বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান এইমাত্র আমাদের জানিয়েছে যে, দেশটি বর্তমানে “ভেঙে পড়ার মতো অবস্থায়” রয়েছে। দেশটিতে নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চলাকালীন (যা আমার বিশ্বাস তারা সফলভাবেই করতে পারবে!) তারা চায়, আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই।’
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ বিষয়ে ট্রাম্প অনেকবার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন। এসব পোস্টের মধ্যে বেশ কিছু পরে অসত্য বলে প্রমাণ হয়।
সর্বশেষ ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্পসহ তাঁর জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা। এই প্রস্তাবে ট্রাম্প সন্তুষ্ট হতে পারেনি বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যদিও যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল–জাজিরা।