য স্যাম ব্যামফোর্ডের মুখোমুখি হয়েছিলেন জ্যাকসন। সেখানে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, শেন ওয়ার্নের মৃত্যুর পেছনে কি কোভিড টিকার কোনো ভূমিকা ছিল? জবাবে জ্যাকসন দ্বিধাহীন কণ্ঠে বলেন, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এখন এটা বলা মোটেও বিতর্কিত কোনো বিষয় নয়।’

জ্যাকসন আরও যোগ করেন, ‘বাবার যদি আগে থেকে কোনো শারীরিক সমস্যা থেকেও থাকে, আমার ধারণা টিকা সেটাকে সরাসরি সামনে নিয়ে এসেছে। যেদিন খবরটা পেলাম, ফোন রাখার পরপরই প্রথম আমার মাথায় এসেছিল—এর জন্য সরকার দায়ী, এর জন্য কোভিড আর টিকা দায়ী।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মারা যান ওয়ার্ন। তাঁর মৃত্যুর পর নানা গুঞ্জন ছড়িয়েছিল। থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলেও অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর শরীরে ভায়াগ্রার (যৌন উত্তেজক ওষুধ) উপস্থিতিও মিলেছিল। কিন্তু জ্যাকসন মনে করেন, আসল কারণটা ছিল করোনার টিকা। তাঁর ভাষ্যমতে, সরকারি নিয়মের কারণে অনেকটা বাধ্য হয়েই তিন-চারটি টিকা নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার।

প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।
প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।ইনস্টাগ্রাম
 

ভিক্টোরিয়া সরকারের অর্থায়নে হওয়া ওয়ার্নের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অস্বস্তিতে ছিলেন জ্যাকসন। নিজের ক্ষোভ চেপে রাখার স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘রাজ্য স্মরণসভায় আমার বলতে ইচ্ছে করছিল—আমি এই সরকারকে দায়ী করি, আমি কোভিডকে দায়ী করি। কিন্তু শেষ পর্যন্ত বলিনি, সম্ভবত চুপ থাকাই তখন বুদ্ধিমানের কাজ ছিল। তবে আমার মনের অবস্থা তেমনই ছিল।’
অবশ্য জ্যাকসন নিজেও জানেন, দিন শেষে সত্যটা হয়তো অজানাই থেকে যাবে। তাঁর কথা, ‘ময়নাতদন্তের রিপোর্ট অনলাইনে আছে, সবাই দেখতে পারে। বাবা তখন ভালোই ছিলেন, দেখতেও বেশ ঝরঝরে লাগছিল। হ্যাঁ, তিনি ধূমপান করতেন, মদ্যপান করতেন। কিন্তু আশির বা নব্বইয়ের দশকের কত মানুষই তো বাবার চেয়ে বেশি ধূমপান বা মদ্যপান করে এখনো বেঁচে আছেন।’

সর্বকালের অন্যতম সেরা স্পিনার ওয়ার্ন তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে নেন ৭০৮ উইকেট। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।
তাঁর ছেলে জ্যাকসন এখন ‘শেন ওয়ার্ন লিগ্যাসি’র মাধ্যমে মানুষের হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করতে কাজ করছেন। যাতে অন্য কোনো পরিবারকে মাঝরাতে এমন দুঃসংবাদের ফোনকল পেতে না হয়।

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৬০ দিন। ঠিক এই সময়ে এসে অংশগ্রহণকারী দলগুলোকে বড় এক সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাওয়া এই বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের সর্বশেষ আসরের তুলনায় এবার প্রাইজমানি বাড়ছে ১০ শতাংশ। তাতে এবার মোট প্রাইজমানি দাঁড়াচ্ছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা)। অবশ্য এবারের বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যাও। ইতিহাসে প্রথমবারের মতো ১২টি দেশ অংশ নেবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে।

কোন দল কত পাবে

চ্যাম্পিয়ন: ২৩ লাখ ৪০ হাজার ডলার।

রানার্সআপ: ১১ লাখ ৭০ হাজার ডলার।

সেমিফাইনালিস্ট: প্রতি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার।

গ্রুপ পর্বে জয়: প্রতিটি জয়ের জন্য মিলবে ৩১ হাজার ১৫৪ ডলার।

অংশগ্রহণকারী সব দল: প্রতিটি দল পাবে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নারী ক্রিকেটের দ্রুত বিকাশ হচ্ছে। ১২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন এবং রেকর্ড পুরস্কারের অর্থ আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। নারী ক্রিকেটারদের প্রভাব এখন বৈশ্বিক ক্রীড়াঙ্গনে স্পষ্ট।’ তাঁর মতে, এই টুর্নামেন্ট মাঠের লড়াই ছাড়িয়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।

লর্ডস থেকে ট্রফি ট্যুর

বিশ্বকাপের দামামা বাজিয়ে আজ থেকেই শুরু হয়েছে ‘আইসিসি ট্রফি ট্যুর’। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে এই যাত্রা শুরু হয়। লর্ডসের বিখ্যাত প্যাভিলিয়নের ওপর ট্রফির অবয়ব ফুটিয়ে তোলা হয় এক জাদুকরি প্রজেকশনের মাধ্যমে। এরপর ট্রফিটি পাড়ি জমাবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। মে মাসজুড়ে এটি ইংল্যান্ডের বিভিন্ন আয়োজক শহর—লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল ও সাউদাম্পটন ঘুরে বেড়াবে। ক্রিকেটপ্রেমীরা ট্রফির এই সফরের খুঁটিনাটি দেখতে পারবেন ইনস্টাগ্রামের @icctrophytour হ্যান্ডলে।

আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ দল খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

প্যারিস

নাহ, উসাইন বোল্টের সেই ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড এখনো অক্ষত।

২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার দৌড়ে জ্যামাইকান স্প্রিন্টারের বিশ্ব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। তবে অনূর্ধ্ব–২০ বছর বিভাগে বোল্টকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন এক অস্ট্রেলিয়ান। গাউট গাউট নামের দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই অ্যাথলেট আজ অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড় শেষ করেছেন ১৯.৬৭ সেকেন্ডে। গাউটের বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড, আর অনূর্ধ্ব–২০ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় সেরা। ২০ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১৯.৪৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, ২০২২ সালে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া গাউট এর আগে গত বছর ১৯.৮৪ সেকেন্ডে ২০০ মিটার ছুঁয়েছিলেন। তবে সেটি ছিল বাতাসের অনুকূলে। এবার কোনো সহায়তা ছাড়া বৈধ দৌড়ে আরও কম সময় নেওয়ার পর গাউট বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে—এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’

এত কম সময়ে দৌড় শেষ করতে পারবেন ভাবেননি গাউট গাউট
এত কম সময়ে দৌড় শেষ করতে পারবেন ভাবেননি গাউট গাউটইনস্টাগ্রাম/ওয়ার্ল্ড অ্যাথলেটিকসইনস্টাগ্রাম/ওয়ার্ল্ড অ্যাথলেটিকস

গাউটের কোচ ডি শেফার্ড তো টাইমিংয়ে বিস্ময়ই প্রকাশ করেছেন, এবিসি স্পোর্টসকে তিনি বলেন ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলেন ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’

গাউটের ইতিহাস গড়া দৌড়ে ২০ সেকেন্ডের কমে দৌড়েছেন দ্বিতীয় হওয়া অ্যাইডেন মারফিও। ১৯.৮৮ সময় তিনি এখন অস্ট্রেলিয়ার ২০০ মিটার দৌড় ইতিহাসে দ্বিতীয়–দ্রুততম।

একজন এখন ধারাভাষ্যকার, অন্যজন চাকরি করেন বিসিবিতেই। তবে আতহার আলী ও মিনহাজুল আবেদীনের সবচেয়ে বড় পরিচয় তাঁরা জাতীয় দলের সাবেক ক্রিকেটার। আরেকটি জায়গায়ও মিল আছে দুজনের—একসময় তাঁরা ছিলেন জাতীয় দলের নির্বাচক। এবার আতহার ও মিনহাজুল বিসিবিতে এসেছেন অ্যাডহক কমিটির সদস্য হয়ে।

টেস্ট মর্যাদা পাওয়ার আগের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন। অবসরের পর ২০০৫ সালে বিসিবিতে যোগ দেন কোচ হিসেবে। একসময় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ব্যাটিং কোচও ছিলেন তিনি, বিসিবির বিভিন্ন প্রোগ্রামেও কোচের ভূমিকায় ছিলেন।

মিনহাজুল ওই দায়িত্ব ছেড়ে চলে আসেন নির্বাচক প্যানেলে। সদস্য ও প্রধান নির্বাচক হিসেবে এক দশকের বেশি সময় কাজ করেন। ২০২৪ সালে তাঁকে সরিয়ে গাজী আশরাফ হোসেনকে প্রধান নির্বাচক করে বিসিবি। এর পর থেকে মিনহাজুল বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল
অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল
 

প্রায় দুই দশক যে বোর্ডের সঙ্গে জড়িয়ে, সেটিই এখন চালানোর দায়িত্ব পাওয়ার পর মিনহাজুল বলেন, ‘২০০৫ সাল থেকে বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। সবকিছু ভেতর থেকে দেখেছি। আশা করি, এই অভিজ্ঞতা কাজে লাগবে। আর আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ সুষ্ঠভাবে একটা নির্বাচন আয়োজন করা।’

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে ৩ মাসের জন্য। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তাদের। সেই নির্বাচনে অংশ নিতে চান মিনহাজুল আবেদীন। পরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান লম্বা সময়ের জন্য। এ জন্য বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনেও অংশ নেওয়ার পরিকল্পনা আছে তাঁর।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন কাজ করার কারণে সবার সঙ্গেই আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সেটা কাজে লাগিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এমন কিছু কাজ করতে চাই, যেন ছাপ থেকে যায়।’

অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি ছাড়া তাঁর কমিটিতে ক্রিকেটার হিসেবে আছেন শুধু আতহার ও মিনহাজুল আবেদীনই। আতহার অবশ্য এখন ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত।

বাংলাদেশের যেকোনো খেলাতেই শোনা যায় তাঁর কণ্ঠস্বর। অ্যাডহক কমিটি গঠনের দিনও তিনি পিএসএলে ধারাভাষ্য দিতে ছিলেন পাকিস্তানে। সেখান থেকে অনলাইনেই বোর্ড সভায় যোগ দেন গতকাল।

এখন ধারাভাষ্যকার হিসেবে পরিচিত হলেও জাতীয় দলের হয়ে ১৯ ওয়ানডেতে তিন ফিফটি করা আতহার একসময় বিসিবিতে নির্বাচক ছিলেন। ২০০৪ সালে প্রথমে ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেলের সদস্য নির্বাচিত হন। পরে ২০১৬–১৭ সালে আতহারকে মেয়েদের নির্বাচক করা হয়। সেই দায়িত্ব ছাড়ার পর থেকেই আতহার সব মনোযোগ দেন ধারাভাষ্যে।

এবার মিনহাজুলের সঙ্গে আতহারও বিসিবিতে এলেন ভিন্ন ভূমিকায়। ক্রিকেট বোর্ড চালানোর এই চ্যালেঞ্জ তাঁরা কতটা নিতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব