• Colors: Purple Color

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এ মুহূর্তে কাজ করছি।’

আজ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় এই চিফ হুইপ।

মহান স্বাধীনতা দিবস নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার সপক্ষে যাঁরা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের আজকের এই দিবসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই সামনে যাতে আর এমন না হয়।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে অন্যান্য আইন কর্মকর্তাদের নিয়ে অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

 

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর কোনো নিখোঁজের সংবাদ পেলে উদ্ধার কাজ আবার শুরু করা হবে। একইসঙ্গে এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে ফরিদপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টুন থেকে পড়ে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিকভাবে কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও, বেশিরভাগ যাত্রীই নিমজ্জিত হয় জলে। প্রায় ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার করা হয়। এরপর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একের পর এক মরদেহ।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসে যাত্রী ছিল ৪০ থেকে ৪৫ জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলেও বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া দুই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের।

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাপার নেতা-কর্মীরা দাবি করেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করে। জাপার নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিরোধ করেন।

অন্যদিকে ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির এক নেতার ওপর হামলা করেন জাপার নেতা-কর্মীরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে আশপাশের লোকজন জাপার নেতা-কর্মীদের প্রতিহত করেন।

ঘটনার পরপরই জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো জানি না, কারা করেছে (হামলা)। তবে আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়; তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে। তবে আমাদের নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাবে প্রতিহত করেছে।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি আহসান লাবীব বলেন, ‘আমাদের ছেলেপেলেরা “ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান”—এ ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা উদ্ধত আচরণ করেন। একপর্যায়ে তাঁরা আমাদের ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে নেতা-কর্মীরা ও আশপাশের লোকজন ক্ষিপ্ত হন। আশপাশের লোকজন জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।’

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন। তিনি এ মামলায় মামুন খালেদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মামুন খালেদকে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা মামুন খালেদের নির্দেশে নির্বিচার গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে। এ মামলার ঘটনার সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনসহ সুষ্ঠু তদন্তের স্বার্থে মামুন খালেদকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দরকার।

গত বছরের মে মাসে মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। সে সময় দুদক তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

একটি গোয়েন্দা সূত্র জানায়, মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তাঁর বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসনসংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে।

চারদিকে সাগরঘেরা চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ। স্বাভাবিক সময়ে এতে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের শব্দে ব্যস্ত থাকে সড়ক। তবে এখন আর এ দৃশ্য নেই। জ্বালানি তেলের সংকটে দ্বীপটিতে যান চলাচল কমেছে। এ সংকট চলতে থাকলে পুরো দ্বীপটিতে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সন্দ্বীপে সাধারণত মোটরসাইকেল, পেট্রলচালিত অটোরিকশা, কার ও মিনিবাসের মতো যানবাহন চলাচল করে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই বাজারে অকটেন ও পেট্রলের সংকট দেখা দেয়। তবে গতকাল বুধবার বিকেল থেকে সংকট তীব্র হয়। পেট্রলচালিত বাহনের চালকেরা তেলের খোঁজে দোকান থেকে দোকানে ছুটছেন। এরপরও তেল পাচ্ছেন না তাঁরা। দুই–এক জায়গায় পাওয়া গেলেও সেখানে তাঁদের দ্বিগুণ দাম দিতে হচ্ছে।

দ্বীপটির অন্তত ১০ জন চালক জানান, আজ বৃহস্পতিবার সকালে হন্যে হয়ে খুঁজেও তেলের সন্ধান পাননি তাঁরা। আনোয়ার হোসেন নামের এক টেম্পোচালক বলেন, তিনি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেলের জন্য বিভিন্ন বাজারে ঘুরেছেন। কোথাও এক ফোঁটা তেল পাননি। এর মধ্যে একজনের কাছ থেকে জানতে পেরেছিলেন, গুপ্তছড়া বাজারে ২০০ টাকায় পেট্রল বিক্রি হচ্ছে। উপায় না পেয়ে তিনি বাড়তি দামেই কিনতে গিয়েছিলেন। তবে সেখানে গিয়েও পাননি।

অটোরিকশাচালক মো. আরিফ বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে আগামীকাল শুক্রবার থেকে রাস্তায় কোনো গাড়ি থাকবে না। আমাদের অবস্থা কী হবে, জানি না। আমাদের আয়রোজগারের অন্য কোনো পথ নেই।’

সন্তোষপুর ইউনিয়নের জ্বালানি তেল বিক্রেতা আহমেদ সুমন বলেন, ‘ঈদের আগেই আমার তেল আসার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তেল আসেনি। কবে আসবে, তা জানি না। এ কারণে চাহিদামতো তেল কাউকে দেওয়া যাচ্ছে না।’

জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, এই সংকট কাটানোর জন্য তিনি চেষ্টা করছেন। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব