তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাঁধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুণরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, এই অবদান ভুলবার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরতেন তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হউক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই বোনদের যে সমস্যাগুলো আছে এটা সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে। প্রকৃত সাংবাদিকরা যেন তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারে। সরকার গণমাধ্যমের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যম বান্ধব সরকার। আমরা জণগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। আপনাদের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো। কারন আপনারা যে বস্তুনিষ্ট সংবাদ প্রচার করে গেছেন তা গণতন্ত্র টিকিয়ে রাখবার জন্য অব্যাহত রাখবেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।