জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন সময়ে প্রশাসনের যাঁরা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করার জন্য সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার কাজ চলমান আছে। চিহ্নিত করার পর তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানান, বাংলাদেশে সরকারি চাকরিতে বর্তমানে (৩০ জুন ২০২৫ পর্যন্ত) ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সচিব/সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত রয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে সংসদ কাজে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানান, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আবদুল বারী বিসিএসের ফল প্রকাশে কত সময় লাগে তার একটি চিত্র তুলে ধরেন। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর সাত মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ২ মাস ৯ দিনের মধ্যে চূড়ান্ত ফলাফল, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ১১ মাস ২৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়; ৪৪তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ৫০তম বিসিএসে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, চাকরিক্ষেত্রে পদোন্নতি চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারে দক্ষ এবং যোগ্য কর্মকর্তাদের সার্বিক দিক বিবেচনায় যথাসময়ে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। ২০২৫ সাল পর্যন্ত সরকারি জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা/কর্মচারীর হার ২৯ শতাংশ।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব