জমে উঠেছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। মাঠে চলছে ব্যাট-বলের খেলা, ড্রেসিংরুমে চলছে ক্যালকুলেটরের হিসাব। এরই মধ্যে গ্রুপ-২–এ টানা দুই জয় তুলে নিয়ে সবার আগে শেষ চারের টিকিট পকেটে পুরেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের সঙ্গী হওয়ার দৌড়ে টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

অন্যদিকে গ্রুপ-১ এখনো বেশ উন্মুক্ত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবুয়ে—চার দলের সামনেই খোলা সেমিফাইনালের দরজা।

সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। এই পর্বের প্রথম ম্যাচেই যেমন বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে পাকিস্তান-নিউজিল্যান্ড।

ফলে শেষ পর্যন্ত একাধিক দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে সুপার এইটে। তখন সেমিফাইনালে যাবে কোন দল? চলুন দেখা যাক টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির প্লেয়িং কন্ডিশনে কী বলা আছে।

সবার আগে শেষ চারের টিকিট পকেটে পুরেছে ইংল্যান্ড
সবার আগে শেষ চারের টিকিট পকেটে পুরেছে ইংল্যান্ড, এএফপি

সেমিফাইনালে যাবে কোন দল

১. পয়েন্ট:

প্রতিটি গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল সেমিফাইনালে খেলবে।

২. জয়ের সংখ্যা:

যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে যে দল বেশি ম্যাচ জিতেছে, তারা ওপরে থাকবে।

৩. নেট রান রেট:

পয়েন্ট ও জয়—উভয়ই সমান হলে নেট রান রেটের মাধ্যমে অবস্থান নির্ধারিত হবে।

৪. মুখোমুখি লড়াই:

রান রেটেও যদি ফয়সালা না হয়, তবে দেখা হবে ওই দুই দলের নিজেদের মধ্যকার লড়াইয়ে কে জিতেছিল।

৫. আইসিসি র‍্যাঙ্কিং:

এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তাহলে দেখা হবে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে কোন দল এগিয়ে ছিল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিম্বাবুয়েকে সুপার এইটে তোলার পুরস্কার পেলেন অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং তালিকায় টি-টুয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রাজা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে ৪৫ রানের ইনিংস খেলেন রাজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ২৭ রানের ইনিংস। পাকিস্তানের সাইম আইয়ুবকে দুইয়ে ঠেলে শীর্ষস্থানে উঠে এলেন রাজা। তাঁর রেটিং পয়েন্ট ২৯৪। সাইম আইয়ুবের রেটিং পয়েন্ট ২৮১। এই দুই খেলোয়াড়ের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিকবার অলরাউন্ডারদের শীর্ষস্থান হাতবদল হয়েছে। দুই ধাপ এগিয়ে ভারতের শিবম দুবে উঠে এসেছেন সাতে। আফগানিস্তানের মোহাম্মদ নবী তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন আটে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতের অভিষেক শর্মা
ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতের অভিষেক শর্মা, এএফপি
 

টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বড় ইনিংসের দেখা পাননি ভারতের ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বে তিন ম্যাচেই শূন্য রানে আউট হন। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে আউট হন। অভিষেক বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও এ সংস্করণে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে তাঁর ৬১ পয়েন্টের ব্যবধান।

টি-টুয়েন্টি বিশ্বকাপের এ পথ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। তিন ধাপ এগিয়ে ভারতের ঈশান কিষান উঠে এসেছেন পাঁচে, ১০ ধাপ উন্নতি করে নয়ে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ডেভাল্দ ব্রেভিস। গতকাল পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে সেঞ্চুরি করে জেতানো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১৮তম অবস্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন সাহিবজাদা ফারহান
ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন সাহিবজাদা ফারহান, এএফপি
 

টি-টুয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুন চক্রবর্তী। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেওয়া পেসার করবিন বশ ২১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন তৃতীয় স্থানে। সাতে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড উন্নতি করেছেন ২৩ ধাপ। ৭ ধাপ উন্নতি করে আটে ভারতের পেসার যশপ্রীত বুমরা। যৌথভাবে ২১তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি উন্নতি করেছেন ১৭ ধাপ।

প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। এরই মধ্যে স্থানীয় নারী ক্রিকেটারদের ক্যাটাগরি নির্ধারণের কাজ শুরু করেছেন নির্বাচকেরা।

ড্রাফটের জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে থাকবে ‘আইকন’, যেখানে জাতীয় দলের তিনজন তারকা ক্রিকেটারের একজন করে নেবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে পারিশ্রমিক।

আইকন হিসেবে অধিনায়ক নিগার সুলতানার থাকা প্রায় নিশ্চিত। তার সঙ্গে সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারিও বিবেচনায় আছেন।

স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এই ক্যাটাগরি থেকে দুজন করে খেলোয়াড় নেবে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ১২ জন ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে রাখা হবে প্রায় ২০ জন ক্রিকেটার, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে প্রথম ডাকে অবিক্রীত থাকা ক্রিকেটারদের আবার তোলা হবে ‘ডি’ ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক হবে দেড় লাখ টাকা। এখনো চূড়ান্ত হয়নি কারা কোন ক্যাটাগরিতে থাকবেন। কয়েক দিনের মধ্যেই তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।

ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগ্রহ থাকলে তাদের ড্রাফটেও তোলা হতে পারে। বিদেশি ক্রিকেটারদের সম্ভাব্য পারিশ্রমিক ধরা হয়েছে, এ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, বি ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, সি ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার।

প্রতিটি ম্যাচে একাদশে দুজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক, আর স্কোয়াডে রাখতে হবে অন্তত চারজন বিদেশি খেলোয়াড়।

আগামী ৩ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে নারী বিপিএলের ম্যাচগুলো। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু।

এদিকে তিন দলের এই টুর্নামেন্টের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। নারী বিপিএলে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। এরই মধ্যে ছেলেদের বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স সত্ত্বাধিকারী নাবিল গ্রুপ ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি টিভি স্বত্ব বিক্রি ও পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু করেছে বিসিবি।

বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে নিগার সুলতানার দল। বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে। আইসিসি আজ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে। ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ২ নম্বর গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। দুই দিন পর এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে নিগার সুলতানার দল। এর মধ্যে শেষ ম্যাচটি তারা খেলবে লর্ডসে।

এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার তর সইছে না ইংল্যান্ডে খেলতে। আইসিসিকে বলেছেন, ‘আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই একটু রোমাঞ্চিত। তবে জানি, বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে এত বড় আসরে মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেব, সেরা ক্রিকেট খেলব এবং দেশের জন্য ম্যাচ জিতব।’

গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে চারটি দল খেলবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই ওভালে হবে ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচ দুটি। ৫ জুলাই লর্ডসে হবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

নারী টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ

তারিখ বিপক্ষে ভেন্যু সময়
১৪ জুন নেদারল্যান্ডস এজবাস্টন বেলা ৩-৩০ মি.
১৭ জুন অস্ট্রেলিয়া হেডিংলি বেলা ৩-৩০ মি.
২০ জুন পাকিস্তান সাউদাম্পটন সন্ধ্যা ৭-৩০ মি.
২৫ জুন ভারত ওল্ড ট্রাফোর্ড সন্ধ্যা ৭-৩০ মি.
২৮ জুন দক্ষিণ আফ্রিকা লর্ডস বেলা ৩-৩০ মি.
 

‘ইশ্‌, ব্রুককে ফেরানো গেলেই…!’

পুরো ইনিংসজুড়ে পাকিস্তানের সমর্থকদের মনে হয়তো চাওয়া ছিল এমনই। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। ১৭তম ওভারে যতক্ষণে শাহিন শাহ আফ্রিদির বলে ব্রুক বোল্ড হন, ততক্ষণে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেয়ে গেছেন ব্রুক। ম্যাচ জেতাও প্রায় নিশ্চিত ইংল্যান্ডের।

সেই ‘প্রায়’ জয়টাও অবশ্য কিছুক্ষণের জন্য অনিশ্চিত হয়ে গিয়েছিল। ব্রুক ফেরার পর ইংল্যান্ড ৫ রানের ব্যবধানেই যে হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু জয়ের জন্য তখন দরকার ছিল আর কেবল ৪ রান। সালমান মির্জার শেষ ওভারের প্রথম বলেই চার মেরে তা নিশ্চিত করে ফেলেন জফরা আর্চার।

তবে ইংল্যান্ডের এই জয় আসলে কাল প্রথমবার আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনে ব্যাট করতে নামা ব্রুকের একারই এনে দেওয়া। কেন? ইংল্যান্ডের স্কোরকার্ডের দিকে তাকালেও উত্তরটা পেয়ে যাওয়ার কথা। তিনি ছাড়া আর মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান পেয়েছেন। একজন ১৫ বলে ১৬ রান করা স্যাম কারেন, অন্যজন উইল জ্যাকস।

সেঞ্চুরির উদ্‌যাপন
সেঞ্চুরির উদ্‌যাপন, এএফপি

ব্রুকের জয়ে জ্যাকসের অবদানও অবশ্য কিছুটা আছে। ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর তাঁদের দুজনের ৩১ বলে ৫২ রানের জুটিতেই জয়ের পথে এগিয়েছে ইংল্যান্ড। ৫ বল আর ২ উইকেট হাতে রেখে পাওয়া সেই জয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রুকের ইংল্যান্ড।

পাল্লেকেলের সুপার এইটের ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। পাঁচ ম্যাচ পর এই মাঠে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো অধিনায়ক। কিন্তু তাঁর ব্যতিক্রমী সিদ্ধান্ত আর ভালোর দিকে বদলে দিতে পারেননি ব্যাটসম্যানরা।

এক সাহিবজাদা ফারহান ছাড়া আর কেউই সেভাবে সুবিধা করতে পারেননি। বাকিদের মন্থর হওয়ার দিনে তাঁর হিসাবি ব্যাটিংই পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিল। ৪৫ বলের ইনিংসে ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেছিলেন তিনি।

তাঁর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বল খেলেছিলেন বাবর আজম, তিনি করেছেন ২৫ রান। তাঁর এমন ব্যাটিংয়ে একটা ‘বাজে’ রেকর্ডও হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে খারাপ স্ট্রাইক রেট (১১১.৮) এখন তাঁর।

সাহিবজাদা ফারহান
সাহিবজাদা ফারহান, এএফপি
 

তবু এক বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ (১৯) ছক্কার রেকর্ড গড়া ফারহানের ফিফটি আর শেষ দিকে শাদাব খানের ১১ বলে ২৪ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে পাকিস্তান।

তাদের রান আরও বেশি বাড়তে না দেওয়ার বড় কৃতিত্ব ইংল্যান্ডের লিয়াম ডসনের—৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান এই বাঁহাতি স্পিনার। এই রান যথেষ্ট হয়েছে তাঁর দলকে সেমিফাইনালে তুলে দিতে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৬৪/৯ ( ফারহান ৬৩, ফখর ২৫; ডসন ৩/২৪, আর্চার ২/৩২)। ইংল্যান্ড: ১৯.১ ওভারে ১৬৬/৮ (ব্রুক ১০০, জ্যাকস ২৮; আফ্রিদি ৪/৩০, উসমান ২/৩১)। ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা: হ্যারি ব্রুক

ভারতের সবচেয়ে বড় হার

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৭৬ রানে। টি–টুয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এত দিন বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে।

২০২২ টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম বহুজাতিক টুর্নামেন্টে হারল ভারত। মাঝে ২২টি ম্যাচ খেলে জিতেছিল ২১টিতে, একটি ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত।

ভারত ১১১ রানে অলআউট, দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয়ী

৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর হারের ব্যবধান কমাতে ব্যাট চালিয়েছিলেন শিবম দুবে। কিছুটা সফলও হয়েছেন। তবে বেশি দূর দলকে এগিয়ে নিতে পারেননি। উনিশতম ওভারের চতুর্থ বলে তিনি আউট হওয়ার পর পঞ্চম বলে বুমরার উইকেটটিও হারিয়েছে ভারত। টানা দুই বলে উইকেট নিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি টেনেছেন মার্কো ইয়ানসেন।

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত অলআউট ১১১ রানে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ৭৬ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটের প্রথম ম্যাচ ছিলো গ্রুপ-২ এর পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিতে ভেসে পরিত্যক্ত হয় সুপার এইটের এই ম্যাচটি। 

খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে বৃষ্টি কিছুটা থামলে টস হয়। টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটির ভাগ্য গড়ায় পরিত্যক্তর দিকে।

আইসিসি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখেনি। ফলে ম্যাচটি অন্য দিনে মাঠে গড়ানোর সুযোগ নেই।

আইসিসির টি-টোয়েন্টি নিয়ম অনুযায়ী দু'দলের কমপক্ষে ৫ ওভার খেলার সুযোগ থাকলে ম্যাচটি মাঠে গড়াতো। সেটিও সম্ভব না হলে সুপার ওভার। কিন্তু বৃষ্টি বাঁধায় সুপার ওভারও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয় নিউজিল্যান্ড ও পাকিস্তানকে। 

আগামী ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন ২৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে সুপার এইটে দুইটি গ্রুপের প্রত্যেক দলই খেলবে ৩টি করে ম্যাচ।   

 

 
 

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে জুন–জুলাইয়ে। ফিফা চায় ক্লাবগুলোকে নিয়ে যে বিশ্বকাপ আয়োজন করা হয়, সেটিতেও ৪৮ দল খেলবে। তবে ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফা এমন পরিকল্পনার সঙ্গে একমত নয়। সম্প্রতি ব্রাসেলসে উয়েফার সাধারণ সভায় উপস্থিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে অন্যান্য বিষয়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের বিষয়টি আলোচিত হয়।

দীর্ঘদিন ধরে ফিফা ক্লাব বিশ্বকাপ শুধু মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হতো। তবে ২০২৫ সালে নতুনভাবে ৩২ দল নিয়ে আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ক্লাব বিশ্বকাপটি নিয়ে ফিফা বেশ সন্তুষ্ট। এখন মূল বিশ্বকাপের মতো এই টুর্নামেন্টটিও সম্প্রসারণের পরিকল্পনা করছে সংস্থাটি।

৫০ শতাংশ দল বাড়াতে চায় ফিফা

মার্কার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উয়েফা কংগ্রেসে যোগ দিয়ে ফিফা সভাপতি সুপার লিগ, ক্লাব বিশ্বকাপসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ফিফা চায়, ক্লাব বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দলে উন্নীত করতে, যা জাতীয় দলগুলোকে নিয়ে আয়োজিত মূল বিশ্বকাপের মতোই ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

এ ক্ষেত্রে ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপ স্পেন ও মরক্কোতে আয়োজনের চিন্তা আছে সংস্থাটির। পরের বছরই এ দুই দেশে ফিফা বিশ্বকাপ থাকায় ক্লাবের টুর্নামেন্টটি ‘টেস্ট রান’ হিসেবে জুতসই মনে করা হচ্ছে। তবে টানা দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে আয়োজনের বিকল্পও খোলা রাখা হয়েছে।

উয়েফার আপত্তি

তবে ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনায় আপত্তি জানিয়েছে উয়েফা। সর্বশেষ আসরে উয়েফার ১২টি দল খেলেছে ক্লাব বিশ্বকাপে, যা যেকোনো মহাদেশের তুলনায় সর্বোচ্চ। ফাইনালে খেলেছেও ইউরোপের দুই ক্লাব চেলসি ও পিএসজি। চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

তবে সূচির ব্যস্ততা এবং অতিরিক্ত ম্যাচ ও দল যুক্ত করার বিষয়টি নিয়ে আরও ভাবা দরকার বলে উয়েফা এখনই ৪৮ ক্লাবের বিশ্বকাপের বিষয়ে ইতিবাচক নয় বলে জানিয়েছে মার্কা। উয়েফা নিজেই সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে উত্তীর্ণ দলগুলোর জন্য অতিরিক্ত চারটি ম্যাচ বাড়িয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকে মৌসুমের টুর্নামেন্ট শেষে সূচির অত্যধিক চাপ নিয়ে সমালোচনা করেছিলেন। এখন আবার ফিফার টুর্নামেন্টে দল বাড়লে খেলোয়াড়দের ওপরও চাপ বাড়বে।

আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস। তিনজনই নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেয়েছেন।

গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তারির। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের নেতৃত্ব দেন গ্যাবি লুইস, তাঁর দলও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। জানুয়ারিতে ৬ টি-টুয়েন্টিতে তিনি ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৩ রান করলেও সেই ম্যাচে দলকে জেতাতে পারেননি। তবে বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।

বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সের জন্যই মাসসেরার মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের টারা নরিস। বাঁহাতি এই পেসার ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস। তবে তাঁর দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায়নি।

২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। এরপর আর বাংলাদেশের কেউ এই স্বীকৃতি পাননি।

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল করতে পেরেছিল ৮ উইকেটে ১১০ রান। যে কোনো ধরনের টি–টুয়েন্টি ক্রিকেটেই রানটা কম। জিতলেও কঠিন লড়াই হওয়ার কথা। কিন্তু পাকিস্তান নারী ‘এ’ দলের বিপক্ষে এই রান নিয়ে জিততে কোনো কষ্টই হয়নি বাংলাদেশের।

ব্যাংককে পাকিস্তানকে মাত্র ৫৬ রানে অলআউট করে ৫৪ রানের বড় জয় পেয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

অল্প রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। প্রথম ৬ ওভারে ২১ রান তুলতে হারায় ২ উইকেট। পাওয়ার প্লের পর বোলিংয়ে এসে দলটিকে আরও চাপে ফেলেন অধিনায়ক ফাহিমা।

নিজের প্রথম ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট নেন ফাহিমা। এ সময় পাকিস্তান উইকেট হারায় রানআউটেও। মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে তখনই ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় পাকিস্তান। পরের ৫ উইকেটে ২৬ রানের বেশি করতে পারেনি তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার ৩.৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশের রান তিন অঙ্কে নিতে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ফাহিমা। ৩২ বলের ইনিংসে ৫ চারে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ১৫ রান করেন শারমিন সুলতানা। ৬ ব্যাটারকে সাজঘরে ফিরতে দেখা ফাহিমা একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন। সেই রানে শেষ পর্যন্ত জয়ও এসেছে। ব্যাট–বলের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন ফাহিমা।

রোববার ভারত ‘এ’ নারী দলের বিপক্ষে ফাইনালে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১০/৮ (ফাহিমা ৩২, শারমিন ১৫, শামীমা ১৩; হাফসা ২/২৫)।
পাকিস্তান নারী ‘এ’ দল: ১৬.৪ ওভারে ৫৬/১০ (শাওয়াল ১৪, , হাফসা ১২; সানজিদা ৩/৬, ফাহিমা ২/৬)।
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানে জয়ী।

প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দলে ডাক পেয়ে খুশি সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। গত রাতে বাফুফের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথাই বলেছেন আনিকা, ‘শৈশব থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য ছিল। অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে। জাতীয় দলে নাম লেখাতে পেরে সত্যিই আমি খুশি।’

১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ খেলতে আজ রাত ২টায় ব্যাংকক হয়ে সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে আজ দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলারের মুখে শোনা গেলে আনিকার প্রশংসা, ‘তার বয়স ২০–২১ বছর। ফেডারেশনের একজন সদস্য, মিস্টার ফাহাদ তার জন্য সুপারিশ করেছিলেন। আমরা তার ভিডিও দেখেছি, অনুশীলন পর্যবেক্ষণ করেছি। আমার চোখে সে সত্যিই সম্ভাবনাময়, ভবিষ্যতের জন্য বড় আবিষ্কার হতে পারে।’

প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। এবার আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।

গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশ দলের হয়েও কাজে লাগাতে চাইবেন ২০ বছর বয়সী আনিকা।

অনুশীলনে আনিকা–ঋতুপর্ণারা
অনুশীলনে আনিকা–ঋতুপর্ণারা
 

বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া আনিকার জন্য সহজ ছিল না। ভিডিও বার্তায় তেমনটাই বলেছেন এই প্রবাসী, ‘এখন ভালো লাগছে। তবে শুরুর দিকে কিছুটা কঠিন ছিল… আবহাওয়া এবং সবকিছুই ছিল নতুন। ধীরে ধীরে উন্নতি করছি।’

অল্প দিনে সতীর্থদের সঙ্গেও আনিকার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আফঈদা, রিপা, স্বপ্না, রূপনারা আছেন ক্রমবর্ধমান সে তালিকায়। আনিকার মতো একজনকে পেয়ে অধিনায়ক আফঈদাও খুশি। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সে (আনিকা) এখানে এসে ট্রায়াল দিয়েছে। মোটামুটি ভালোই আমাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আশা করি তার কোনো সমস্যা হচ্ছে না।’

‎১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

আজ রাত ২টায় সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের
আজ রাত ২টায় সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের
 

মূল টুর্নামেন্টে খেলার আগে ২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ফুটবল ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে আফঈদাদের।

বাংলাদেশ কি ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে? ভারত ও শ্রীলঙ্কায় চলা এবারের বিশ্বকাপ না খেলায় এমন প্রশ্ন ছিল অনেকেরই। আজ সেই প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আজ কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

আজ সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান
আজ সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান, এএফপি
 

টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে খেলা নিশ্চিত।

আইসিসি জানিয়েছে, ২০ দলের টি–টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি ঠিক হয়েছে এবারের আসরের পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার মাধ্যমে। অন্য তিনটি চূড়ান্ত হবে টি–টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী এই তালিকা চূড়ান্ত হবে।

তবে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডই ওই তিনটি জায়গা নেবে। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আফগানিস্তান ১০ আর আয়ারল্যান্ড ১২ নম্বরে। আগামী ৯ মার্চের মধ্যে এমন কোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টি নেই, যাতে এই তিন দলের র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়তে পারে। যে কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ আসরে খেলা এখনই নিশ্চিত।