মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন ধরে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করার বিষয়ে আলোচনা করছেন। বিচার বিভাগে বন্ডির নেতৃত্ব ও এপস্টিন ফাইলস সামলানোর ধরন নিয়ে ট্রাম্প দিন দিন বিরক্ত হয়ে উঠছেন বলে এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আলোচনাকারী ব্যক্তিরা বলছেন, ট্রাম্প পাম বন্ডির জায়গায় এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রশাসক লি জেলডিনকে আনার প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্প অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। বন্ডির সহযোগী ব্যক্তিরা গতকাল বুধবার সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর থাকার ছবির কথা উল্লেখ করে তাঁকে বরখাস্ত করার পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি একজন চমৎকার মানুষ এবং তিনি ভালো কাজ করছেন।’ পাম বন্ডির এক মুখপাত্র ট্রাম্পের এই বিবৃতির দিকেই ইঙ্গিত করেছেন।

তবে কয়েক মাস ধরে বন্ডির ওপর প্রেসিডেন্টের মন তেতো হয়ে আছে। তার অন্যতম প্রধান অভিযোগ হচ্ছে, এপস্টিন ফাইলস বা নথিপত্র নিয়ে বন্ডির ভূমিকা। এই নথি ট্রাম্পের সমর্থকদের কাছে তাঁর জন্য একটি রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এমন ব্যক্তিদের মত হচ্ছে, তিনি বন্ডির যোগাযোগ দক্ষতার অভাব নিয়েও অভিযোগ করেছেন। বিরোধীদের বিরুদ্ধে বিচার বিভাগ যথেষ্ট আগ্রাসী ভূমিকা পালন করছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।

গত মাসে হাউস ওভারসাইট কমিটি পাম বন্ডিকে সমন পাঠানোর পক্ষে ভোট দেয়। যৌন পাচারের অভিযোগে ২০১৯ সালে কারাগারে থাকাকালে আত্মহত্যা করা কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের বিষয়ে বিচার বিভাগের তদন্ত নিয়ে তাঁকে সাক্ষ্য দিতে বাধ্য করতেই এই সমন দেওয়া হয়।

বন্ডির জবানবন্দি ১৪ এপ্রিল নির্ধারিত রয়েছে। অবশ্য তিনি ও কমিটির রিপাবলিকান চেয়ারম্যান কেনটাকি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য জেমস আর কোমার এই জবানবন্দি এড়াতে একসঙ্গে কাজ করছেন। তবে একবার সমন জারি করার পর তা আইনত প্রত্যাহার করা সম্ভব কি না, তা স্পষ্ট নয়।

ট্রাম্প আরও বলেন, বন্ডির অধীনে বিচার বিভাগ তাঁর রাজনৈতিক শত্রুদের বিচার করতে যথেষ্ট তৎপর নয়। গত সেপ্টেম্বরে ট্রাম্প পাম বন্ডির উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি কাউকে অভিযুক্ত না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তাঁর মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে দিতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন। কারণ, তাঁর প্রথম মেয়াদ ঘন ঘন বরখাস্ত ও কর্মী বিশৃঙ্খলার কারণে প্রশাসনের কাজ ব্যাহত হয়েছিল। তবে কিছু কর্মকর্তা বলছেন, গত কয়েক সপ্তাহে ট্রাম্পের মনোভাব বদলেছে। বিশেষ করে ক্রিস্টি নোমকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে সরিয়ে তাঁর জায়গায় মার্কওয়েন মুলিনকে অনায়াস নিশ্চিত করার প্রক্রিয়া ট্রাম্পকে উৎসাহিত করেছে।

এক বছর ধরে ট্রাম্প পাম বন্ডির বিষয়ে মিশ্র সংকেত দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন, বন্ডি তাঁর অগ্রাধিকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। বিশেষ করে এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস বি কোমি ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের মতো রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বিচার বিভাগ মামলা জিততে না পারায় তিনি বেশ ক্ষুব্ধ।

একই সময়ে ট্রাম্প জনসমক্ষে বন্ডির আনুগত্যের প্রশংসা করেছেন এবং প্রায়ই তাঁর সঙ্গে কথা বলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত বন্ডিকে বরখাস্ত করলে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অবশ্য তিনি লি জেলডিনকে পদোন্নতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

লি জেলডিন নিউইয়র্কের সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং ওই রাজ্যের সাবেক গভর্নর পদপ্রার্থী। তিনি ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত যোদ্ধা হিসেবে পরিচিত। ইপিএ প্রশাসক হিসেবে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জেলডিন ট্রাম্পের ‘জ্বালানি কৌশল’–এর ভিশন প্রচার করাকে নিজের মিশন হিসেবে নিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে কয়লাশিল্পের প্রচারমূলক হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে জেলডিন সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাদের গোপন অস্ত্র। তিনি রেকর্ড সময়ের মধ্যে সব অনুমোদন করিয়ে নিচ্ছে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে ইপিএর প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে গত বছর দুঃসাহসিক চুরির ঘটনায় হারিয়ে যাওয়া রোমানিয়ার আড়াই হাজার বছরের পুরোনো অমূল্য সোনার হেলমেট অবশেষে উদ্ধার হয়েছে। বহুল আলোচিত এই প্রত্নসম্পদ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন ডাচ শিল্প-গোয়েন্দা আর্থার ব্র্যান্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি বলেন, এটি অবিশ্বাস্য। আমরা এর চেয়ে ভালো খবর আর পেতে পারতাম না।

তার এই বক্তব্যের মধ্য দিয়েই নিশ্চিত হয়, বহুল আলোচিত কোটোফেনেস্তি সোনার হেলমেট আবারও উদ্ধার হয়েছে।

প্রসিকিউটরদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। ডাচ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার হওয়া হেলমেটটিতে সামান্য ক্ষতির চিহ্ন থাকতে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে উত্তর নেদারল্যান্ডসের ড্রেন্টস জাদুঘরে একদল ডাকাত গভীর রাতে বিস্ফোরক ব্যবহার করে প্রবেশ করে। আতশবাজির শক্তিশালী বোমা ফাটিয়ে তারা জাদুঘরের দরজা ও কাচ ভেঙে ভেতরে ঢোকে এবং প্রদর্শনী কক্ষ থেকে মূল্যবান প্রত্নবস্তু লুট করে নিয়ে যায়।

চোরেরা পালিয়ে যায় পঞ্চম শতাব্দী পূর্বাব্দের এই অমূল্য স্বর্ণের হেলমেট এবং আরও তিনটি ডাসিয়ান স্বর্ণের ব্রেসলেট নিয়ে। নিদর্শনগুলো রোমানিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর থেকে প্রদর্শনীর জন্য ধার দেওয়া হয়েছিল।

এই চুরি শুধু নেদারল্যান্ডসেই নয়, রোমানিয়াতেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কারণ কোটোফেনেস্তির হেলমেট দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য হিসেবে বিবেচিত। দীর্ঘ সময় ধরে এর সন্ধানে আন্তর্জাতিক পর্যায়ে তল্লাশি চালানো হয়।

ঘটনার পর সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য ডাচ সরকার ৫৭ লাখ ইউরো বরাদ্দ রেখেছিল। নিদর্শনটি উদ্ধার হওয়ায় সেই আশঙ্কারও অবসান ঘটল। সূত্র: দ্য গার্ডিয়ান

 

ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর দুটি পরাঘাত আঘাত হানে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন নারী।

পরপর তিনটি কম্পনের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। ঘণ্টা দুয়েক পর সেই সতর্কতা তুলে নিয়েছে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে টারনাটে শহরের উপকূলে নর্দান মলুকা সাগরে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা বলা হয়েছিল রিখটার স্কেলের ৭ দশমিক ৮। পরে তা ৭ দশমিক ৪ মাত্রায় নামিয়ে আনা হয়।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪ দশমিক ৫ মাইল) দূরে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ওই শহরে ২ লাখ ৫ হাজারের বেশি মানুষের বসবাস।

ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, শুরুর ভূমিকম্পের পর দুটি পরাঘাত আঘাত হানে। এর একটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। অন্যটির ৫ দশমিক ২। সংস্থাটি আরও পরাঘাতের আশঙ্কার কথা জানিয়েছে।

ভূমিকম্পে দেশটিতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন। তিনি উত্তর সুলাওয়েসির মিনাহাসা অঞ্চলের বাসিন্দা ছিলেন।

বিবিসি

ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি

৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এ ঐতিহাসিক যাত্রা শুরু করেন।

সর্বশেষ চাঁদে নভোচারী গিয়েছিল ১৯৭২ সালে। ওই সময় নাসার অ্যাপোলো-১৭ মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। একে চাঁদে আর মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গতকাল বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে যখন নভোচারীদের নিয়ে ক্যাপসুলটি রওনা হয়, সেটার উৎক্ষেপণ দেখতে সেখানে হাজারো মানুষ জড়ো হন।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা–নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে।

আর্টেমিস-২ মিশনের চার নভোচারী (বাঁ থেকে) জেরেমি হ্যানসেন, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান ও ক্রিস্টিনা কোচ। গতকাল বুধবারই তাঁদের মহাকাশে পাড়ি দেওয়ার কথা রয়েছে। জেরেমি হ্যানসেন কানাডিয়ান স্পেস এজেন্সির এবং অন্য তিনজন নাসার নভোচারী
আর্টেমিস-২ মিশনের চার নভোচারী (বাঁ থেকে) জেরেমি হ্যানসেন, ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান ও ক্রিস্টিনা কোচ। গতকাল বুধবারই তাঁদের মহাকাশে পাড়ি দেওয়ার কথা রয়েছে। জেরেমি হ্যানসেন কানাডিয়ান স্পেস এজেন্সির এবং অন্য তিনজন নাসার নভোচারী, ছবি: এএফপি

উৎক্ষেপণের পর এক সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা ‘নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল’ আছেন।

‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এই যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘৫০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে যাচ্ছে! আর্টেমিস-২ আমাদের সাহসী নভোচারীদের মহাকাশের অনেক গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি।’

বিবিসিও আল–জাজিরা

ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা যুদ্ধের শুরু দিকের দিনগুলোর পর থেকে চালানো বৃহত্তম হামলা। হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর তথ্যমতে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ‘প্রোটোকল অনুযায়ী’ কিছু ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা জায়গায় আঘাত হানতে দেওয়া হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, দুই দফায় এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রথম দফায় ছোড়া হয়েছে ১০টি। পরের দফায় একটি।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম জানায়, তারা ১৪ জন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে স্থানান্তর করেছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একজন কিশোরী ও ১৩ বছর বয়সী একজন কিশোর রয়েছে।

সংস্থাটির তথ্যমতে, আহত ওই কিশোরীর শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

সংস্থাটি আরও জানায়, স্প্লিন্টারের আঘাতে আহত ১৩ বছর বয়সী এক কিশোর এবং ৩৬ বছর বয়সী একজন নারীর অবস্থা মোটামুটি স্থিতিশীল। বাকি ১১ জনের আঘাত সামান্য। তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তারা আহত হন।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল।

সূত্র: আল-জাজিরা

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই।

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের ছয়টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে অনুমতি দিয়েছে ইরান। এসব জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। ছয়টি জাহাজের ব্যাপারে তারা তেহরানকে জানায়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে। জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ইরানের কাছে আগে না আসার কারণে তা শনাক্ত করতে পারেনি তেহরান।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন (বিস্তারিত তথ্য) পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

এক প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশে জ্বালানিসংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি লক্ষ করছে ইরান। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানিসংকটে না পড়ে, সে দিকে ইরানের নজর রয়েছে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান।

জলিল রহিমি জাহানাবাদি আরও জানান, দেশটিতে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে ফেরত এসেছেন। আরও যাঁরা বাংলাদেশি সেখানে আছেন, তাঁরা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে।

‘ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’

ইরানের সঙ্গে যুদ্ধে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প পালাবার পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেন, এই যুদ্ধে ইরান আগে কোনো আক্রমণ করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে, তবে যুদ্ধের এক মাস যেতে না যেতেই ট্রাম্প পালাবার পথ খুঁজছেন।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, যুক্তরাষ্ট্রে আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি জায়নবাদী ইসরায়েলের ফাঁদে পা দেননি। তবে বর্তমান প্রেসিডেন্ট এই ফাঁদে পা দিয়েছেন। এখন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সকালে এক কথা, দুপুরে এক কথা আর রাতে আরেক কথা বলছেন।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ওমানে যখন শান্তি আলোচনা চলছিল, একটি সমাধানের পথ খোঁজা হচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করে। আর ইরান আত্মরক্ষার জন্য এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সন্ধ্যায় ‘ইরান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট’ বা সর্বশেষ তথ্য দেবেন।

জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের এ ভাষণ হবে স্থানীয় সময় রাত ৯টায় (জিএমটি ০১:০০), যা বাংলাদেশ সময় সকাল ৭টায়।

তবে এ ভাষণের বিষয়ে লেভিট বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

তথ্যসূত্র: বিবিসি

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। জিএমটি ১৫০০ নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তাসংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল।

বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেনি রাশিয়া। তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি।

বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০ এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। এ মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনের একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তারও আগে ২০২০ সালে দেশটির আরেকটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন। তবে বিমানটিতে থাকা এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।

অপরদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর এএন-২৬ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছিলেন। যারমধ্যে পাঁচজন ছিলেন রুশ নাগরিক। এছাড়া ২০১৭ সালে তাদের আরেকটি বিমান আইভরি কোস্টে বিধব্স্ত হয়। ওই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারান।

 

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করে বলেন, সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটির মাধ্যমে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি করে সংসদে উত্থাপন করা সম্ভব হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সংসদে কার্যপ্রণালি বিধির ৬২ ধারায় জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান (ঢাকা-১৫) সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করেন।

সংসদে মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রস্তাবের কেন্দ্রবিন্দু ছিল ওই আদেশের ১০ নম্বর অনুচ্ছেদ, যেখানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তবে তার মতে, এই পরিষদের সাংবিধানিক ভিত্তি নিয়েই প্রশ্ন রয়েছে।

তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির আদেশ বৈধতা পেয়েছিল এবং পরবর্তীতে সংবিধানের বিভিন্ন তফসিলে তা স্বীকৃতি দেওয়া হয়। তবে ১৯৭৩ সালের ৭ এপ্রিল প্রথম সংসদ অধিবেশন বসার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা সীমিত হয়ে যায়। সেই প্রেক্ষাপটে বর্তমান আদেশের আইনগত অবস্থান পর্যালোচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন এবং এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো উদ্যোগ টেকসই হতে পারে না। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস—এ বিষয়টি স্মরণ রেখে যেকোনো সংস্কার কার্যক্রম পরিচালনা করা উচিত।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত নেওয়া গুরুত্বপূর্ণ হলেও প্রশ্ন প্রণয়ন ও উপস্থাপনার বিষয়টি নিয়েও আলোচনা থাকা প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, কিছু ক্ষেত্রে একাধিক বিষয় একত্রে উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে।

মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫-এ যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলোর প্রতি বিএনপির সমর্থন রয়েছে এবং দলটি সংবিধান সংস্কারের পক্ষে।

তিনি জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট গুরুত্বপূর্ণ এবং সংসদের মাধ্যমেই সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট আদেশ ও গণভোটের বৈধতা ইতোমধ্যে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদের সংস্কারের পথে এগোতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

 

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। টানা এক বছর ধরে ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি ঘুরে এই কাজ শেষ করবেন। প্রতি ১০ বছর পর ভারতে জনগণনা করা হয়। শেষবার হয়েছিল ২০১১ সালে। করোনাভাইরাস (কোভিড–১৯) মহামারির কারণে ২০২১ সালে গণনা স্থগিত রাখা হয়।

এবারের জনগণনা হচ্ছে তিন ধাপে। প্রথম ধাপে কিছু দিন ধার্য করা হচ্ছে নাগরিকেরা যাতে ‘ডিজিটালি’ নিজেদের সবকিছু দাখিল করতে পারেন। সে জন্য অনলাইন ফরম পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। খোলা হচ্ছে একটি ‘সেল্ফ এনুমারেশন পোর্টাল’। বিশেষ একটি অ্যাপের মাধ্যমে সেখানে যাবতীয় তথ্য দাখিল করা যাবে। সেই অ্যাপ হবে ইংরেজি ও হিন্দির পাশাপাশি ১৪টি আঞ্চলিক ভাষায়। মোট প্রশ্ন থাকবে ৩৩টি।

ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ গত সোমবার এসব তথ্য জানিয়ে বলেন, অনলাইনে পূরণ করা ফরম দাখিলের পর একটি আইডি দেওয়া হবে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে দাখিল করা, সেসব তথ্য যাচাই করবেন। তারপর তা গৃহীত হলে যাচাই করা তথ্য অনলাইনে আপলোড করা হবে। তিনি বলেন, শুরু থেকেই এবারের জনগণনার চরিত্র হবে ডিজিটাল।

সেল্ফ এনুমারেশনের পর দ্বিতীয় পর্বে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে গৃহ গণনা। কার বাড়ি কেমন, পাকা না কাঁচা, বাড়িতে কী কী আছে; তা আগে দেখা হবে। পরের পর্যায়ে হবে জনগণনার কাজ। প্রতিটি গৃহের বাসিন্দাদের তথ্যের পাশাপাশি তাঁদের জীবন ধারণের উপায় কী, বেতন, কর্মসংস্থানের চরিত্র ইত্যাদি নথিবদ্ধ করা হবে। তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।

যেসব রাজ্যে বিধানসভার ভোট রয়েছে, সেখানে এই গণনার কাজ শুরু হবে ভোট শেষ হওয়ার পর। গৃহ ও জনগণনার মূল কাজ শুরুর ১৫ দিন আগে শুরু হবে সেল্ফ এনুমারেশনের কাজ। জনগণনার চূড়ান্ত ফল ২০২৭ সালেই প্রকাশিত হবে।

এবারই প্রথম জনগণনার সঙ্গে জাত গণনাও করা হবে। এত দিন তফসিল জাতি ও উপজাতি গণনা করা হতো। এবারই প্রথম অন্যান্য অনগ্রসর জাতিকেও (ওবিসি) চিহ্নিত করা হবে।

নতুন বিতর্ক ও সংশয়

জনগণনার কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও সংশয়। আইনসভায় বিতর্ক হয় ‘মহিলা সংরক্ষণ আইন’ কার্যকর ও লোকসভা–বিধানসভার আসন বাড়ানোকে কেন্দ্র করে। এই বিতর্কের মীমাংসা কীভাবে হতে পারে এখনো অজানা।

এই জনগণনার ওপর ভিত্তি করেই লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা বাড়ার কথা। সে জন্য তৈরি করতে হবে ‘ডিলিমিটেশন কমিশন’। আইনসভায় নারীদের আসন সংরক্ষণ ৩৩ শতাংশ করতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুবদ্ধ। গত বছরেই সেই বিল পাস করা হয়। তখনই ঠিক করা হয়, আইন সভায় নারী আসন সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত হবে এই জনগণনার পর।

জনগণনার কাজ ২০২৭ সালে শেষ হলে ডিলিমিটেশনের (নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ) কাজ শেষ করতে অন্তত দুই বছর লাগার কথা। সে ক্ষেত্রে ২০২৯ সালের লোকসভা ভোটের আগে নারী আসন সংরক্ষণ ও ডিলিমিটেশনের কাজ শেষ করা সম্ভব হবে না। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চাইছে তার আগেই ওই দুই কাজ সেরে ফেলতে।

এটি করতে গেলে সরকারকে সংবিধান সংশোধন করতে হবে। সেই উদ্দেশ্যে সরকার চাইছে নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন বাড়ানোর বিষয়ে দুটি পৃথক বিল আনতে, যাতে ২০২৯ সালের ভোটেই তা চালু করা যায়। সরকার চাইছে ওই দুই বিষয়কে এই জনগণনার আওতা থেকে বের করে আনতে।

তবে এটি করার জন্য আইনসভার উভয় কক্ষে সংবিধান সংশোধন বিল দুটিকে দুই–তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে। এই সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে সরকারের নেই। সে জন্য বিরোধীদের সমর্থন প্রয়োজন।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সর্বদলীয় বৈঠক ডাকার ওপর জোর দিচ্ছে। সরকারের ওপর চাপও সৃষ্টি করছে। বিরোধীদের বক্তব্য, জনগণনা যখন শুরু হয়ে গেছে, তখন তড়িঘড়ি করে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে নারী আসন সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত করা অর্থহীন। নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়েও কংগ্রেসের একই অবস্থান। ফলে সরকার ও বিরোধীদের এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ৫ দফা উদ্যোগ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। বেইজিংয়ে বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যৌথভাবে এ উদ্যোগ তুলে ধরেন।

মঙ্গলবার (৩১ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স-এ দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

তাদের প্রস্তাবিত ৫ দফা উদ্যোগে বলা হয়েছে—

প্রথমত, চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করে পরিস্থিতির বিস্তার ঠেকাতে হবে।

দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করতে হবে। একই সঙ্গে ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আলোচনার উদ্যোগে সব পক্ষকে সহায়তা করার কথাও জানিয়েছে দুই দেশ।

তৃতীয়ত, বেসামরিক মানুষ ও সামরিক নয়— এমন স্থাপনায় হামলা বন্ধ করতে হবে।

চতুর্থত, হরমুজ প্রণালির নৌপথ নিরাপদ রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পঞ্চমত, জাতিসংঘ সনদের আলোকে একটি সমন্বিত শান্তি কাঠামো গড়ে তুলতে হবে।