যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার ঘোষণা করেছে যে তাদের বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, গতকাল একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযান ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে সফলভাবে আঘাত হেনেছে।
পোস্টে আরও বলা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত হেনেছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো সি-ড্রোনের ব্যবহার করল।
সেন্টকম দাবি করেছে, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের অনবরত হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়েছে। এই ড্রোন অভিযানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে সেন্টকম।