চলতি গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে এশিয়ার বিভিন্ন শহরের মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। ঠিক এমন এক সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠ গুরুগ্রামের রাস্তায় দেখা মিলল অদ্ভুত ও চমকপ্রদ এক দৃশ্যের। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে রাজকীয় ভঙ্গিতে ছুটে চলেছে একটি সাধারণ থ্রি-হুইলার।
তবে এটি আর পাঁচটা সাধারণ অটোর মতো নয়। এর ভেতরে অবিরাম চলছে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। গরমের এমন দিনে এটা সাধারণ যাত্রীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। আরামদায়ক এ গণপরিবহন দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পথচলতি মানুষের।
সম্প্রতি দিপাংশী নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই বিশেষ শীতাতপনিয়ন্ত্রিত অটোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, একটি নীল রঙের অটোরিকশার পেছনের অংশে অত্যন্ত নিখুঁত ও অভিনব উপায়ে এসি ইউনিট বসানো হয়েছে।
অনেকে মনে করেছিলেন, এই এসি দেখানোর জন্য বসানো হয়েছে। কিন্তু এই এসি কেবল দেখানোর জন্য নয়, বরং এটা সত্যি সত্যি কাজ করছে। যাত্রীদের দিচ্ছে হিমশীতল প্রশান্তি। গুরুগ্রামের মতো তীব্র যানজটপ্রবণ ও তপ্ত শহরের সাধারণ যাত্রীদের জন্য এ উদ্ভাবন যেন এক পরম সুখবর।
ভিডিওটি আপলোড হওয়ামাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। নেট বাসিন্দারা অনন্য এই ‘দেশি জুগাড়’ বা টেকসই প্রযুক্তির বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে জমা পড়েছে হাজারো মজার, ইতিবাচক ও কৌতূহলী মন্তব্য।
অনেকেই এই অটোরিকশাচালকের বুদ্ধিমত্তার তারিফ করছেন। একজন রসিকতা করে লিখেছেন, ‘আজকালকার কিছু দামি গাড়ির এসির চেয়ে এই অটোতে যাতায়াত অনেক বেশি আরামদায়ক!’
আবার চণ্ডীগড়ের এক বাসিন্দা লিখেছেন, ‘আমাদের শহরেও এ মুহূর্তে এমন একটা দারুণ ব্যবস্থার খুব দরকার।’ অন্য এক ব্যবহারকারী একে আগামী দিনের নগর পরিবহন কেমন হতে যাচ্ছে, সেটার একটা নমুনা বলে মন্তব্য করেছেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করার জন্য চালককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।