• Colors: Purple Color

বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই বন্ধ আছে ডায়ালাইসিস সেবা।

ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তাদের চোখেমুখে রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ। কিডনি ডায়ালাইসিস চিকিৎসা ব্যয়বহুল। কিডনি ইনস্টিটিউটে বাইরের চেয়ে কম খরচে ডায়ালাইসিস করা যায় তাই এই হাসপাতালে বাড়তি রোগীর চাপও রয়েছে।

এর আগে, গতকাল সোমবার একই দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছিলেন স্যানডরের কর্মীরা। তারা জানান, সরকারের কাছে তাদের সাড়ে ৭ কোটি টাকা বাকি রয়েছে। টাকা না পাওয়ায় তিন মাস ধরে বেতন হচ্ছে না। বেতন না পাওয়ায় নার্স টেকনোলজিস্টরা আর কাজ করতে চাচ্ছে না। সামনে ঈদ, কর্মদিবস কম আছে, বেতনের আশ্বাস না পেয়ে কেউই কাজে যাচ্ছে না বলে জানান তারা।

স্যানডর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শুরুতেই বকেয়া বিল দেয়া হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে কর্মীদের বেতনের পাশাপাশি ডায়ালাইজার কিনতেও সমস্যা হচ্ছে। এতে সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। তবে বিল আটকে যাওয়ার এমন জটিলতা নতুন কিছু নয়। বিগত সময়ও সরকারের নীতিনির্ধারকদের গুরুত্বের অভাবে বহুবার ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যায়।

ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করে তারা। ঢাকা ও চট্টগ্রামে স্যানডোরের দুই সেন্টার মিলে ২০০ মেশিন রয়েছে। এর মধ্যে ঢাকায় ৭০টি। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এখন থেকে এটিএম আজহার অপরাধমুক্ত। এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় এবং মিথ্যা পরাজিত হয়েছে। জামায়াত এবং বিএনপির ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্ততপক্ষে ৫ জন জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল।

তিনি আরও বলেন, আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি। আজকে বা কালকের মধ্যে এই শর্ট অর্ডার প্রসেস করে সকল আইনি ব্যবস্থা নিয়ে এটিএম আজহারের বাইরে বের হওয়ার ব্যবস্থা করবেন আদালত।

রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. দৈয়দ আব্দুল্লাহ তাহের জানান, কুরআনে বলা আছে সত্যের বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকেও এই রায়ের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২শে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ৭ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (২৭ মে) তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক শফিক রেহমান বলেন, খালাসের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন তা প্রমাণিত হয়েছে।

এসময় তার আইনজীবীরা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার কথা জানান আইনজীবীরা।

২০২৩ সালের ১৭ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচ জনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

এছাড়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ারও সাজা হয়। 

গত বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। আদালত তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একইসঙ্গে সাজা পরোয়ানা স্থগিত করেন। এরপর ২১ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন পান তিনি। 

নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড। অথচ আজও এই বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা। ২০২৫ সালে এসে, যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈবপ্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান।

তবে কিছুটা হলেও, ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে একসময় পিরিয়ড ছিল গোপনীয়, লজ্জার সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা।

বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন, পিরিয়ড বা মাসিক এখন আর শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব।

পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি— এই তিন বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে যৌথ সচেতনতাই পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শারমিন সিদ্দিকা ইসলাম বলেন, টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয়; তাহলে পিরিয়ডের সময় একজন নারী ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এখন সবাই অনেক সচেতন, শুধু বিষয়টিকে সহজভাবে নিলেই হয়।

মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সঙ্গে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি।

চারদিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে বাংলাদেশের ১ লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতাড়বাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে। এছাড়া, জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে দুই দেশের মধ্যে ৭‌টি সমঝোতা স্মারক সই হতে পারে। ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস‍্যুতেও আলোচনা হবে। তবে সেখানে সামরিক খাত অগ্রাধিকারে থাকবে না। এয়ারক্রাফট সংকটে বন্ধ হওয়া জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব‍্যাপারে কথা হবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা।

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরে মাসে নিউইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলন ও ডিসেম্বরে মিসরে ডি-৮ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা।

চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড, কাতার ও সবশেষ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১ জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন।

আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব