• ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় নতুন মোড়, সরকারি সাক্ষী হতে প্রস্তুত জ্যাকুলিন

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে ২০০ কোটি রুপির অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় নতুন এবং বড় মোড় সামনে এসেছে। এই মামলায় এখন জ্যাকুলিন নিজেই সরকারি সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

    পাতিয়ালা হাউস কোর্টে শুনানির সময় জ্যাকুলিন জানিয়েছেন যে তিনি এই মামলায় তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে চান এবং সরকারি সাক্ষী হতে প্রস্তুত। আদালত এই বিষয়ে কী অবস্থান নিয়েছেন এবং মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা জেনে নেওয়া যাক।

    আদালত ইডিকে নোটিশ পাঠিয়েছেন
    জ্যাকুলিনের আবেদন শুনে আদালত জানিয়েছেন, এর জন্য অভিনেত্রীকে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আদালত স্পষ্ট করেছেন যে তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য ও সহযোগিতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে তাঁকে ‘অ্যাপ্রুভার’ করা হবে কি না।
    আদালত এই মামলায় ইডিকে নোটিশও জারি করেছেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

    জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে
    জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ফেসবুক থেকে

    বিদেশ যাওয়ার অনুমতি
    জ্যাকুলিন ফার্নান্দেজকে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতিও দিয়েছেন আদালত। তবে এই সময়ে তাঁকে নির্ধারিত শর্ত মানতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে হবে।

    কী এই মামলা
    এই পুরো বিষয় ২০০ কোটি রুপির মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত। এতে সুকেশ চন্দ্রশেখরকে প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে। অভিযোগ, তিনি জেলের ভেতর থেকেই প্রতারণা ও চাঁদাবাজির বড় নেটওয়ার্ক চালাতেন এবং বহু মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি আদায় করেছিলেন।

    এই সময়েই তাঁর যোগাযোগ বলিউডের বেশ কিছু অভিনয়শিল্পীর সঙ্গেও তৈরি হয়। সেই সূত্রেই জ্যাকুলিনের নাম এই মামলার সঙ্গে উঠে আসে। ইডির তদন্ত অনুযায়ী, সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিনকে বহু দামি দামি উপহার দিয়েছেন, যার মধ্যে ছিল বিলাসবহুল ঘড়ি, দামি ব্যাগ, গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

    জ্যাকুলিন কী বলছেন
    তদন্তকারী সংস্থার দাবি, এসব জিনিস অবৈধভাবে অর্জিত টাকার মাধ্যমে কেনা হয়েছিল। তবে জ্যাকুলিন জানিয়েছিলেন, তিনি সুকেশের আসল পরিচয় ও তাঁর অপরাধমূলক কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি আদালতকে বলেন যে সুকেশ নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে তাঁকে বিভ্রান্ত করেছিলেন।

    জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে
    জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে
  • ২০০ টাকায় মিলবে বাংলাদেশ–নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট

    বাংলাদেশ–নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে দু্ই দল। এ ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মতিউর রহমান স্টেডিয়ামে পূর্ব গ্যালারির টিকিটের দাম সবচেয়ে কম—২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা করে।

    পূর্ব ও পশ্চিমে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে ছাদের ওপর দুই প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ২৫০০ টাকা করে। স্টেডিয়ামের এই চারটি জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি।

    [caption id="attachment_272100" align="alignnone" width="695"] বাংলাদেশ–নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে টিকেটের মূল্য[/caption]

    ওয়ানডে সিরিজে এরই মধ্যে ১–১ ব্যবধানে সমতায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে গতকাল দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।

    ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি–টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২ মে তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি–টুয়েন্টি সিরিজে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ২টায়।

  • ২০২৬ সালে বিশ্বকাপসহ যেসব শিরোপা জিততে পারেন রোনালদো

    আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগতভাবে আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু দলটির হয়ে এখনো বড় কোনো ট্রফি জেতা হয়নি তাঁর। একাধিকবার কাছাকাছি গিয়ে সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই থাকতে হয়েছে রোনালদোকে। কিন্তু রোনালদোর সেই আক্ষেপ মিটতে পারে এই মৌসুমে।

