দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে সকাল ছয়টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ব্যক্তিদের একজন মোশাররফ হোসেন ওরফে বাবু (৫৭) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্যদিকে বাসচালকের সহকারী রাজিউল ইসলাম (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা।
[caption id="attachment_270546" align="alignnone" width="858"]
দিনাজপুরে আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় যাত্রীবাহী বাস। আজ রোববার সকালে[/caption]দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পঞ্চগড় থেকে হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে বাসটি বিরামপুরের চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসচালকের সহকারী রাজিউল ইসলাম ও যাত্রী মোশাররফ হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘আজ সকালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত বাস ও বালুবোঝাই ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’