ঈদুল আযহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিবেচনায় বান্দরবানে পর্যটকদের জন্য নির্দিষ্ট সংখ্যক নির্দেশনা জারি করেছে প্রশাসন। জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
সোমবার (২৫ মে) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ব্যতীত কোনো রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় টুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
প্রশাসন জানায়, জারিকৃত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে।