নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে একটি জরিপ জাহাজ কিনতে চুক্তি সই করেছে বাংলাদেশ। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিপ জাহাজ বিক্রয় চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার করছে।
যুক্তরাজ্য হাইকমিশন জানিয়েছে, ইকো-ক্লাস হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’-এর জন্য জিটুজি বিক্রয় চুক্তি সই করেছে বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাজ্য। চুক্তি সই অনুষ্ঠানটি ঢাকায় নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ নৌবাহিনী, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির রাজকীয় নৌবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিপ কার্যক্রম, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সেবার জন্য পরিচিত এইচএমএস এন্টারপ্রাইজ জাহাজটি এখন বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সাহায্য করবে। জাহাজটি হাইড্রোগ্রাফিক, ওশানোগ্রাফিক ও বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখার পাশাপাশি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উল্লেখযোগ্য গবেষণার সুযোগ দেবে।
চুক্তি সই অনুষ্ঠানে যুক্তরাজ্যের পক্ষে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, হাইকমিশনের প্রতিরক্ষা অ্যাটাশে কমান্ডার লি নর্টন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা ন্যানিস কালোবুলাওয়াসাইকাবারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সহকারী নৌবাহিনীপ্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল জাহাঙ্গীর আদিল সামদানী উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, এইচএমএস এন্টারপ্রাইজ রাজকীয় নৌবাহিনীকে সম্মানের সঙ্গে সেবা প্রদান করেছে। এই জরিপ জাহাজের বিক্রয় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গভীর আস্থা ও দৃঢ় সহযোগিতার প্রতিফলন। এতে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগরের প্রতি যৌথ প্রতিশ্রুতির একটি নতুন সূচনা হয়েছে। এইচএমএস এন্টারপ্রাইজের বিক্রয় সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল, মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগরে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অব্যাহত অংশীদারত্বের প্রতিফলন।