ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পর্ষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদ) সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।’

এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘শহীদ আলী লারিজানি ও তাঁর সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে’ মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তিনি।

জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘ আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’

ওই চিঠি এক্স–এ পোস্ট করা হয়েছে। কেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধে লিপ্ত হয়েছি।’

সূত্র: আল–জাজিরা।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, চিকিৎসার জন্য মস্কোতে অবস্থান করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কুয়েতের দৈনিক আল-জারিদা দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। চিকিৎসার জন্য তাকে রাশিয়ার রাজধানীতে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অবস্থান প্রকাশ করেনি ক্রেমলিন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নতুন নেতা আহত হয়েছেন, তবে তিনি বর্তমানে ভালো আছেন। তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার প্রথম দিনে ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। তবে প্রাণে বেঁচে যান তার দ্বিতীয় ছেলে ও বর্তমান নেতা মুজতবা খামেনি।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে দৈবক্রমে ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে গিয়েছিলেন মুজতবা খামেনি। সরাসরি হামলার শিকার না হলেও পায়ে আঘাত পান তিনি। ওই হামলায় তাৎক্ষণিকভাবে তার স্ত্রী ও সন্তান নিহত হন।

 

বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে জ্বালানি সরবরাহে গতি আনতে নতুন করে আরও দুটি জাহাজ বন্দরে ভিড়ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভান’ নামের এই জাহাজ দুটি যথাক্রমে বুধবার ও আগামী শুক্রবার (২০ মার্চ) জেটিতে ভিড়বে।

বন্দর কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘চ্যাং হ্যাং হং তু’ জাহাজটি গত ১৫ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ব্রাভো মুরিং-এ অবস্থান করছে। জাহাজটি ইতিমধ্যে প্রায় ৫ হাজার মেট্রিক টন কার্গো খালাস সম্পন্ন করেছে এবং আগামী ১৯ মার্চের মধ্যে সম্পূর্ণ খালাস প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জাহাজটি বুধবার মূল বন্দরে ভিড়বে।

জ্বালানি সরবরাহের তালিকায় থাকা দ্বিতীয় জাহাজ ‘এলপিজি সেভেন’ ওমান থেকে এলপিজি নিয়ে গত ৮ মার্চ কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। ইতিমধ্যে জাহাজটি থেকে প্রায় ৭,০২০ মেট্রিক টন এলপিজি খালাস করা হয়েছে। জাহাজটির সম্পূর্ণ খালাস প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।

বর্তমানে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ভারত থেকে আসা অধিকাংশ জাহাজ সফলভাবে কার্গো খালাস করে বন্দর ত্যাগ করেছে। 

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের একটি বড় অংশ এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল ও গ্যাস অয়েল সরবরাহ নিশ্চিত করেছে। বর্তমানে কাতার, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা আরও বেশ কিছু জাহাজ ‘প্যাসেজ’ বা বন্দরের পথে রয়েছে।

দেশের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের চাহিদা বিবেচনায় জ্বালানি খালাস কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম বলেন, ‘জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নতুন এই জাহাজগুলোর আগমনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি।’

 

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ এই তথ্য জানান।

তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

লারিজানি নিহত হওয়ার খবরটি নিয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তেহরানে কুদস দিবসের মিছিলে অংশ নেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি (মাঝে)
তেহরানে কুদস দিবসের মিছিলে অংশ নেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি (মাঝে), ছবি: আইআরএনএ

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন।

তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এই সেক্রেটারির কথার ধরন বদলে যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে লারিজানি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

ইরানের রাজধানী তেহরানে গত ১৮ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১২ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছেন তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেঘ মোতামাদিয়ান।

গভর্নর জানান, ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের জন্য পৌরসভা কার্যালয়ে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।’

একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা নসাৎ করে দিয়েছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

রয়টার্স আরও জানায়, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি স্বাভাবিক করতে কিছু দেশ আগ্রহী কিছু দেশ অনাগ্রহী। অনাগ্রহীদের তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে।

কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘অনেক দেশ আমাকে বলেছে যে তারা (হরমুজ প্রণালির) পথে রয়েছে। কেউ কেউ এ ব্যাপারে খুবই আগ্রহী এবং কেউ কেউ নয়।’ তিনি বলেন, ‘কিছু দেশ রয়েছে, যাদের আমরা বহু বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করেছি। কিন্তু তারা (সহায়তায়) অতটা আগ্রহী ছিল না। আর উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ আজ সোমবার জানিয়েছে, হরমুজ চালু করার লক্ষ্যে জাহাজ পাঠানোর তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। তবে তিনি নিশ্চিত নন ইতিমধ্যে সেখানে কোনো মাইন স্থাপন করা হয়েছে কি না।

সূত্র: রয়টার্স।

কেনিয়ায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যায় আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। এতে গত এক সপ্তাহে মৃত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৬৬ হয়েছে।

রাজধানী নাইরোবিতে গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। তবে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কেনিয়া রেডক্রস বলেছে, নাইরোবিতে পানির স্তর বাড়তে থাকায় একটি মিনিবাস ট্যাক্সি (স্থানীয়ভাবে ‘মাতাতু’ নামে পরিচিত) আটকে পড়লে সেখান থেকে ১১ জনকে উদ্ধার করা হয়। একই সময়ে বন্যাকবলিত একটি বাড়ি থেকে দুই শিশুকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে ভারী বর্ষণের কারণে নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অনেক বাড়ি তলিয়ে গেছে এবং সড়ক, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইরোবিতে কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। গত শনিবার ভারী বৃষ্টির পর কয়েকটি স্কুলও পানিতে তলিয়ে গেছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বন্যার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে দুই হাজারের বেশি মানুষ আশ্রয়ের খোঁজে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

পুলিশ বলেছে, মুষলধারে বৃষ্টি এবং ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

শুধু রাজধানী নাইরোবিতেই মারা গেছেন ৩৩ জন। শহরটিতে বন্যা দেখা দেওয়ার একটি অন্যতম কারণ হলো সেখানকার দুর্বল পানিনিষ্কাশনের ব্যবস্থা। পাশাপাশি নিয়ন্ত্রণহীন নগরায়ণের কারণে বিভিন্ন নদী ও জলপথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বন্যার ঝুঁকি বেড়েছে।

নাইরোবির পার্কল্যান্ডস এলাকায় বসবাসকারী ব্যবসায়ী করিম হাসান আলী বিবিসিকে বলেন, শনিবার রাতে তাঁর অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে প্রায় দুই মিটার (সাড়ে ৬ ফুট) পানি জমে ছিল। তবে পরে সেই পানি নেমে গেছে।

করিম হাসান আলী বলেন, তাঁর ফ্ল্যাটে পানি ঢোকেনি। কিন্তু ভবনের ভূগর্ভস্থ পার্কিং এলাকায় রাখা গাড়িগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল।

পার্কল্যান্ডসের আরেক বাসিন্দা দিনেশ প্যাটেল বলেন, তিনি সেদিন রাতে এক বন্ধুর বাড়িতে কাটিয়েছেন। সতর্কবার্তা দেখার পর তিনি কোনো ঝুঁকি নিতে চাননি। দুই বাসিন্দাই পানিনিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা এবং নদীপথ বন্ধ করে দেয়—এমন নির্মাণকাজ বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্যাটেল বলেন, ‘বৃষ্টি অনেক বেশি হয়েছিল, কিন্তু এমন ঘটনা তো প্রায় প্রতিবছরই ঘটে। অন্য নিচু এলাকাগুলোয় কিন্তু সমস্যা হয়নি, কারণ সেখানে ঠিকমতো অবকাঠামো রয়েছে।’

গতকাল কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, কর্তৃপক্ষ বন্ধ হয়ে যাওয়া ড্রেনেজ–ব্যবস্থা পরিষ্কার করতে কাজ করছে। তবে আলী দাবি করেছেন, তারা সেখানে কাউকে দেখেননি এবং পার্কল্যান্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন নিজেরাই আবর্জনা পরিষ্কার করেছে।

প্রেসিডেন্ট রুটো বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এই বন্যার প্রভাব শুধু কেনিয়াতেই সীমাবদ্ধ নেই; প্রতিবেশী দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যার পেছনে অনেক কারণ কাজ করে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতর বায়ুমণ্ডল চরম মাত্রার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

বিবিসি

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, রোববার সকালে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ‘শক্তিশালী ড্রোন হামলা’ চালানো হয়েছে।

তবে বিবৃতিতে হামলার লক্ষ্যবস্তুর স্থান বা হামলার পরের পরিস্থিতি নিয়ে কোনো নির্দিষ্ট জানানো হয়।

সূত্র: আল–জাজিরা।

বালেন্দ্র শাহ; এক দশকেরও বেশি সময় ধরে গাইছেন র‍্যাপ গান। ভিন্ন ধারার এই গানের মাধ্যমেই করে আসছেন দুর্নীতির প্রতিবাদ। তার গানে উঠে আসত কাঠমান্ডুর ভাঙা রাস্তা ও সামাজিক বৈষম্যের কথা।

ক্ষমতাবানরা তার ওইসব গানকে বলতেন নিছক গোলমাল। তবে, তার গানের ভাষা ঠিকই জোয়ার তুলেছিল তরুণ প্রজন্মের মনে। শৃঙ্খল ভাঙার লড়াইয়ে রাস্তায় নেমেছিলেন নেপালের তরুণরা। নেপালের বুকে আবির্ভাব ঘটেছিল এক সফল জেনজি আন্দোলনের। সেই আন্দোলনের জোয়ারে ভেসে গিয়েছিল অলি সরকারের মসনদ।

এরই ধারাবাহিকতায় এবার নেপালের প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন বালেন্দ্র। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ৩৫ বছর বয়সী এ র‍্যাপারের হাতেই দেশের চাবি তুলে দিয়েছেন তরুণরা।

নেপালের রাজনীতিতে সম্প্রতি বড় ধরনের পরিবর্তন এসেছে। যুবসমাজের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর আগের সরকারের পতন ঘটে। এরপরই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যান বালেন্দ্র শাহ। নির্বাচনে সবচেয়ে বড় ম্যান্ডেট অর্জন করে তার দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) ইতিহাস গড়েছে।

‘যুক্তরাষ্ট্র কাউকে রক্ষা করে না, সবাইকে ইসরায়েলের জন্য কোরবানি দেয়’
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর আগামী কয়েক দিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বালেন্দ্রর এ জয়ে দেশজুড়ে চলছে উৎসব।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকচিয়াম সাংরাউলা নামের এক নাগরিক আনন্দ প্রকাশ করে বলেন, বালেন্দ্রর কারণে আজ পুরো জাতি খুশি এবং মানুষের চোখে আনন্দের অশ্রু। বালেন্দ্র এ জাতিকে নতুন করে গড়বেন বলে তাদের দৃঢ় বিশ্বাস।

তরুণ হলেও র‍্যাপ গানের পাশাপাশি বালেন্দ্র শাহ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরেই। সাহসী কণ্ঠস্বরের কারণে ২০২২ সালের কাঠমাণ্ডুর মেয়র নির্বাচনে সিপিএন-ইউএমএল ও নেপালি কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে হিমালয় কন্যা নেপালের রাজধানীর মেয়র হন তিনি।

প্রায় চার বছরে দায়িত্ব পালনকালে দারুণ ক্যারিশমা দেখান এই তরুণ র‌্যাপার। তার সময়ে সরকারি জমিতে অবৈধ দখলদারিত্ব হ্রাস পেয়েছে। ফিরেছে সড়কে শৃঙ্খলা। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনাতেও সফল ছিল বালেন্দ্র শাহের স্থানীয় প্রশাসন।

তবে, বালেন্দ্রর জনপ্রিয়তার পালে হাওয়া লাগায় ২০২৫ এর জেনজি অভ্যুত্থান। তরুণদের আন্দোলনে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন তিনি। এরপর জানুয়ারিতে ভোটে অংশ নিতে মেয়র পদ ছেড়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন বালেন্দ্র।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অত্যন্ত অস্থিতিশীল নেপালের রাজনৈতিক পরিস্থিতি। ৩ কোটির বেশি জনসংখ্যার দেশে ২০০৮ সাল থেকে এক ডজনেরও বেশি সরকার গঠিত হয়েছে। ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ২০০৮ সালে প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল দেশটি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজনৈতিক অভিজাতদের জন্য বালেন্দ্রর এ জয় একটি কঠোর বার্তা। গত বছর সরকারবিরোধী বিক্ষোভের সময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ কমতে থাকে। সেই বিক্ষোভে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এর ফলেই দীর্ঘদিনের নেতা কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকারের চূড়ান্ত পতন ঘটে।