বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি শুরু হতে পারে আগামী রোববার থেকে। আগামীকাল শনিবার সন্ধ্যা থেকেও কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবারই আবহাওয়া অফিস লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা জানায়।

আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, লঘুচাপটি নিম্নচাপেও পরিণত হতে পারে—এমন সম্ভাবনা আছে। তবে বিষয়টি নিশ্চিত নয়। নিম্নচাপ হলে বৃষ্টি বাড়তে পারে। রোববার থেকে এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টি বাড়তে পারে কিছু এলাকায়।

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে বৃষ্টি বেশি হতে পারে মূলত উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা এলাকায় এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্রও বৃষ্টি বাড়তে পারে বলে জানান কাজী জেবুন্নেছা। তিনি বলেন, বৃষ্টি দিন দুয়েক বেশি হতে পারে। তবে এর প্রভাবে অন্তত চার থেকে পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়।

লঘুচাপটি এখন ভারতের ওডিশা উপকূলে রয়েছে বলে অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে অন্তত ২৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে। এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপ্রবাহও থাকতে পারে।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব