ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাঁদের (দুই নারী) ভয় দেখায়। তাঁদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে নেয়।

ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে, রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ধরার চেষ্টা চলছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তাঁর পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তাঁরা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তাঁরা ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।’

দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পরিবারের একাধিক সূত্র মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটায় বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

এদিকে আজ সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন দেওয়ান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।

দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা ছিলেন।

উপসাগরীয় অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। এতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরা'র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের গোরুক ও কেশম দ্বীপে ড্রোন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট রাডার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ড্রোনে হামলা করা হয়। এসব ড্রোন আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করছিল। হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে ঘাঁটিটির অবস্থান প্রকাশ করা হয়নি।

আইআরজিসির দাবি, উপসাগরের সিররি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ আঘাত হানা হয়। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ আবার নিলে তাদের প্রতিক্রিয়া হবে ‘সম্পূর্ণ ভিন্ন’।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তবে হামলার উৎস সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী চুক্তির কাছাকাছি রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। এর আগে মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে আসামিদের আদালতে আনা হয়।

বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে।

অভিযোগপত্রে বলা হয় , সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এই মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে।

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে তাঁদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আসামি সোহেলের স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছে।

আজ আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হবে। মহানগর দায়রা জজ আদালতের ইনচার্জ রিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের হাজতখানায় নেওয়া হয়েছে। নির্দেশনা পেলেই আদালতে তোলা হবে।

গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।

নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হলো আজ রোববার। আগামীকাল সোমবার থেকে খুলছে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও খুলবে। খুলবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। তাই ছুটি শেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরছেন মানুষ।

পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষে আগামীকাল থেকে আবারও কর্মচঞ্চল হবে অফিস-আদালত। যদিও নির্ধারিত ছুটির বাইরেও অনেকেই আরও একাধিক দিন অতিরিক্ত ছুটি নেন। ফলে অফিস খুললেও প্রথম দু-এক দিন ছুটির আমেজই থাকে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহজুড়ে একধরনের ছুটির আমেজ থাকবে। সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে প্রাণ ফিরবে অফিস-আদালত।

এদিকে ঈদের ছুটি শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে লোকজন কর্মস্থলে ফিরছেন। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। আজ দুপুরে কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে।

কোরবানির ১১টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে শর্ত অনুযায়ী ইজারাদারেরা নির্ধারিত সময়ে কাজ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর পরিপ্রেক্ষিতে শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালোতালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্যহারে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আজ রোববার নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের সামগ্রিক চিত্র তুলে ধরেন।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ইজারাদারেরা শর্ত অনুযায়ী বর্জ্য অপসারণ না করায় ভোগান্তি এড়াতে সিটি করপোরেশন নিজ দায়িত্বে এসব বর্জ্য অপসারণ করেছে, যা সামগ্রিক কার্যক্রমকে কিছুটা শ্লথ ও চ্যালেঞ্জিং করেছিল। জনভোগান্তি তৈরিকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার পশুর হাট ও কোরবানির বর্জ্যের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। প্রাথমিকভাবে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন।

ডিএসসিসির হিসাবে, ঈদের প্রথম দিন ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিন ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিন ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিন দিনে মোট অপসারিত বর্জ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬ টন। এই কর্মযজ্ঞে ডিএসসিসির নিজস্ব কর্মী, পিসিএসপিসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠপর্যায়ে দিনরাত কাজ করেছেন। বর্জ্য পরিবহনে ৩৮২টি বিশেষ যান–যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় গাড়ি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গত তিন দিনে ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।

ডিএসসিসি এলাকার কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সংবাদ পাওয়ার এক ঘণ্টার মধ্যে ওই বর্জ্য অপসারণ করা হবে বলে জানানো হয়।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতার বিষয়টিও তুলে ধরেছে ডিএসসিসি। সংস্থাটি জানায়, ঈদের আগে জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি, টিভিসি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়ার্ড পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়। নাগরিকদের উদ্বুদ্ধ করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন বা ১ হাজার ৫০ লিটার স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়।

ইজারাদারদের ভূমিকা নিয়ে অসন্তোষ

তবে কোরবানির ১১টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে ইজারাদারদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। ডিএসসিসি জানায়, শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ইজারাদারদের বর্জ্য অপসারণ করার কথা থাকলেও তাঁরা তা করেননি। ফলে জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশনকে নিজ দায়িত্বে হাটের বর্জ্য সরাতে হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোরবানির কার্যক্রম শেষ হলেও ডিএসসিসির তদারকি দল মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। ডিএসসিসি এলাকার কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সংবাদ পাওয়ার এক ঘণ্টার মধ্যে ওই বর্জ্য অপসারণ করা হবে বলে জানানো হয়।

টানা তিন দিন কোরবানি, যত্রতত্র চামড়া ফেলে রাখা এবং মাতুয়াইল ল্যান্ডফিলে যাওয়ার পথে যাত্রাবাড়ী অংশের তীব্র যানজটের কারণে কিছু সাময়িক ও অনাকাঙ্ক্ষিত ত্রুটিবিচ্যুতি হয়েছে বলে উল্লেখ করেন প্রশাসক মো. আবদুস সালাম। এ জন্য তিনি নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

প্রশাসক বলেন, ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নাগরিক সেবায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না।

খুলনায় নানি ও দুই নাতিকে হত্যার ঘটনায় নিহত দুই শিশুর সৎবাবা ট্রাকচালক রফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। আজ রোববার নিহত দুই শিশুর বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় তাঁর প্রথম স্ত্রী ফাতেমা বেগমকে সাক্ষী করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এজাহারে বাদী উল্লেখ করেছেন, সাংসারিক মনোমালিন্যের কারণে প্রায় চার বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। পরে ফাতেমা বেগম ট্রাকচালক রফিকুল ইসলাম হাওলাদারকে বিয়ে করেন। তবে শাশুড়ি বেবি বেগম ওই বিয়ে মেনে নিতে না পারায় তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। বেবি বেগম রফিকুলকে বাসায় আসতেও নিষেধ করতেন। এ কারণেই পরিকল্পিতভাবে বেবি বেগমকে গলা কেটে এবং দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ২৯ মে রাত ১টা থেকে ৩০ মে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় রফিকুল ইসলাম তিনজনকে হত্যা করে পালিয়ে যান। রফিকুল ইসলামের বাড়ি খুলনা নগরের দৌলতপুর থানার মানিকতলা এলাকায়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম (৫৫), তাঁর নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। প্রথমে বেবি বেগম ও শামীমের লাশ উদ্ধার করা হয়। তখন মুস্তাকিমকে নিখোঁজ মনে করা হচ্ছিল। পরে কক্ষের একটি ওয়ার্ডরোবের তালা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় গোয়েন্দা (ডিবি) ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নিহত শামীম ও মুস্তাকিম ফাতেমা বেগমের প্রথম পক্ষের সন্তান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, এ সময়টা হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে। জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেছেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন স্থানে নিয়ে গিয়েছেন, তাতে মানুষ জিয়া ও বাংলাদেশকে এক রকম মনে করতো। কঠোর পরিশ্রম, সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন তিনি। জিয়াউর রহমানের সেই পথ অনুসরণ করতে হবে।

তবে দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখ করেন তারেক রহমান। বিষয়গুলো কীভাবে শিশুদের মাঝে তৈরি করা যায় তা নিয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামের জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার প্রতিবাদে বিকেলে রায়পুর শহরে বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে আজ দুপুরে রায়পুর থানায় মামলা করেন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন। সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় আনোয়ার হোসেনসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলায় আনোয়ারের দুই ভাই ইমন হোসেন ও রুবেল হোসেন এবং দীপু নামে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আনোয়ার তাঁর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এসব ঘটনার কারণ জানতে চাইলে আনোয়ার ও তাঁর সহযোগীরা বাদীসহ অন্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেন।

এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব আলমগীর হোসাইন দাবি করেন, বিএনপির নেতা-কর্মীরা আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। পরে তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর ওপর এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয়।

মামলার বাদী রুহুল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে প্রচার করা হয়েছিল। এর কারণ জানতে চাইলে আমাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা করেছি। তবে আনোয়ারের বাড়িতে হামলা বা ভাঙচুরের অভিযোগ সঠিক নয়।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তও অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।