• Colors: Purple Color

গোপালগঞ্জ সদরের একই স্থানে এক ঘণ্টার ব্যবধানে ৬ গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পুলিশ সদস্যসহ ২ জন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

শনিবার (১৪ জুন) রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। আহত বাস যাত্রীদের উদ্ধারের সময় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে।

হাসপাতালে মারা যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম। দুর্ঘটনার পর প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিলো যান চলাচল।

ঈদুল আজহার লম্বা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে অফিস, আদলত, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। রোববার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত অফিস-আদালতের কার্যক্রম চলবে।

ঈদের ছুটি কাটিয়ে শেষমুহুর্তেও ঢাকায় ফিরেছেন অনেকে। রোববার ভোর থেকে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান ঢাকায় ফেরা ব্যক্তিরা।

তবে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে তাদের। সিএনজি, অটোরিকশাসহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা।

গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়। এর আগে, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া, ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

অসমাপ্ত আলোচনা শেষ করতে আগামী ১৭ জুন থেকে দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল ধাপে ধাপে যোগ দেবে এই আলোচনায়। বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত।

রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে সকাল ১১টা নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে ঐকমত্য হওয়ার জন্য আলোচনা করা হবে বলে জানায় কমিশন।

এতে সংবিধানে ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব ইস্যুতে ঐক্যমত্যের ওপর গুরুত্বারোপ করা হবে। ১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এই বৈঠক।

এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যার উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিভিন্ন দফতোরে কর্মরত পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

যারা অবসরে গেছেন, তারা হলেন—বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইবরাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

এছাড়া, গ্রেড-১ পদমর্যাদার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুসারে তাদের এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা ২৫ বছর চাকরির মেয়াদ পূর্ণ করলে সরকার তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরের সব সুবিধা পাবেন। 

এর আগেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কয়েকজন সচিবকে একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ঢুকে যায় উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে।

এতে চরম দুর্ভোগে পরে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে এমন দুর্ভোগের মুখে পড়েছে এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে, দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাধেঁর বেশ কয়েকটি স্থান এখনও ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙেছে।

দেশের আট বিভাগেই আজ অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি। বিভাগটির অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলেও অনেক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সিলেট শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলেও অনেক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। একইভাবে চট্টগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায়। খুলনা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশালেও আকাশ মেঘলা থাকবে এবং অধিকাংশ জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব