• Colors: Purple Color

জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবো আশা করি তা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইসকাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেয়ার যে ওয়াদা করেছিলেন, তা বাস্তবায়ন হচ্ছে বলেই মনে করছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়াদা করেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেবো। ট্রেনে বাসে লঞ্চে সবাই বাড়ি চলে গেছে ভোট দেয়ার জন্য। সবাই উৎসবে মেতেছে। জাতিকে সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবার যে ওয়াদা দিয়েছিলাম, আশা করি তা পূরণ হবে।

ভোটের দিন সামান্য ভুলত্রুটি হলেও দ্রুত তা সমাধান করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম। এবার তো কোথাও কুকুর দেখা যাচ্ছে না।

সিইসি আরও বলেন, টিভিতে দেখেছি কেন্দ্রের বাইরে জামায়াত ও বিএনপির নেতারা পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলেছেন। এই সৌহার্দ্য দেখে ভাল লেগেছে। দাবি করেন, দেশের নির্বাচনী ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহলও সন্তুষ্ট। আমাদের ১৭ লাখ লোক নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আশা করি ভবিষ্যতেও সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো।

'পাতানো নির্বাচন হচ্ছে কি না সেটা জনগণই বলবে। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে নেই। দেশে আর কখনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে,' যোগ করেন এএমএম নাসির উদ্দিন।

আজ মহা আনন্দের দিন, নতুন উৎসবের সূচনা হলো। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গণভোটে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে।

ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।ছবি: প্রধান উপদেষ্টাের প্রেস উইং

প্রধান উপদেষ্টা বলেন, আজ মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে।

প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

বিনা কারণে তিন কর্মীকে আটক ও নয়টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

ভোট কেমন হচ্ছে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘ভোট শুরু হয়েছে দুই ঘণ্টা হয়েছে। সারা দিনের ভোট বাকি। ফলে এখনই বলা যাবে না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমার তিনজন কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে। এ ছাড়া নয়টি ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশ, আর্মি ও প্রশাসনকে জানিয়েছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত একটার পর আশুগঞ্জ উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনোয়ার হোসেন মৃধা ও নূর আলমকে আটক করে পুলিশ। অন্যদিকে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সফিউদ্দীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে যুবদলের বহিষ্কৃত নেতা নাছির মুন্সিকে আটক করে পুলিশ। তাঁরা তিনজন রুমিন ফারহানার পক্ষের কর্মী।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালির গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ এর দিকে তিনি কেন্দ্রে এসে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নুরুল হক নূর বলেন, ৩৩ বছর বয়সে জীবনের প্রথম জাতীয় নির্বাচনের ভোট দিলাম ও আমি নিজেই প্রার্থী। আজ জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।

এদিকে, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

পটুয়াখালী জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।

জেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৯০টি ও অস্থায়ী ভোটকেন্দ্র ২৪৬টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে।

 

খুলনা-২ আসনের আলিয়া মাদরাসা কেন্দ্রে বিএনপি ও জামায়াতের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মহিবুজ্জামান কচি, তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক।

আসনটিতে ধানের শীষ মার্কার প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদরাসা কেন্দ্রে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া ও তার সহযোগী মাহবুবের ধাক্কায় মহানগর মহিবুজ্জামান কচির মৃত্যু হয়েছে।

তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই খান ফয়সাল রাফি জানান, ভোটকক্ষের খানিকটা দূরে বিএনপি ও জামায়েত সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চলছিল, তা বুঝতে পেরে তারা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে পৃথক করে দেন। তবে এই ঘটনায় কেউ মারা গেছে কি না, সেটা তিনি নিশ্চিত করতে পারেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সকাল সাড়ে ৭টায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ধাক্কাধাক্কির এই ঘটনা ঘটে। এ সময় মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেওয়া হলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান, এতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি মনে করি আজকে আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজে নিজের ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে।

[caption id="attachment_266907" align="alignnone" width="928"] সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান[/caption]

তিনি বলেন, আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হবো।

 

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব