• Colors: Purple Color

দেশের ৫ জেলার ডিসি (জেলা প্রশাসক) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

তারা হলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।

তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

রাজধানীতে ইফতারে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ আলমকে আজ রোববার কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে অংশ নিতে গেলে স্থানীয় লোকজন শাহ আলমকে চিনতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে রমনা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

রমনা মডেল থানার উপপরিদর্শক মো. নবী হোসেন আজ রোববার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শাহ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আটক রাখার আবেদনে বলা হয়, শাহ আলম আওয়ামী শাসনামলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন এবং তাঁর নামে একাধিক মামলা রয়েছে মর্মে স্থানীয় জনসাধারণ তাঁকে আটক করে এবং পুলিশে হস্তান্তর করেন। আসামি জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। আসামি কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছেন, মর্মে যুক্তিসংগতভাবে সন্দেহ হওয়ায় তাঁকে ৫৪ ধারা গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও বলা হয়, আসামির বিষয়ে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করা হচ্ছে এবং বিদেশে গমনাগমনের বিষয়ে যাচাই–বাছাই চলছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১ মার্চ) সকালে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

এর আগে গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। এ ঘটনায় বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোন আইনজীবী আদালতে দাঁড়াননি।

গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে  নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ৯ আসামীর মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠিয়েছে নতুন সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসর দেওয়া হলো। ওই ধারা অনুযায়ী কারও চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারে।

এদিকে মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মিরপুরের পল্লবী এলাকার প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে খালটির খনন কাজ শুরু হবে।

আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যায়। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার।

তবে, খাল পাড়ের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে 'ঠাঁই' নিতে হবে তাদের।

 

 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমানা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো অনিশ্চিত। এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স৷ তাদের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি৷'

বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনু্যায়ী, গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়৷ এগুলোর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি৷

পরদিন রোববার (১ মার্চ) বাতিল করা হয়েছে ৪০টি ফ্লাইট৷ এরমধ্যে জাজিরা এয়ারওয়েজের দুইটি, এমিরেটস এয়ার লাইন্সের পাঁচটি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের চারটি, কাতার এয়ার ওয়েজের দুইটি, সালাম এয়ারের দুইটি , এয়ার অ্যারাবিয়ার আটটি, কুয়েত এয়ার ওয়েজের দুইটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমানের ৯টি৷

সোমবার (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেয়া হয়েছে৷ তার মধ্যে আছে - কাতার  এয়ার ওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি, এবং গালফ এয়ারের দুইটি ফ্লাইট৷

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব