• Colors: Purple Color

সাপ্তাহিক ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণ গেছে ৬ জনের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামালপুর, নোয়াখালী, দিনাজপুর এবং কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের। দুপুরে শেরপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চেকপোস্টে শেরপুরগামী একটি ট্রাককে দাড়ানোর জন্য নির্দেশ দেয় পুলিশ। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াকের। 

এ ছাড়াও, নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় প্রাণ গেছে একজনের। আহত হয়েছেন তিনজন। সকালে কবিরহাট-সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দোকানের মালামাল আনতে দুই ছেলেকে মোটরসাইকেলে করে কবিরহাট যেতে বলছিলেন শফিকুর রহমান। এসময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই প্রান হারান শফিকুর। আহত হয় তার দুই ছেলেসহ তিনজন। 

এদিকে, দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। দুপুরে কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া কিশোরগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বাংলাদেশে নবগঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ১০ জন উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন সিনিয়র নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত এই তিন নেতা এখন থেকে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মাঠ পর্যায়ের পরিস্থিতির সঙ্গে প্রশাসনের সমন্বয় সাধনে সরাসরি ভূমিকা রাখবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মন্ত্রী পদমর্যাদার অন্য দুই উপদেষ্টার মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দক্ষ অর্থনীতিবিদ হিসেবে পরিচিত রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যেও দফতর বণ্টন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তরুণ ব্যক্তিত্ব মাহদী আমিনকে একসাথে চারটি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রায় দুই বছর ধরে লড়াইরত মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সঙ্গে বৈঠক করেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। ২০২৩ সালে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরুর পরে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বৈঠক করলেন, তাদের দুরবস্থার কথা শুনলেন।

কুকি-জো অধ্যুষিত পার্বত্য অঞ্চল এবং মেইতেইদের উপত্যকার মধ্যে মানসিক দূরত্ব দূর করতে গতকাল বৃহস্পতিবারের বৈঠকে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়, যাতে মুখ্যমন্ত্রী একই সঙ্গে দুই পক্ষের কথা শুনতে পারেন। এই প্রচেষ্টা আপাতত সফল হয়েছে বলে মনে করছে তাঁর দপ্তর।

ভার্চ্যুয়াল মাধ্যমে বৈঠক

মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ইম্ফল পশ্চিমের লাঙ্গোল অল্টারনেট হাউজিং কমপ্লেক্সে বসে উদ্বাস্তু মেইতেই পরিবারের সঙ্গে অনলাইনে কথা বলেন। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি চুড়াচাঁদপুর এবং কাংপোকপিতে আশ্রিত কুকি-জো বাস্তুচ্যুত মানুষের সঙ্গেও যুক্ত হন।

বৈঠকের পরিবেশ ছিল আবেগপূর্ণ। মুখ্যমন্ত্রী যখন মেইতেই ও কুকি-জো জনগণের ব্যক্তিগত দুঃখ-দুর্দশার কথা শুনছিলেন, তখন অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মনিপুর ও মিয়ানমারের মধ্যবর্তী মোরে সীমান্ত শহরে নিজের বাসস্থানে ফিরে যাওয়ার আকুতি শোনা যায় এক মেইতেই নারীর কণ্ঠে।

পাশাপাশি, শিক্ষার সহায়তা চাওয়া এক কুকি কিশোরী বলেন, সে অবিলম্বে তার পড়াশোনা শুরু করতে চায়, যা দুই বছর ধরে বন্ধ হয়ে আছে।

মুখ্যমন্ত্রী বাস্তুচ্যুত নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের চোখের জল বৃথা যেতে দেব না।’ তিনি গত দুই বছরের সহিংসতাকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করে আবার ‘মণিপুরি হওয়ার চেতনা’ সবার মধ্যে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।

চলমান মানবিক সংকট মোকাবিলায় সরকার ইতিমধ্যেই বেশ কিছু জরুরি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। সেই পদক্ষেপগুলো এই বৈঠকে তুলে ধরা হয়। সরাসরি ৩৩ কোটি টাকা আর্থিক অনুদান উদ্বাস্তুদের দেওয়া হয়েছে বলে জানানোর পাশাপাশি, বলা হয় বিছানা ও তোশক কেনার জন্য মাথাপিছু ২ হাজার ৪২০ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, যাঁদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, সেই সব পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প ২০২৬ সালের মার্চের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।

চিকিৎসার নিরাপত্তা

কুকি-জো সম্প্রদায়ের মানুষ যাতে বিশেষ চিকিৎসার প্রয়োজনে মণিপুরের রাজধানী ইম্ফলে যেতে পারেন, বৈঠকে সেই লক্ষ্যে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, প্রায় ৮ হাজার কুকি-জো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। তাদের সহায়তায় বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। বিশেষ করে যে ৬ হাজার শিক্ষার্থী অন্য রাজ্যে পড়াশোনা চালাতে পারছে না, তাদের জন্য একটি ‘বিশেষ পরিকল্পনা’র প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।

কুকি-জো ও মেইতেই গোষ্ঠীর মধ্যে দুই বছরের টানা সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। সংঘাত যে একেবারে মিটে গিয়েছে, তা এখনো বলা যাবে না।

ইতিমধ্যে কুকি ও নাগাদের উপগোষ্ঠীর মধ্যেও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। তবে সপ্তাহখানেক আগে নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং দায়িত্ব নেওয়ার পর কিছুটা আশা সঞ্চারিত হয়েছে বলে মনিপুরের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ৫ চক্রের সদস্যরা হলেন, বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকার নবী হোসেন (২৭), মহেশখালী কেরুনতলী এলাকার মো. রায়হান (২০), বাহারছড়া বড় ডেইল এলাকার মাহফুজ উল্লাহ (১৮), উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্পের বাসিন্দা শফিক আলম (২২), একই ক্যাম্পের লাল মিয়া।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, বাহারছড়া সমুদ্র এলাকায় বিপুল সংখ্যক ব্যক্তি, নারী ও শিশুসহ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ থেকে আউটপোস্ট সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করা হয়। বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড দল তা ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৩ জন মহিলা, ৩৯ জন পুরুষ, ১৩ জন শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয় এবং পাচার চক্রের সঙ্গে জড়িত ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানিয়েছেন, মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আটক ও উদ্ধারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন পাচারচক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

 

২১ ফেব্রুয়ারি, ২০২৬। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির ১৫ হাজার সদস্য। আর, পুলিশের পাশাপাশি সারাদেশে নিরাপত্তায় কাজ করবে র‍্যাবও। 

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর ১২টা ৪০ মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ।

তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রথম ভাষা-বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এর চরম প্রকাশ ঘটে। ওইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর নির্বিকারে গুলি চালায়। এতে কিছু ছাত্র শহীদ হন। এ ঘটনায় নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসেন। 

তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করেন। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়।

১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি। ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাস হয়। যা কার্যকর করা হয় ১৯৮৭ সালের ৮ মার্চ থেকে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পার কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীগণ।

এসময় সেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু, তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এসময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব