বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
জানতে চাইলে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। প্রসঙ্গত, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা স্থগিতের আদেশে বলা হয়, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ। রাঙামাটিতেও টানা ভারী বৃষ্টি হয়েছে।