• Colors: Purple Color

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এছাড়া আরও দুটি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল আকারে সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল উত্থাপন করেন। এর মধ্যে ১৪টি বিল কণ্ঠভোটে পাস হয়।

এদিন সংসদ অধিবেশনের দুই দফায় (সকাল ও বিকাল) এই বিলগুলো উত্থাপন ও পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন আইনি সংস্কার ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো সংসদীয় অনুমোদনের মাধ্যমে স্থায়ী রূপ পেল।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো—‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল’, ‘সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল’, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল’, ‘রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।

বিকেলের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো—‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ বিল, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’।

উত্থাপিত হওয়া বিলগুলো হলো—‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। এছাড়া ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ উত্থাপন করা হলেও এটি অধিকতর সংশোধনীসহ পরবর্তী সময়ে পাসের জন্য রাখা হয়েছে।

 

ঢাকা

মাত্র চার বছর বয়স থেকেই গান গাওয়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে প্রাতিষ্ঠানিক কোনো চর্চা তিনি করতে পারেননি। তাঁর বাবাও ছিলেন চায়ের দোকানি। স্বল্প আয়ের এ সংসারে কোনো রকমে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন তিনি।

রাত তখন ১১টা। ছোট্ট চায়ের দোকানে নিরাপত্তা প্রহরীর পোশাকে এক যুবক। তিনিই এই দোকানের মালিক। অর্ডার পেলে চা বানিয়ে গ্রাহকদের হাতে দিচ্ছেন। সেই সঙ্গে সুরেলা গলায় গাইছেন গান। গানের রুচিও আছে তাঁর। রাহাত ফতেহ আলী খান, নুসরাত ফতেহ আলী খান, সুবীর নন্দী ও সঞ্জীব চৌধুরীর গান টানা গেয়ে যান তিনি।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের রেল ক্রসিং এলাকায় দেখা যায় এ দৃশ্য। গান গাওয়া যুবকের নাম মোহাম্মদ জোবায়ের (৩১। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী (অস্থায়ী) পদে কর্মরত। তিনি বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকার মো. ইয়াসিনের ছেলে।

বৃদ্ধ বাবা, অসুস্থ মা, স্ত্রী ও এক বছর বয়সী এক শিশু নিয়ে জোবায়েরের সংসার। চায়ের দোকানের আয় ও স্বল্প বেতনের প্রহরীর চাকরিতে সংসারের সব সময়ই অনটন লেগে থাকে। এ কারণে হতাশও হন বারবার। সেই হতাশা ভুলতেই তিনি গান করেন।

গত শনিবার রাতে দোকানে গিয়ে কথা হয় জোবায়েরের সঙ্গে। চা বিক্রির এক ফাঁকে তিনি জানান, মাত্র চার বছর বয়স থেকেই গান গাওয়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে প্রাতিষ্ঠানিক কোনো চর্চা তিনি করতে পারেননি। তাঁর বাবাও ছিলেন চায়ের দোকানি। স্বল্প আয়ের এ সংসারে কোনো রকমে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন তিনি। এরপর সংসারের দায়িত্ব আসে তাঁর কাছে। কোনো চাকরি না পেয়ে ২০১৬ সালেই নিজেই চায়ের দোকান দেন। সেই থেকে তিনি এভাবেই চলছেন।

এ চায়ের দোকানে কাজ করতে করতেই মোহাম্মদ জোবায়ের ২০২৩ সালের ডিসেম্বরের দিকে বিশ্ববিদ্যালয়ের চাকরি নেন। চাকরির এক মাসের মাথায় তিনি বিয়ে করেন। তবে এর মধ্যেই তাঁর মায়ের প্যারালাইসিস ধরে পড়ে। এরপর পরিবারের খরচও বেড়ে যায়। তাই বাধ্য হয়ে দিনের বেলায় প্রহরীর দায়িত্ব পালন শেষে রাতে আবার চায়ের দোকানে বসেন।

জোবায়ের বলেন, প্রায় দুই বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। কিন্তু চাকরির কারণে চায়ের দোকানটি আর আগের মতো চালানো সম্ভব হয় না। আগে দোকানে বসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গান গাইতেন। তাঁদের উৎসাহই তাঁর ভরসা ছিল।

নিজের কষ্টের কথা জানিয়ে জোবায়ের বলেন, ‘বর্তমানে সংসারের চাপ আরও বেড়েছে। অসুস্থ মা, ছোট সন্তান—সব মিলিয়ে দিন পার করা কঠিন হয়ে উঠেছে। বাইরে থেকে তাঁকে স্বাভাবিক মনে হলেও ভেতরের সংগ্রামটা কেউ দেখে না। একদিন কাজ করতে না পারলে সেই দিনের আয়ের সুযোগও হারাতে হয়। তাই একসময় শখের বশে গান গাইলেও এখন কষ্ট ভুলতে গান গাই।’

অবশ্য সারা জীবনই গান চালিয়ে যেতে চান জোবায়ের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর চাকরিটা স্থায়ী হলে সংসারে কিছুটা স্বস্তি ফিরবে। তখন গান নিয়ে আলাদা করে ভাববেন। একদিন ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি গান গাইবেন। এমন সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করে দেবেন।

হাসান আবরার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ–সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাস হয়। পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি।

অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। এটিকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে বিল পাস হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এ–সংক্রান্ত একটি তুলনামূলক শিট তাঁরা ৩–৪ মিনিট আগে হাতে পেয়েছেন। এটা পুরো পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আইনটি পাসের জন্য তাঁদের আরেকটু সময় দেওয়া হোক।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সেই সময় আপত্তি হলে গ্রাহ্য করতে পারতেন। বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই।

জবাবে বিরোধীদলের নেতা বলেন, দুঃখজনকভাবে শিটটা তো পেয়েছেন এই মাত্র।

তখন স্পিকার বলেন, এ বিষয়টি হয়তো পরে দেখবেন, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই।

পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলে যা আছে

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে।

বিলে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনো প্রেসবিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি রহিত করা এবং ১৬টি পরবর্তীতে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়।

যে ১৫টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যদেশ। তবে আজ এ–সংক্রান্ত যে বিল পাস হয়েছে, সেখানে কোনো সংশোধনী আনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন খলিলুর রহমান।

আজ বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সম্পর্কের সেই বরফ গলার ইঙ্গিত দেখা যাচ্ছে।

এর ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে গেলেন খলিলুর রহমান। এই ‘শুভেচ্ছা’ সফরে গতকালই দিল্লি পৌঁছান তিনি।

আজ দুপুরে হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে বসেন নিজেদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘ মেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে ভারতে যাওয়ার প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অন্তর্বর্তী সরকার আমলে খলিলুর রহমানও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে ভারত গেলেন খলিলুর রহমান। তাঁরা আগামীকাল সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন। ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিলের পর বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম স্থগিত থাকবে।

তবে, এদিন এই মামলার এমিকাস কিউরি শরীফ ভূইয়া বলেন, আপিল বিভাগই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটি স্পষ্ট নির্দেশনাও আসতে পারে।

এর আগে, গত মঙ্গলবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। যেখানে ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে নিম্ন আদালতের বিচারকদের পদন্নোতি, শৃঙ্খলা, নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়া হয় সুপ্রিম কোর্টের হাতে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব