জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছর পুরস্কারের জন্য মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি গ্রহন করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি ‘দাদু’র পদক গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের জন্য। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের জন্য।

খালেদা জিয়াসহ মরণোত্তর এই সন্মাননা পেয়েছেন সাতজন। এরা হলেন- মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজ সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান।

মেজর জলিলের পক্ষে তার কণ্যা ব্যারিস্টার সারা জলিল, ড. আশরাফ সিদ্দিকীর পক্ষে তার মেয়ে ড. তাসনিম আরিফা সিদ্দিকৗ, জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে তার ছেলে বারীশ হাসান চৌধুরী, মাহেরীন চৌধুরীর পক্ষে তার স্বামী মনসুর হেলাল, বশির আহমেদের পক্ষে তার হুমায়ারা বশির এবং কাজী ফজলুর রহমানের পক্ষে তার কন্যা তাবাসুম শাহনাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞান-প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে একেএম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজ সেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) প্রধানমন্ত্রীর কাছে থেকে স্বাধীনতা পুরস্কার নেন।

অধ্যাপক জহুরুল করিমের পক্ষে তার পুত্র হারুনুর রশীদ এবং একেএম হানিফ, জোবেরা রহমান, সাইদুল হক, মোহাম্মদ আবদুল বাকী, এম এ রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুল মুকিত মজমুদার প্রত্যেকে নিজে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন।

এ বছর যে পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে তা হলো, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), জনসেবায় এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আদনান কবির, ঢাকা মেডিকেল কলেজের পরিচালন বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এসওএস শিশু পল্লীর ন্যাশনাল ডাইরেক্টর ড. এনামুল হক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক বিউটি রানী সাহা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আঠারো ক্যারেটের ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটা সম্মাননাপত্র দেওয়া হয়। 

 

সমাজসেবায় গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মাহেরীন চৌধুরীর পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পদক প্রদান করা হয়।

২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেই বিভীষিকাময় মুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে অগ্নিদগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

ওই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই কৃতি সন্তানকে তার অসামান্য ত্যাগের জন্য সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।

 

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক কলেজছাত্রকে অপহরণের পর নির্মাণাধীন ভবনে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেলে বাকলিয়া এক্সেস রোড থেকে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশায় তোলার দৃশ্য ধরা পড়ে।

একপর্যায়ে দুর্বৃত্তদের কবল থেকে ছুটে পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় সাজিদ। প্রাণ বাঁচাতে দৌড়ে ভবনটির অষ্টম তলায় উঠে যায় সে। তবে দুর্বৃত্তরাও তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। পরে সাজিদকে মারধর করে লিফ্‌ট বসানোর জন্য রাখা ফাঁকা গর্তে ফেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে এখনও রক্তের দাগ দেখা গেছে।

ঘটনার খবর পেয়ে চকবাজার থানা পুলিশ তদন্তে নামে। এসআই মেহেদী হাসান সৈকতের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভবনটির কেয়ারটেকার এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে এনায়েত উল্লাহ ও আয়মন চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি পুলিশের।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহত সাজিদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। সে পরিবারের সঙ্গে বাকলিয়া ডিসি রোডের একটি ভাড়া বাসায় থাকতো। 

স্বজনদের দাবি, ফারদিন হাসান নামে এক বন্ধু তাকে ফোন করে তাকে ডেকে নিয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বর্তমানে সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ খালি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। এসব শূন্যপদে নিয়োগের প্রক্রিয়ায় মুখস্থ নির্ভর সিলেবাস বাদ দিয়ে ‘দক্ষতাভিত্তিক’ মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকারের অনুমতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এসব তথ্য উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে সরকারি শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে, প্রথম শ্রেণিতে (১ম-৯ম গ্রেড) ৬৮ হাজার ৮৮৪টি পদ; দ্বিতীয় শ্রেণিতে (১০ম-১২তম গ্রেড) ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ; ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ; ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ খালি আছে। এছাড়া, অন্যান্য ৮ হাজার ১৩৬টি পদ শূন্য বর্তমানে।

আবদুল বারী জানান, ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। স্বচ্ছতার সঙ্গে ৫ লাখ কর্মচারী নিয়োগের বিষয়টি তদারকির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

পরে বিরোধী দলের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে মেধা, সততা ও দক্ষতাই হবে নিয়োগ ও পদোন্নতির একমাত্র মাপকাঠি। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধা ভিত্তিক নিয়োগ হচ্ছে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ রয়েছে।

এমপি হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে আবদুল বারী জানান, বিসিএস পরীক্ষায় মুখস্থ নির্ভরতা কমাতে সিলেবাস পরিবর্তনের কাজ চলছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে যারা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষা পর্যালোচনা করছে। এছাড়া মৌখিক পরীক্ষায় প্রার্থীর জ্ঞান ও মনোভাব যাচাইয়ে ‘যোগ্যতা-ভিত্তিক সাক্ষাৎকার’ চালু এবং এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এছাড়া, এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত ১৬ বছরে বিসিএস প্রশাসনে ১২ জনকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে বরখাস্ত এবং ৫৬৪ জনকে ওএসডি করা হয়েছিল। এছাড়া, গত সরকারের সময় নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক ও আইনপ্রয়োগকারী সংস্থা তদন্ত করছে।

 

সারাদেশে হামের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলয়া হয়, মৃত ৮ জনের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। তবে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। এছাড়া গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

হামের প্রাদুর্ভাব বাড়ায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন। তবে এখনো বিশাল সংখ্যক রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। সে চরমুকুন্দি এলাকার ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটায় ক্লাস শেষে লিজা আক্তার কয়েকজন সহপাঠীর সঙ্গে সড়কের এক পাশ দিয়ে হেঁটে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। উপজেলার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে সেখানকার বাসিন্দা মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে আচমকা একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে রক্তাক্ত জখম হয় এবং সড়কে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরে তার সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক বলেন, আহত ওই ছাত্রীর কপাল ও মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য তার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। সিটিস্ক্যান না করা পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। হাসপাতালে সে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় এখনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি সংকটের কারণে সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বার কাউন্সিল জানিয়েছে, বর্তমানে দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে। এ অবস্থায় সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের পক্ষে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা চালানো ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের জন্য আবেদন ও অনুরোধ জানানো হয়। এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে নির্ধারিত ১৯ মে'র নির্বাচন স্থগিত করা হয়।

এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল।

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারিই বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক-মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়।

জ্বালানি নিতে আসা অনেকেই দাবি করলেন, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা। তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা।

তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ‘ভিআইপি সিরিয়াল’ নামে আলাদা একটি লাইন তৈরি হয়। এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, কোথায় কখন কতোটুকু তেল সরবরাহ করা হচ্ছে– এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে, পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারি ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রোদ-গরম আর যানবাহনের শব্দে শরীর-মন যেন অতিষ্ঠ অপেক্ষারত চালকদের।

সুনামগঞ্জ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ দেওয়া সহজ করা হয়েছে।

 

পাহাড়ের পাদদেশে একখণ্ড জমিতে বোরো ধান চাষ করেছিলেন কৃষক ছাবের আহমেদ (৬৭)। এলাকাটি হাতির বিচরণক্ষেত্র। তার ওপর ধান পেকেছে। পাকা ধানের গন্ধে হাতির পাল হানা দিতে পারে, এমন আশঙ্কা থেকে ছাবের আহমেদ খেতের পাশে আগুন জ্বালিয়ে সারা রাত পাহারা দেন। ভোরের দিকে হঠাৎ একটি বন্য হাতি নেমে আসে পাহাড় থেকে সাবের সেটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। উন্মত্ত হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক ছাবেরের।

আজ বুধবার ভোরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সাবের আহমেদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর এক ছেলে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

ছাবের আহমেদের জমির পাশেই একটি মসজিদের অবস্থান। ওই মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহর ঘুম ভাঙে ফজরের আজানের একটি আগে। এ সময় তিনি হাতির বিকট গর্জন শুনে ছুটে গিয়ে দেখেন, হাতির পাশেই ছাবেরের নিথর রক্তাক্ত দেহ পড়ে আছে। মোহাম্মদ আবদুল্লাহ বলেন, দৃশ্যটি ছিল খুবই মর্মান্তিক। ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আয়ে পরিবার চলত। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন দিশাহারা।

ইদানীং এলাকায় হাতির উৎপাত বেশ বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ কারণ ছাবেরের মতো অনেক কৃষক রাতে আগুন জ্বালিয়ে পাকা ধান পাহারা দেন। গতকাল মঙ্গলবার রাতে ছাবেরের ধানখেতের একটু দূরে নিজের খেত পাহারা দিচ্ছিলেন কৃষক জামাল উদ্দিন। তিনি বলেন, হাতিটি শুঁড় দিয়ে ছাবের আহমদকে আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন। বিশেষ করে তিনি দুই পা, হাত ও মুখে মারাত্মক আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বন্য হাতির চলাচল বেড়েছে। বিশেষ করে পাহাড়সংলগ্ন এলাকায়। খাদ্যের সন্ধানে হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত বাড়ছে। তবে হাতির আঘাতে মৃত্যু হওয়া কৃষক ছাবেরের পরিবার ক্ষতিপূরণ পাবেন বলে বন বিভাগ জানিয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, পাহাড়ের পাশে ছাবের আহমদ বোরো ধানের চাষ করেছেন। গভীর রাতে তিনি সেখানে ধান পাহারা দিতে যান। ভোরের দিকে বন্য হাতি ধানখেতে নামলে ছাবের আহমদ বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারকে সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ যেমন- সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি নতুন দেশসমূহে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দূতাবাস সমূহকে শ্রমবাজার অনুসন্ধান এবং বাংলাদেশি কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে।

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, থ্যাইল্যান্ডে শ্রম বাজার খোলার বিষয়ে সে দেশে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সে দেশে কর্মী পাঠানোর হার বাড়াতে জাপানিজ ভাষা ও স্কিল ট্রেনিং-এর পরিধি বাড়ানো হয়েছে। ৫৩টি টিটিসিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া জাপানিজসহ রাশিয়া, আরবি, জার্মান, ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ভাষার ৪১ জন প্রশিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাবস্থার কারণে অন্যান্য দেশের চিকিৎসক, ব্যাংকার, প্রকৌশলীসহ পেশাজীবীগণ মধ্যপ্রাচ্য ত্যাগ করছেন। এ অবস্থায় সেখানে বাংলাদেশি পেশাজীবীদের নিয়োগের সম্ভাবনা যাচাইসহ অন্যান্য কোন কোন সেক্টরে কর্মীদের চাহিদা রয়েছে তা খতিয়ে দেখে প্রতিবেদন পাঠাতে দূতাবাসসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরায় বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পূর্ববর্তী শিক্ষা ও কাজের স্বীকৃতি এবং তার সনদ প্রদান করা হচ্ছে।

এর আগে, বেলা ১১ টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা।