ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে চমক দেখাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত পাওয়া ১২টি কেন্দ্রের বেসরকারি তথ্যে দেখা গেছে, রুমিন ফারহানা তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত তিনি পেয়েছেন মোট ৯ হাজার ৬৪৮ ভোট।
এই আসনে রুমিন ফারহানার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট। অর্থাৎ প্রাথমিক তথ্যে রুমিন ফারহানা তার প্রধান প্রতিপক্ষ থেকে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শুরুর দিকের কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থীর আধিপত্য স্পষ্ট হয়ে উঠছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনের বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার কাজ দ্রুতগতিতে চলছে। সরাইল ও আশুগঞ্জ এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনি এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
প্রার্থীরা এখন নিজ নিজ এজেন্টদের মাধ্যমে কেন্দ্রভিত্তিক ফলাফল শিট সংগ্রহের অপেক্ষায় রয়েছেন। পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।