ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ বলে উল্লেখ করেছেন। নিজের বংশপরিচয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে থালাপতি বিজয় বলেন, তিনি রাজপরিবার থেকে আসেননি। এ কারণেই জনগণ তাঁকে গ্রহণ করেছেন।
৫১ বছর বয়সী থালাপতি বিজয় স্পষ্ট করে বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। সেই সঙ্গে তিনি ‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের’ নতুন যুগ গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন।
জনগণের প্রতি নতুন মুখ্যমন্ত্রীর অনুরোধ, তাঁরা যেন তাঁর কাজের মূল্যায়ন করার ক্ষেত্রে যৌক্তিক সময় দেন।
তারকা অভিনেতা থেকে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।’
এর মধ্য দিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এটাই স্পষ্ট করেছেন যে তিনি জোট সরকার গঠন করলেও তাঁর সরকার জোটসঙ্গীদের চাপের মুখে তাদের ইচ্ছানুযায়ী কোনো কাজ করবে না।
‘মামা বিজয়’ হিসেবে পরিচিত তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, তাঁর সরকারের যেকোনো নীতির জন্য তিনিই জনগণের কাছে জবাবদিহি করবেন।
আজ স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের ৯ মন্ত্রীও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাজ করবে।

শপথের পর পর রাজ্য সচিবালয়ে গিয়ে পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সরকারি আদেশে সই করে জনগণের কল্যাণে আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী গঠন করার আদেশ দিয়েছেন।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এবারের বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পায়। এর মধ্যে থালাপতি বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা ১০৭।
কয়েক দিনের নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসন নিশ্চিত করে টিভিকে। এর পরই জোট সরকার গঠন করে দলটি। জোট সরকারের মুখ্যমন্ত্রী হন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল।
চেন্নাই