দেশে জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদ আমলে এই শব্দটি উচ্চারিত হতো। তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করতো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কিছু উগ্রপন্থি গ্রুপ এবং মৌলবাদী রাজনৈতিক দলও সক্রিয় থাকতে দেখা যায়। তবে আমাদের দেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে বর্তমানে এ ধরনের জঙ্গিবাদের প্রচলন নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) যেগুলো আছে, সেগুলো সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। এসব স্থাপনায় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বিভিন্ন বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটা আগে যেমন ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।