চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক কলেজছাত্রকে অপহরণের পর নির্মাণাধীন ভবনে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেলে বাকলিয়া এক্সেস রোড থেকে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশায় তোলার দৃশ্য ধরা পড়ে।
একপর্যায়ে দুর্বৃত্তদের কবল থেকে ছুটে পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় সাজিদ। প্রাণ বাঁচাতে দৌড়ে ভবনটির অষ্টম তলায় উঠে যায় সে। তবে দুর্বৃত্তরাও তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। পরে সাজিদকে মারধর করে লিফ্ট বসানোর জন্য রাখা ফাঁকা গর্তে ফেলে দেয় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে এখনও রক্তের দাগ দেখা গেছে।
ঘটনার খবর পেয়ে চকবাজার থানা পুলিশ তদন্তে নামে। এসআই মেহেদী হাসান সৈকতের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভবনটির কেয়ারটেকার এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে এনায়েত উল্লাহ ও আয়মন চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি পুলিশের।
চকবাজার থানার ওসি বাবুল আজাদ জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহত সাজিদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। সে পরিবারের সঙ্গে বাকলিয়া ডিসি রোডের একটি ভাড়া বাসায় থাকতো।
স্বজনদের দাবি, ফারদিন হাসান নামে এক বন্ধু তাকে ফোন করে তাকে ডেকে নিয়েছিল।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।