• Colors: Blue Color

ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের মিসাইল হামলা। রোববার (২২ মার্চ) রাতভর রাজধানী তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু কিছু স্থানে আঘাত হেনেছে এগুলো। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির তথ্য।

মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত সকল স্কুল বন্ধ ও ৫০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জারি করা হয়েছে একাধিক সতর্কবার্তা।

এর আগে, তেহরানের পূর্বাঞ্চলে ‘বিকট’ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরার প্রতিনিধি সুহাইব আল-আসা জানান, সেখানে বিস্ফোরণের তীব্রতা ও শব্দ ছিল নজিরবিহীন।

বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র বাহিনীগুলো।

এদিকে, বাগদাদে ইরানপন্থী গোষ্ঠী পিএমএফের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। এর আগে, প্রধান বিমানবন্দরে মার্কিন কূটনীতিক ও লজিস্টিক সেন্টারে হামলা চালায় পিএমএফ।

অন্যদিকে, ইরানজুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা। আইআরজিসির একাধিক ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম।

গত ২৪ ঘণ্টায় ইরানের ১৫ প্রদেশে কমপক্ষে ২০৬ বার হামলা হয়েছে।

সূত্র: আলজাজিরা  

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি প্রকল্পে হামলার হুমকি দিয়েছে ইরান। এক দিন আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ঘিরে তাঁর দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার যে হুমকি দিয়েছেন, তারই জবাবে গতকাল রোববার তেহরান এ হুঁশিয়ারি দিয়েছে।

বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় আজ সোমবার সকালে বিশ্ববাজার খোলার পর বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের মানুষের জীবনযাত্রাও চরম হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এ অঞ্চলের অনেক দেশের মানুষ সুপেয় পানির জন্য সমুদ্রের পানি লবণমুক্ত করার প্রকল্পের ওপর পুরোপুরি নির্ভরশীল।

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো এমনভাবে ধ্বংস হবে, যা আর আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে না।

মোহাম্মদ বাঘের গালিবাফ, ইরানের পার্লামেন্ট স্পিকার

বিদ্যুৎকেন্দ্রে হামলা ইরানের ক্ষতি করলেও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জন্য তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মধ্যপ্রাচ্যের এসব দেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার ইরানের তুলনায় প্রায় পাঁচ গুণ। এই বিদ্যুৎ মূলত তাদের মরুভূমির শহরগুলোকে বসবাসযোগ্য রাখে এবং সুপেয় পানির চাহিদা পূরণ করে। বিশেষ করে বাহরাইন ও কাতারের ১০০ শতাংশ সুপেয় পানি আসে সমুদ্রের পানি লবণমুক্ত করার প্রকল্পের মাধ্যমে। এ প্রকল্প বিদ্যুতের ওপর নির্ভরশীল। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে সুপেয় পানির ৮০ শতাংশ ও সৌদি আরবের পানির চাহিদার ৫০ শতাংশ মেটায় এ ধরনের প্রকল্প।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন, ‘ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো “এমনভাবে ধ্বংস হবে, যা আর আগের অবস্থায় ফেরানো” সম্ভব হবে না।’

এদিকে ইরানের শক্তিশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এ পরিস্থিতিতে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিও বন্ধ থাকবে। ইরানের দক্ষিণ উপকূলের এ সরু জলপথ দিয়ে এই বিশাল পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আমাদের ধ্বংস হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু না হওয়া পর্যন্ত এ নৌপথ আর খুলে দেওয়া হবে না।’

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকেন্দ্রের দৃশ্য। ২ মার্চ ২০২৬
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকেন্দ্রের দৃশ্য। ২ মার্চ ২০২৬, ছবি: রয়টার্স
 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরান যুদ্ধে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে এবং জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা ও পশ্চিমা দেশগুলোর মৈত্রীর সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে।

শেয়ারবাজারে ‘অনিশ্চয়তার টাইম বোমা’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আইজির বাজার–বিশ্লেষক টনি সিকামোর বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি বাজারের ওপর ৪৮ ঘণ্টার এক চরম অনিশ্চয়তার “টাইম বোমা” বসিয়ে দিয়েছে।’

আজ সোমবার লেনদেন শুরু হলে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন সিকামোর। এর আগে গত শুক্রবার জ্বালানি তেলের দাম একলাফে অনেকটা বেড়ে যায়। গত প্রায় চার বছরের মধ্যে তা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গুরুত্বপূর্ণ সমুদ্র নৌপথ হরমুজ প্রণালি অবরোধের কারণে আগে থেকেই চাপে থাকা বিশ্ববাজারে গত সপ্তাহে নতুন করে অস্থিরতা দেখা দেয়। ইসরায়েল ইরানে বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পর তেহরানও এর জবাবে সৌদি আরব, কাতার ও কুয়েতে পাল্টা হামলা চালায়। পাল্টাপাল্টি হামলার কারণে জ্বালানি উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার বড় আশঙ্কা তৈরি হয়েছে।

 হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি, ফাইল ছবি: রয়টার্স
 

বিভিন্ন তেল ট্যাংকার লক্ষ্য করে ইরানের হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি ১৯৭০-এর দশকের পর বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি–সংকট তৈরি করেছে। নৌপথটি বন্ধ হওয়ায় গত সপ্তাহে ইউরোপের বাজারে গ্যাসের দাম একলাফে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘এ মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে। এ অভিযান শুরু হবে দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র দিয়ে।’

গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ট্রাম্পের ওই সময়সীমা বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ হবে।

ইরানি সংবাদমাধ্যম আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) দেশটির প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এ সুবিধা ‘ইরানের শত্রুদের’ সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজের জন্য প্রযোজ্য হবে না।

ইরানের প্রতিনিধি আলী মুসাভি জানান, তেহরানের সঙ্গে সমন্বয় ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এ জলপথ দিয়ে চলাচল করা সম্ভব।

এদিকে জাহাজ চলাচল–বিষয়ক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভারতীয় পতাকাবাহী জাহাজ ও পাকিস্তানের একটি তেলবাহী ট্যাংকার তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পেরেছে। কিন্তু বেশির ভাগ জাহাজ এখনো কোনো ঝুঁকি না নিয়ে নিজেদের অবস্থানেই রয়েছে।

গত শুক্রবার তেহরান প্রথমবারের মতো ৪ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটি যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনার মধ্য দিয়ে ইরান যুদ্ধের ঝুঁকি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোও এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়

গত তিন সপ্তাহের তীব্র বিমান হামলার মাধ্যমে ইরানের নিজের সীমানার বাইরে সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে তেহরানের সাম্প্রতিক পদক্ষেপ এ দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

গত শুক্রবার তেহরান প্রথমবারের মতো ৪ হাজার কিলোমিটার (২ হাজার ৫০০ মাইল) পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটি যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনার মধ্য দিয়ে ইরান যুদ্ধের ঝুঁকি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামরিক মহড়া। পূর্ব আজারবাইজান প্রদেশের আরাস অঞ্চলে। ১৭ অক্টোবর, ২০২২
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামরিক মহড়া। পূর্ব আজারবাইজান প্রদেশের আরাস অঞ্চলে। ১৭ অক্টোবর, ২০২২ছবি: রয়টার্স

এ ছাড়া ইসরায়েলের ডিমোনা শহরের প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দেশটির একটি গোপন পারমাণবিক চুল্লির কাছেও ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অন্য আরেকটি ফ্রন্টেও ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। গত রোববার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীটির বেশ কিছু অবস্থানে অভিযান চালিয়েছে। তারাও পাল্টা ইসরায়েলের ভেতর রকেট হামলা চালিয়েছে।

রয়টার্স

ইসরায়েলের আরাদ, দিমোনা ও তেল আবিব শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া লেবানন সীমান্তে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আনা হয় ৩০৩ জনকে। ইরানের হামলায় এখন পর্যন্ত ১৬ ইসরায়েলি নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাদ শহরে গতকাল শনিবারের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১১৬ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে গতকাল কাছাকাছি সময়ে দিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন আরও ৬৪ জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। স্প্লিন্টারের আঘাতে আহত ব্যক্তিদের শরীরে জখম হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, হামলার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রগুলো ‘বিশেষ বা অপরিচিত’ কোনো ঘরানার না হওয়া সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, দিমোনা ও আরাদ—উভয় শহরেই ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো লক্ষ্যভেদে ব্যর্থ হয়। এর ফলে কয়েক শ কেজি ওজনের ওয়ারহেডসহ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।’

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা দেশটির পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। ইরান জানিয়েছে, দেশটির নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে দিমোনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের আরাদ শহরের বিধ্বংস্ত ভবন
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের আরাদ শহরের বিধ্বংস্ত ভবন, ছবি: রয়টার্স
 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু এ ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে একজন মারাত্মক আহত হয়েছেন। আয়ালোন হাইওয়ে ও পার্শ্ববর্তী রামাত গান শহরসহ ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও ১০ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরেও একটি ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরাঞ্চলে হামলায় নিহত ১

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় আজ একজন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কয়েকটি গাড়িতে রকেটটি আঘাত হানে। পরে একটি গাড়ির আরোহীকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, রকেটের ‘সরাসরি আঘাতে’ দুটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে।

তবে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ওফের মস্কোভিৎজ নামের ওই ব্যক্তি লেবানন থেকে ছোড়া ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। তিনি একটি কৃষিখামারের ব্যবস্থাপক ছিলেন।

আল–জাজিরা

ইরানকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ‘ধ্বংস’ করে দেবে যুক্তরাষ্ট্র।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন, ‘ঠিক এ মুহূর্ত থেকে’ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার ‘হুমকি ছাড়াই’ ইরানকে এ জলপথ পুরোপুরি খুলে দিতে হবে।

ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে!’

জিএমটি অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪ মিনিটে ওই পোস্টটি করেন। সে হিসাবে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান আগামীকাল ২৩ মার্চ (সোমবার) রাত ১১টা ৪৪ মিনিট (তেহরান সময় ২৪ মার্চ রাত ৩টা ১৪ মিনিট) পর্যন্ত সময় পাচ্ছে।

ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে!ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

উল্লেখ্য, জিএমটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ৬ ঘণ্টা। সেই অনুযায়ী, ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী হবে ২৪ মার্চ (মঙ্গলবার) ভোর ৫টা ৪৪ মিনিট।

পাল্টা হুমকি ইরানের

ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানি সামরিক বাহিনী।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎহীন হয়ে পড়বে’।

এদিকে ফারস নিউজ এজেন্সি উল্লেখ করেছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে (গ্রিড) হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিদ্যুৎহীন হয়ে পড়বে’।

বিবিসি আল–জাজিরা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

তাদের দাবি, এসব হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে ইসরায়েল কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া ডিমোনা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: আল–জাজিরা

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব