বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, এ পথ দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরান ‘খুবই খারাপ’ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শুনেছি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান তেলবাহী ট্যাংকার থেকে মাশুল (ফি) আদায় করছে। তারা যেন এমনটা না করে। আর যদি করে থাকে, তবে এখনই তা বন্ধ করতে হবে।’
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ২০ শতাংশ এ পথ দিয়েই পরিবহন করা হয়।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তাঁর সরকার। এই আলোচনার মূল লক্ষ্য, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
লেবানন সরকার আলোচনার আগে যুদ্ধবিরতির দাবি জানালেও নেতানিয়াহু তা নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই।’
গতকাল বৃহস্পতিবারও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাতের দিকে হামলার তীব্রতা কিছুটা কমেছে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শান্তি আলোচনার স্বার্থে ইসরায়েল তাদের হামলার মাত্রা কমিয়ে আনবে। তিনি বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি। তিনি হামলা কমিয়ে আনতে রাজি হয়েছেন।’
ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণের এলাকাগুলোতে নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, এ নির্দেশের আওতায় দুটি বড় হাসপাতালও পড়েছে। সেখানে আইসিইউতে থাকা ৪০ জনসহ প্রায় ৪৫০ রোগী আছেন। তাঁদের সরিয়ে নেওয়া বর্তমানে অসম্ভব।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার ইসরায়েলি হামলায় ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির শর্ত নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। ইরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলছে, লেবানন এ চুক্তির আওতাভুক্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছে।
এ উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে, ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে।
সূত্র: বিবিসি