স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি তৈরি করে প্রতারণা করে আসছিলেন ওই ব৵ক্তি।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. নাজমুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ‘সিএসএফ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স’ লেখা একটি পরিচয়পত্র, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ড ও একাধিক মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
নাজমুল হাসান জানান, মন্ত্রীর নাম ভাঙিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানের নির্দেশনায় অভিযান চালানো হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রিয়াদ তাঁর ফেসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, এসব ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
পুলিশ জানায়, কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা কামরুল হাসান নামের এক ব্যক্তি কারাগারে থাকা অবস্থায় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা নেন রিয়াদ। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রয়েছে।
এ ছাড়া রিয়াদের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম সিটি করপোরেশনে ট্যাক্স ইন্সপেক্টর, কন্ট্রোল সার্ভার ইনচার্জসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
রিয়াদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।