• Colors: Purple Color

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন মহড়া শেষ হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ মহড়া সমাপ্ত হয়েছে। মহড়াটি ১৪ সেপ্টেম্বর বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালনা) এয়ার ভাইস জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি সমাপনী বক্তব্য রাখেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মহড়া বিগত ১৪ সেপ্টেম্বর বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল।

আইএসপিআর আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপদকালীন সংকট নিরসণে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানসমূহ ব্যবহার করা হয়ে থাকে।

‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ মূলত আপদকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরণের অনুশীলন পরিচালনা করা হয়।

যৌথ অনুশীলন মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করে। এ ছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ উক্ত মহড়ায় অংশগ্রহণ করেন।

এই যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ই করবে না, বরং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার, এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিমান বাহিনীর চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি প্রদান করবে বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ যেন টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে অগ্রসর হতে পারে, সে জন্য পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ এবং তার সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারে না।

অধ্যাপক ইউনূস বলেন, এখনই সময় বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানির বিকল্পসমূহ, বিশেষ করে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন বিবেচনা করার।

গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ পরমাণু শক্তির নতুন প্রজন্মের প্রযুক্তি এবং হাইব্রিড ব্যবস্থার সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন, যা নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহে সক্ষম। তিনি বলেন, ভাসমান বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণযোগ্য এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে বহু দশক ধরে শক্তি জোগাতে সক্ষম।

পেজ আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের মতো প্রধান উন্নয়ন অর্থায়নকারী সংস্থাগুলোর কাছে এখন আর পারমাণবিক শক্তি কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এসব প্রযুক্তি গ্রহণ করছে।

তার মতে, উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী সাফল্যের কারণে দেশটি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম—যা কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির দামের স্থিতিশীলতা এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

পেজ বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির কৌশলগত কেন্দ্র হতে পারে এবং পরমাণু উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্ব দিতে পারে।

অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি একটি নতুন জাতীয় বিদ্যুৎনীতি প্রণয়ন করেছে, যার লক্ষ্য সৌরবিদ্যুতের প্রসার ত্বরান্বিত করা। তবে তিনি উল্লেখ করেন, পারমাণবিক শক্তির বিষয়ে যেকোনো সিদ্ধান্তের আগে গভীর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই প্রয়োজন।

তিনি বলেন, আমরা অবশ্যই এই সুযোগগুলো পরীক্ষা করব। তবে এসব আশাব্যঞ্জক প্রযুক্তি নিয়ে গভীর গবেষণার দরকার রয়েছে। কোনো সন্দেহ নেই—বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ব্যাপকভাবে কমাতেই হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে বিভিন্ন সময়ে অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে । এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী।

এ সময় অপহরণ ও মানব পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমনকি উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা। পরে সেখানে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার ও ৪ পাচারকারীকে আটক করা হয়।

অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস রয়েছে।

নির্বাচন কমিশন বলছে, এটি চূড়ান্ত নয়। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তির পর প্রার্থীতা আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা নিজেরাও প্রার্থীতা ফিরে পেতে আবেদন করতে পারবে। এতে তাদেরও কেউ কেউ নির্বাচনের সুযোগ পেতে পারে।

এর আগে, কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। তার মধ্যে জমা দেয় ৯৩১ জন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়ন পত্র জমা পড়ে

শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও সার্বিক ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছ নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ এখন পর্যন্ত অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ডিসি-এসপি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। নাশকতা ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হতে পারে।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার করা হচ্ছে। যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেসময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।

তিনি বলেন, একজন পালিয়ে গেছে, আর এখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসময় দলীয় নেতা-কর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎ করেছেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিগত নির্বাচন, যা দেশের গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে।

মেয়র হিদালগো এই সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।

উভয় নেতা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

এসময় প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে, যার লক্ষ্য হলো সাম্প্রতিক দশকগুলোর অন্যতম গুরুতর এই শরণার্থী পরিস্থিতি নিয়ে বৈশ্বিক মনোযোগ নতুন করে কেন্দ্রীভূত করা।

তিনি আরও জানান, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তিনি মেয়র হিদালগোকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব