রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিতে আহত হয়েছেন তাঁর দুই বোন। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি উপরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ধর্মশিং চাকমা (৩৯)। তিনি কুতুকছড়ির ৪ নম্বর ওয়ার্ডের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে। ইউপিডিএফের (প্রসীত) যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন ধর্মশিং।
আহত দুজন হলেন ধর্মশিংয়ের দুই বোন ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর বলেন, ‘ভাগ্যশোভা চাকমা ও কৃপা সোনা চাকমা নামের দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের দুজনের হাতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’
জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন সকাল ১০টার দিকে বলেন, গোলাগুলিতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।