• Colors: Purple Color

ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, কোরোসিনের দাম পুনরায় ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করেছে। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

রোববার (১ জুন) ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে নগরীর চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বেশকিছু নিচু এলাকা।

টানা বৃষ্টিতে সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। তবে, সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের।

পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদেরও। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি দুইজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এতে শেহ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

চার্জ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আদালতকে বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে, যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা চাই এ বিচার নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক হোক।

এদিকে তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের সপক্ষে আদালতে বেশকিছু সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করবে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে, প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিদের মধ্যে কথপোকথনের অডিও কল রেকর্ড, ডিজিটাল এভিডেন্সের ফরেনসিক রিপোর্ট, আসামিদের স্বিকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য ছবি এবং ফুটেজ, জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্যচিত্র।

বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছর চীন ও বাংলাদেশের সম্পর্কের ৫০বছর পূর্ণ হবে। আমাদের এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে হবে, যেটি আকাশ ছোঁয়া। এখানে চীনের ১৫০ জন ব্যবসায়ী উপস্থিত রয়েছেন। এটি কেবলমাত্র শুরু, এই পথ দুই দেশের জন্য আরও বড় হবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, চীনা কোম্পানির বড় বিনিয়োগ দেশের রুপ পরিবর্তন করতে পারে। গত এপ্রিলে সফলভাবে বিজনেস সামিট আয়োজিত হয়েছিল। আজকে আবারও চায়না থেকে বড় ডেলিগেশন এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশটির বিনিয়োগকারীদের সহায়তা করবে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তবে তা যাতে না হয় সেটি দেখবে সরকার। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজনের মধ্যে আলোচনা হয়েছে।

রোববার (১ জুন) সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অধ্যাদেশের সমস্যামূলক ধারাগুলো নিয়ে সরকার সচেতন। অধ্যাদেশে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখতে কর্মরতদের ওপর আহ্বান জানান তিনি।

এর আগে, রোববার সকাল ১১টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খানের কাছে স্মারকলিপি দেন তারা।

বিক্ষোভকারীরা জানান, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি ও চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। এ সময় অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ- ২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে তা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এটি হবে দেশের ৫৪তম বাজেট। সোমবার (২ জুন) বিকেল ৩টায় এই বাজেট উপস্থাপন করা হবে।

বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।

উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপি চূড়ান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে কম। এনবিআরকে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছেন ড. সালেহউদ্দিন আহমেদ। এনবিআর ও কর-বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে ৪৬ হাজার কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশী-বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে এ ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার।

বিভিন্ন সূত্রে জানা গেছে- কর ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এক্ষেত্রে, নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান-স্যুাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম।

কমতে পারে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম। নতুন বাজেটে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন-এডিপি খাতে।

এবার জাতীয় সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব নির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।

এছাড়াও, ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না এবারের বাজেটে। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব