সিঙ্গাপুরের বিপক্ষে স্কোরলাইন ১–১; আর তিন মিনিট পরই রেফারির শেষ বাঁশি বাজবে। ঠিক তখনই যেন ম্যাজিক নিয়ে হাজির বাংলাদেশের আইরিন আক্তার। ৫৭ ও ৫৮ মিনিটে দুই গোল করে বাংলাদেশকে নিয়ে গেলেন এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে। ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৩–১ গোলে। বাংলাদেশের তিনটি গোলই আইরিনের।
বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে আজ সন্ধা সাতটায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে চায়নিজ তাইপে। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামীকাল ফাইনাল খেলবেন বাংলাদেশের মেয়েরা।
প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। গত রোববার হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত করে তারা। আজ পেয়ে গেল বাছাইপর্বের ফাইনালের টিকিটটাও।
বাংলাদেশ নারী হকি দলের এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ছেলেদের দল এশিয়ান গেমসের বাছাইপর্বে এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
জাকার্তার জিবিকে হকি মাঠে আজ প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে সিঙ্গাপুর। যদিও বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে থাকা দলটির বিপক্ষে দশম মিনিটেই আইরিন আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে দলকে সমতায় ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরি।
গোল হজমের পর কিছুটা সতর্ক হয়েই আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। ১৭ মিনিটে বাংলাদেশও একটি পেনাল্টি কর্নার পায়, কিন্তু নাদিরা সেটিকে গোলে রূপ দিতে পারেননি। ১–১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণগুলো সিঙ্গাপুরের গোলমুখেই ঘুরপাক খেয়েছে। ৪২ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় পেনাল্টি কর্নার পেলেও অধিনায়ক অর্পিতা পাল গোল করতে পারেননি। ৪৫ মিনিটে শারিকার দারুণ হিট থামিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার ইলিয়া।
১–১ সমতা নিয়ে শুরু চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। ৪৭ ও ৪৮ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পেলেও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশ। তবে দেরিতে হলেও ম্যাচে ফেরে জাহিদ হোসেনের দল। ৫৭ মিনিটে কনা আক্তারের পাস থেকে ফিল্ড গোল করেন আইরিন। এক মিনিট পর আইরিন নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন আরেকটি ফিল্ড গোলে।