চট্টগ্রাম নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক এনসিপি নেতা নিহত হয়েছেন। বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা-মিসরের ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের জিইসি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত এনসিপি নেতার নাম ফায়াজ তাজরিয়ান (২৬)। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তাঁর বাবা হাকিম উদ্দিন হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তাঁর।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে সড়কবাতি না জ্বলার কারণে উড়ালসড়কে ঘুটঘুটে অন্ধকার ছিল। এর মধ্যেই উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান দেখতে পাননি ফায়াজ। ফলে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় তাঁর মোটরসাইকেল। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ দিবাগত রাত দুইটার দিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় আজ বুধবার সকালে বলেন, ‘মোটরসাইকেলে করে বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছিলেন তাজরিয়ান। রাতে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি বিদ্যুৎ থাকা সত্ত্বেও ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। যার কারণে বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি ফায়াজ দেখতে পাননি।’

হাটহাজারীর গ্রামের বাড়িতে আজ ফায়াজকে দাফন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ফায়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগানও দিয়েছিলেন তিনি।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব