খুব শিগগির কিউবার পতন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন।
সিএনএনের উপস্থাপক ডানা ব্যাশকে টেলিফোনে সাক্ষাৎকারটি দিয়েছেন ট্রাম্প। এ সময় তিনি নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা তুলে ধরেন। একপর্যায়ে ট্রাম্প কিউবার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘খুব শিগগির কিউবার পতন ঘটবে। যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, তবু বলে রাখছি যে কিউবারও পতন ঘটতে যাচ্ছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে।’
তবে এ মুহূর্তে ইরানই তাঁদের অগ্রাধিকারের জায়গা বলে উল্লেখ করেন ট্রাম্প।
এর এক দিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের তাঁদের জন্মভূমি কিউবাতে ফিরে যাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে কিউবা।
গত বৃহস্পতিবার নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব ভালো কাজ করছেন। আর আপনার পরবর্তী কাজ হবে বিশেষ করে কিউবাকে নিয়ে, যেটা আমরা করতে চাই।’
সিএনএন