    আল নাসরের হয়ে একাধিক শিরোপা জেতার সুযোগ আছে ‘সিআর সেভেন’-এর। তবে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে হিসাব করলে রোনালদো এ বছর জিততে পারেন অন্তত চারটি ট্রফি, যার দুটি জিততে পারেন এই মে মাসেই। যেখানে পাঁচ দিনের মধ্যে দুবার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পেতে পারেন এই পর্তুগিজ তারকা।

    আগামী ১৭ মে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনালে আল নাসর খেলবে জাপানি ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে। গতকাল রাতে আল আহলিকে ৫-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। গতকাল রাতে ফাইনাল নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দল নিয়ে গর্বিত। ফাইনাল অপেক্ষা করছে।’ এখন রিয়াদের ফাইনালে শেষ ধাপ পেরোলেই এশিয়ার শ্রেষ্ঠত্বের দ্বিতীয় স্তরের শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের।

    এই ফাইনালের পাঁচ দিন পর সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে আল নাসর। বর্তমানে শীর্ষে থাকা আল নাসর শিরোপা–দৌড়ে অনেকটাই এগিয়ে আছে। ২৯ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট এখন ৭৬। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুই আছে আল হিলাল। ৮ পয়েন্টে পিছিয়ে থাকা আল হিলালের জন্য বাকি ম্যাচগুলোতে আল নাসরকে পেছনে ফেলা কঠিনই হবে। আর শেষ পর্যন্ত লিগ শিরোপা ঘরে তুলতে পারলে এটি রোনালদোর জন্য বড় অর্জনই হবে।

    ফাইনালে ওঠার পথে সতীর্থের সঙ্গে রোনালদোর উদ্‌যাপন
    ফাইনালে ওঠার পথে সতীর্থের সঙ্গে রোনালদোর উদ্‌যাপন, রয়টার্স

    আল নাসরের হয়ে রোনালদোর এ বছর আরও একটি শিরোপা জেতার সুযোগ আছে। সেই শিরোপা হলো সৌদি সুপার কাপ। সৌদি প্রো লিগ ও কিংস কাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া চার দল খেলে এই টুর্নামেন্টে।

    তবে এই চার শিরোপার বাইরে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপাটি রোনালদো পেতে পারেন এ বছরের জুলাইয়ে। আর সেটি যে বিশ্বকাপ শিরোপা, তা বোধ হয় আলাদা করে না বললেও চলছে। যেকোনো ফুটবলারের চূড়ান্ত লক্ষ্য থাকে বিশ্বকাপ জেতা।

    রোনালদোর মতো সর্বকালের সেরা তারকার জন্য বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ার শেষ করা বেশ হতাশার ব্যাপার। সেই হতাশাকে কবর দেওয়ার শেষ সুযোগটা রোনালদো পাবেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপে। যদি শেষ পর্যন্ত সেই লক্ষ্যে রোনালদো সফল হন, তবে তা রোনালদোর তো বটেই, ফুটবলের ইতিহাসেই অনন্য এক ঘটনা হয়ে থাকবে।

  • ২০২৭ সালের মধ্যে অনলাইনে মানুষের চেয়ে ‘বট’-এর তৎপরতা বাড়বে: ক্লাউডফ্লেয়ার সিইও

    ইন্টারনেটে মানুষের তুলনায় বটের (একধরনের সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম) সক্রিয়তা দ্রুত বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেভাবে বিস্তার ছড়াচ্ছে, তা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে অনলাইনে মানুষের তুলনায় বটের তৎপরতা বেশি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা ও ওয়েব অবকাঠামো–সংক্রান্ত প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে প্রযুক্তিবিষয়ক সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ম্যাথিউ প্রিন্স। তিনি বলেন, জেনারেটিভ এআইয়ের প্রসারে ইন্টারনেট ব্যবহারের ধরনে মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবহারকারীর প্রশ্নের উত্তর খুঁজতে এআই–চালিত বটগুলো একসঙ্গে বিপুলসংখ্যক ওয়েবসাইটে প্রবেশ করছে। এটি মানুষের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব নয়।

    ম্যাথিউ প্রিন্স বলেন, কোনো ব্যক্তি যদি একটি ডিজিটাল ক্যামেরা কেনার আগে তথ্য সংগ্রহ করেন, তাহলে সাধারণত চার থেকে পাঁচটি ওয়েবসাইট ঘুরে দেখেন। কিন্তু একই কাজ করতে একটি এআই বট কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। ফলে এ প্রক্রিয়া শুধু ভার্চ্যুয়াল সীমায় সীমাবদ্ধ থাকে না। বাস্তব অর্থেই সার্ভার, নেটওয়ার্ক ও সামগ্রিক ইন্টারনেট অবকাঠামোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

    জেনারেটিভ এআইয়ের আগের সময়ে ইন্টারনেট ট্রাফিকের প্রায় ২০ শতাংশ বটনির্ভর ছিল বলে জানান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী। তিনি বলেন, এর বড় অংশজুড়ে ছিল গুগলের মতো প্রতিষ্ঠানের ‘ওয়েব ক্রলার’। এর বাইরে সীমিত পরিসরে কিছু নির্ভরযোগ্য বট এবং প্রতারক বা দুর্বৃত্তদের ব্যবহৃত বটও সক্রিয় ছিল।

    তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে ম্যাথিউ প্রিন্স বলেন, জেনারেটিভ এআইয়ের তথ্যের চাহিদা কার্যত সীমাহীন। এই চাহিদা পূরণে বটের সংখ্যা ও তাদের কার্যক্রম ক্রমাগত বাড়ছে, যা কয়েক বছরের মধ্যেই মানুষের অনলাইন উপস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে।

    এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ম্যাথিউ প্রিন্স। এর মধ্যে রয়েছে ‘স্যান্ডবক্স’। এটি একটি আলাদা ভার্চ্যুয়াল পরিবেশ। যেখানে এআই এজেন্টগুলো সাময়িকভাবে কাজ করতে পারবে। কাজ শেষে স্বয়ংক্রিয়ভাবে সেই পরিবেশ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, কোনো ব্যবহারকারী যদি এআই এজেন্টকে ভ্রমণ পরিকল্পনার দায়িত্ব দেন, তাহলে এই স্যান্ডবক্স ব্যবস্থার মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে।

    ম্যাথিউ প্রিন্সের ধারণা, শিগগিরই প্রতি সেকেন্ডে বিপুলসংখ্যক এমন স্যান্ডবক্স তৈরি ও বিলুপ্ত হবে, যা ইন্টারনেট ব্যবহারের কাঠামোকে নতুনভাবে রূপ দেবে। তবে এই ক্রমবর্ধমান বট কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন হবে শক্তিশালী ভৌত অবকাঠামো। বিশেষ করে ডেটা সেন্টার ও সার্ভার। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় ইউটিউব, ডিজনি ও নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং সেবার কারণে অল্প সময়ের মধ্যে ইন্টারনেট ট্রাফিক হঠাৎ বেড়ে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছিল।

    বর্তমান প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীরগতির হলেও তা ধারাবাহিকভাবে বাড়ছে বলে উল্লেখ করেন ম্যাথিউ প্রিন্স। তাঁর মতে, এই প্রবণতা থামার কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

    ওয়েবসাইটের গতি, নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করে ক্লাউডফ্লেয়ার। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, নিরাপত্তা ও ডিডস প্রতিরোধ ব্যবস্থা, এবং ‘অলওয়েজ অনলাইন’ প্রযুক্তি। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী অনাকাঙ্ক্ষিত এআই বট ট্রাফিক নিয়ন্ত্রণ বা বন্ধ করার সুবিধাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ইন্টারনেটের এই পরিবর্তনকে একটি বড় প্রযুক্তিগত রূপান্তর হিসেবে দেখছেন প্রিন্স। তাঁর মতে, এআই শুধু যে একটি নতুন প্রযুক্তি তা নয়; এটি প্ল্যাটফর্মের একটি মৌলিক পরিবর্তন। যেমন একটা সময় ডেস্কটপ থেকে মুঠোফোন ব্যবহারে বড় রূপান্তর ঘটেছিল। এর ফলে মানুষ যেভাবে তথ্য গ্রহণ করে, সেই প্রক্রিয়াই মৌলিকভাবে বদলে যেতে পারে।

    সূত্র: টেকক্র্যাঞ্চ

    আহসান হাবীব

  • ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি

    বাংলাদেশ কি ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে? ভারত ও শ্রীলঙ্কায় চলা এবারের বিশ্বকাপ না খেলায় এমন প্রশ্ন ছিল অনেকেরই। আজ সেই প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    আইসিসির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

    আজ কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মাধ্যমে বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ছাড়াও সুপার এইটে উঠেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

    আজ সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান
    আজ সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান, এএফপি
     

    টি–টুয়েন্টি বিশ্বকাপের বাছাইবিধি অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপ আসরের জন্য সরাসরি জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে অন্যতম আয়োজক হিসেবে নিউজিল্যান্ডের জায়গা আগে থেকেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়া এবার সুপার এইটে ওঠেনি, তবে স্বাগতিক হিসেবে খেলা নিশ্চিত।

    আইসিসি জানিয়েছে, ২০ দলের টি–টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে ৮টি দল। বাকি ১২টির মধ্যে ৯টি ঠিক হয়েছে এবারের আসরের পারফরম্যান্স ও স্বাগতিক হওয়ার মাধ্যমে। অন্য তিনটি চূড়ান্ত হবে টি–টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) র‌্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী এই তালিকা চূড়ান্ত হবে।

    তবে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডই ওই তিনটি জায়গা নেবে। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আফগানিস্তান ১০ আর আয়ারল্যান্ড ১২ নম্বরে। আগামী ৯ মার্চের মধ্যে এমন কোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টি নেই, যাতে এই তিন দলের র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়তে পারে। যে কারণে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ আসরে খেলা এখনই নিশ্চিত।

  • ২০২৮ সালে প্রাথমিকে নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ

    ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে এবং নতুন কারিকুলামে ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) আয়োজিত 'শিক্ষা ও গবেষণা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা জানান

    প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষে আবদ্ধ থাকবে না।

    ববি হাজ্জাজ বলেছেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষাব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাদের।

  • ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি, চুক্তি নবায়ন

    দুই যুগ ধরে বিশ্বকাপ না জেতা ব্রাজিলের আশা-ভরসার কেন্দ্রে এবার কার্লো আনচেলত্তি। নিজেদের ইতিহাসে কখনো বাইরে থেকে কোচ না আনা দেশটি ইতালির এই কোচকে দিয়েছে জাতীয় দলের দায়িত্ব। আনচেলত্তি সেই ভরসার কতটা প্রতিদান দিতে পারবেন, সেটা বোঝা যাবে আগামী মাসে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপে।

    তবে বিশ্বকাপের জন্য রওনা দেওয়ার আগে নতুন খবর, শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, পরের আসরের জন্যও তাঁর ওপর ভরসা করছে ব্রাজিল। আজ কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) জানিয়েছে, ইতালিয়ান এই কোচ চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়িয়েছেন। যার অর্থ, ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিল কোচের দায়িত্বে থাকবেন আনচেলত্তি।

    ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে এটিই প্রথম কোনো জাতীয় দলের নেওয়া। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ধরে। তবে সেই বিশ্বকাপের দল ঘোষণার আগেই মেয়াদ বাড়ল আরও এক আসর।

    সিবিএফের অফিশিয়াল এক্স পেজে আনচেলত্তির একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে আনচেলত্তিকে বলতে শোনা যায়, ‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এই দেশটির কাছে ফুটবলের মানে কী। আমরা জাতীয় দলকে আবারও বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনার জন্য কাজ করছি, কিন্তু সিবিএফ এবং আমি—উভয়েই আরও বেশি কিছু চাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসাথে পথ চলা অব্যাহত রাখব।’

    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থাকবেন কার্লো আনচেলত্তি
    ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থাকবেন কার্লো আনচেলত্তিইনস্টাগ্রাম/কার্লো আনচেলত্তি

    এ পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০টি ম্যাচ খেলেছে, জিতেছে পাঁচটি, ড্র দুটি, হার তিনটি। সিবিএফ সভাপতি সামির শাউদ এই চুক্তির মেয়াদ বৃদ্ধিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ।

    ২০০২ বিশ্বকাপে সর্বশেষ ট্রফি জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য ১৮ মে দল ঘোষণা করার কথা আনচেলত্তির।

  • ২১ বছর বয়সে ৩০০ কোটি টাকার মালিক, কে এই নায়িকা

    শৈশব থেকে ছিল লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ। এক দশকের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে মাত্র ২১ বছর বয়সেই জান্নাত জুবের রহমানি যে পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন, সেটা প্রায় অবিশ্বাস্য। ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য।

     ছোট পর্দার নায়িকাদের মধ্যে জান্নাতের জনপ্রিয়তা ব্যাপক। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালি গাঙ্গুলিদের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জান্নাত। সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    ছোট পর্দার নায়িকাদের মধ্যে জান্নাতের জনপ্রিয়তা ব্যাপক। হিনা খান, নিয়া শর্মা কিংবা শ্বেতা তিওয়ারি, রুপালি গাঙ্গুলিদের মতো তাঁকে নিয়েও দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। মাত্র পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন জান্নাত। সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ সিরিয়ালে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    এরপর আর ফিরে তাকাতে হয়নি জান্নাতকে। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’ থেকে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’–এর মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোর মঞ্চেও বহুবার অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    এরপর আর ফিরে তাকাতে হয়নি জান্নাতকে। ‘কাশি: অব না রহে’, ‘মাট্টি কি বন্নো’, ‘সিয়াসত’, ‘মহাকুম্ভ’, ‘মেরি আওয়াজ হি পহেচান’ থেকে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’–এর মতো একাধিক সিরিয়ালে নজর কাড়েন তিনি। রিয়ালিটি শোর মঞ্চেও বহুবার অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    ২০২৭ সালে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন জান্নাত। ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি শ্রদ্ধা কাপুর, রানী মুখার্জিদের মতো তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    ২০২৭ সালে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন জান্নাত। ধারাবাহিকের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি শ্রদ্ধা কাপুর, রানী মুখার্জিদের মতো তারকাদের সঙ্গেও সিনেমায় অভিনয় করেছেন। এবার সাম্প্রতিক এক সমীক্ষায় সম্পত্তির পরিমাণে রীতিমতো চমকে দিলেন তিনি! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    জানা গেছে, মাত্র একুশেই ৩০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক তিনি। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন অভিনেত্রী? অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    জানা গেছে, মাত্র একুশেই ৩০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক তিনি। কিন্তু কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন অভিনেত্রী? অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জান্নাতের। তা ছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েছেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সিনেমা-সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, বিজ্ঞাপনী দূত, ইনস্টাগ্রামে স্পনসর কন্টেন্ট তৈরির মতো একাধিক আয়ের উৎস রয়েছে জান্নাতের। তা ছাড়া মিউজিক ভিডিও, ইউটিউব থেকে আয় তো রয়েছেই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
     সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন জান্নাত। ‘খতরোঁ কে খিলাড়ি ১২’–এর প্রতি পর্বের জন্য জান্নাত ১৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়িও রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সিরিয়ালে প্রতি পর্বের জন্য ১০ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন জান্নাত। ‘খতরোঁ কে খিলাড়ি ১২’–এর প্রতি পর্বের জন্য জান্নাত ১৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। নায়িকার সংগ্রহে বিলাসবহুল গাড়িও রয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
     ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসারী থাকা ভারতীয় টেলি তারকাদের তালিকায় জান্নাত অন্যতম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসারী থাকা ভারতীয় টেলি তারকাদের তালিকায় জান্নাত অন্যতম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
  • ২১ হাজার ৮৫০ কোটি টাকায় বেঙ্গালুরুর মালিকানা বদল, দাম বাড়ল ১৪৯৫ শতাংশ

    প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। টাকার হিসাবে প্রায় ২১ হাজার ৮৫০ কোটি। এই দামে বিক্রি হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি ব্যবসায়ী জোট বেঙ্গালুরুর মালিকানা কিনে নিয়েছে। গতকাল হওয়া এ চুক্তিতে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। এখন থেকে বেঙ্গালুরুর আইপিএল (পুরুষ) ও ডব্লিউপিএল (নারী)—উভয় দলেরই শতভাগ মালিক হবে এই জোট।

    ২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। দীর্ঘ ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। অবিশ্বাস্য এ মূল্যবৃদ্ধির মাধ্যমেই মালিকানা বদল হলো বেঙ্গালুরুর।

    এ চুক্তির অঙ্কটি কত বড়, তা একটি তথ্যে পরিষ্কার হয়ে যায়। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদকে বিসিসিআই ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। বেঙ্গালুরুর বর্তমান দাম সেই দুই দলের মিলিত দামকেও ছাড়িয়ে গেছে।

    ২০১৬ সালে মালিয়া ভারত ছাড়ার পর বেঙ্গালুরুর নিয়ন্ত্রণ ছিল যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডায়াজিওর হাতে। ২০২৫ সালের ৪ জুন বেঙ্গালুরুর শিরোপা উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থক নিহত এবং অনেকে আহত হন।

    এ মর্মান্তিক ঘটনার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার জন্য কোম্পানির ওপর চাপ তৈরি হয়। এরপর গত নভেম্বরে তারা দলটি বিক্রির সিদ্ধান্ত জানায় এবং ৩১ মার্চের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করে।

    নতুন এই মালিকানা কাঠামোয় বেঙ্গালুরুর চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বিড়লা। তিনি আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লার ছেলে ও সাবেক ক্রিকেটার। মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে ২০১৮ ও ২০১৯ মৌসুমে রাজস্থান রয়্যালসের স্কোয়াডেও ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে মানসিক চাপের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন।

    বেঙ্গালুরুর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সত্যেন গাজওয়ানি। এই জোটে আরও আছেন বোল্ট ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ডেভিড ব্লিটজার এবং বিএক্সপিইর সিইও ভাইরাল প্যাটেল।

  • ২২ হাজার রিঅ্যাক্ট, পারসা লিখলেন, ‘তবু মনে রেখো’

    টেলিভিশন আর ওটিটির চেনা মুখ পারসা ইভানা। আজ সকালে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক পারসা সম্পর্কে কিছু তথ্য—

     আজ একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে পারসা লিখেছেন, ‘তবু মনে রেখ’। অভিনেত্রীর ফেসবুক থেকে
    আজ একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে পারসা লিখেছেন, ‘তবু মনে রেখ’। অভিনেত্রীর ফেসবুক থেকে
    ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
    ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
    এসব ছবি তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছেন, আট ঘণ্টায় ২২ হাজার প্রতিক্রিয়া এসেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
    এসব ছবি তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছেন, আট ঘণ্টায় ২২ হাজার প্রতিক্রিয়া এসেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
    পারসাকে এবারের ঈদে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘একসাথে আলাদা’ ওয়েব প্রকল্পে। অভিনেত্রীর ফেসবুক থেকে
    পারসাকে এবারের ঈদে দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘একসাথে আলাদা’ ওয়েব প্রকল্পে। অভিনেত্রীর ফেসবুক থেকে
     
    সব সম্পর্ক সুখের গল্পে গিয়ে শেষ হয় না। কখনো কখনো দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও দূরে সরে যায়, সম্পর্ক থেকে হারিয়ে যায় উষ্ণতা। এমনই এক সম্পর্কের গল্প নিয়েই ‘একসাথে আলাদা’। অভিনেত্রীর ফেসবুক থেকে
    সব সম্পর্ক সুখের গল্পে গিয়ে শেষ হয় না। কখনো কখনো দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও দূরে সরে যায়, সম্পর্ক থেকে হারিয়ে যায় উষ্ণতা। এমনই এক সম্পর্কের গল্প নিয়েই ‘একসাথে আলাদা’। অভিনেত্রীর ফেসবুক থেকে
    রেজাউর রহমানের ওয়েব ফিকশনটিতে পারসার জুটি ইয়াশ রোহান। অভিনেত্রীর ফেসবুক থেকে
    রেজাউর রহমানের ওয়েব ফিকশনটিতে পারসার জুটি ইয়াশ রোহান। অভিনেত্রীর ফেসবুক থেকে
    এর আগে গত বছর মুক্তি পাওয়া চরকির ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’–এ পারসার অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রীর ফেসবুক থেকে
    এর আগে গত বছর মুক্তি পাওয়া চরকির ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’–এ পারসার অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রীর ফেসবুক থেকে
     
    শরাফ আহমেদ জীবনের ওয়েব ফিল্মটিতে পারসার সঙ্গে ছিলেন মোশাররফ করিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
    শরাফ আহমেদ জীবনের ওয়েব ফিল্মটিতে পারসার সঙ্গে ছিলেন মোশাররফ করিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
  • ২৪ ঘণ্টাই নিজেকে দেখাতে চান না সবিতা

    বর্তমান সময়ের বিনোদন–দুনিয়ায় আলোচনায় থাকার যেন এক অদৃশ্য প্রতিযোগিতা। নতুন সিনেমা হোক বা ব্যক্তিগত জীবন—সোশ্যাল মিডিয়া, প্রচারণা আর জনসংযোগ–কৌশলের মাধ্যমে সব সময় সামনে থাকতে পারলেই যেন সফলতা। কিন্তু এই ধারা থেকে সচেতনভাবেই দূরে থাকতে চান অভিনেত্রী সবিতা ধুলিপালা। তাঁর কথায়, তিনি বিশ্বাস করেন না অতিরিক্ত প্রচারণায়; বরং কাজ দিয়েই দর্শকের সামনে থাকতে চান।
    সম্প্রতি এক সাক্ষাৎকারে সবিতা জানান, ক্যারিয়ারের নির্দিষ্ট কিছু সময়ে তিনি জনসংযোগ টিমের সঙ্গে কাজ করলেও তা তাঁর ব্যক্তিত্ব বা জীবনদর্শনের সঙ্গে পুরোপুরি যায় না। তিনি মনে করেন, সব সময় সংবাদে থাকা বা ২৪ ঘণ্টা দৃশ্যমান থাকা তাঁর জন্য জরুরি নয়।

    অভিনেত্রীর ভাষায়, প্রত্যেক শিল্পীর পথ আলাদা। কারও জন্য জনসংযোগ কাজ করতে পারে, আবার কারও জন্য নয়। নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান কাজের মাধ্যমে পরিচিত হতে, ব্যক্তিগত আলোচনারকেন্দ্রবিন্দু হয়ে নয়।

    সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    তারকা–সংস্কৃতির ভেতরের ক্লান্তি
    বলিউড ও ওটিটির বর্তমান সংস্কৃতিতে প্রায়ই দেখা যায়, সিনেমার চেয়ে প্রচারণাই বেশি আলোচিত হয়ে ওঠে। কখনো পোশাক, কখনো ব্যক্তিগত সম্পর্ক, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি—এগুলো যেন ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।

    এ প্রসঙ্গে সবিতা বলেন, তিনি সব প্রশ্নের উত্তর জানেন না, তবে নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছেন, কোন জীবনধারা তাঁকে মানায়। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা একজন শিল্পী হিসেবে তিনি ধীরে ধীরে নিজস্ব ছন্দ তৈরি করেছেন।
    সবিতার মতে, সফলতার কোনো একক নিয়ম নেই। কেউ প্রচারণার মাধ্যমে জনপ্রিয় হন, আবার কেউ নিজের কাজের গুণেই জায়গা করে নেন। তিনি দ্বিতীয় পথটাই বেছে নিতে চান।

    সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
    সবিতা ধুলিপালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    নিজের শিকড়ে ফেরা
    একই সাক্ষাৎকারে সবিতা কথা বলেন তেলেগু সিনেমায় ফেরা নিয়ে। বহুদিন পর তিনি মাতৃভাষার একটি প্রজেক্টে কাজ করছেন। এ অভিজ্ঞতাকে তিনি বলেছেন ‘স্বস্তিদায়ক’।

    সবিতার মতে, ‘মাতৃভাষায় অভিনয় করতে গেলে সংলাপের সঙ্গে অনুভূতির সংযোগ আরও স্বাভাবিক হয়ে ওঠে। বিশেষ করে জটিল শব্দ বা দ্রুত সংলাপ বলার সময় ভাষাগত স্বাচ্ছন্দ্য অভিনয়কে সহজ করে দেয়।’
    তেলেগু সিনেমার দর্শক হিসেবে সব সময় সংযুক্ত থাকলেও দীর্ঘ সময় পর আবার সেই ইন্ডাস্ট্রিতে কাজ করা সবিতার জন্য নতুন আনন্দের অভিজ্ঞতা।

    তারকা, কিন্তু আলাদা পথে
    সবিতার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, শুরু থেকেই তিনি একটু ভিন্ন ধরনের চরিত্র ও প্রকল্প বেছে নিয়েছেন। গ্ল্যামারাস চরিত্রের বাইরে তিনি বরাবরই শক্তিশালী নারী চরিত্রে কাজ করতে আগ্রহী।

    ইন্ডিয়া টুডে অবলম্বনে

  • ২৪৯ রানে এগিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

    সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন শেষে কে এগিয়ে

    বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৩ ওভারে ২০৩/৪। বাংলাদেশ ২৪৯ রানে এগিয়ে।

    সিলেট টেস্টে আজ তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল মহাগুরুত্বপূর্ণ। সম্ভবত এই টেস্টে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন ছিল।

    ১৫৬ রানে এগিয়ে আজ তৃতীয় দিনে সকালের সেশনে ব্যাটিংয়ে নেমেছিলেন নাজমুল ও মুশফিক। চতুর্থ উইকেটে তাদের জুটিতে উঠেছে মাত্র ৫ রান। ব্যক্তিগত ১৫ রানে খুররম শাহজাদের বলে নাজমুল আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশনের খেলা শেষ করেন লিটন ও মুশফিক।

    লিটন ৪৮ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত। আজ সকালের সেশনে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে বাংলাদেশ।

    লিডকে আরও বড় করতে আজ সকালে সেশনে ভালো শুরুর বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। নাজমুলের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেলেও লিটন ও মুশফিক মিলে বড় জুটি গড়ে ঘাটতিটুকু পুষিয়ে দিয়েছেন। এখন দ্বিতীয় সেশনেও ভালো ব্যাট করতে হবে বাংলাদেশকে।

  • ২৫ মিলিয়ন ঘণ্টা ভিউ! কী আছে সাড়াজাগানো এই সিরিজে

    বার্লিনের গুপ্তচর জগৎকে পটভূমি করে তৈরি নতুন থ্রিলার সিরিজ ‘আনফ্যামিলিয়ার’ মুক্তির প্রথম সপ্তাহেই নন–ইংরেজি কনটেন্টের তালিকায় বিশ্বব্যাপী শীর্ষ স্থানে উঠে এসেছিল। ৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। মুক্তির পর এ পর্যন্ত ২৫ মিলিয়ন ঘণ্টার বেশি ভিউ হয়েছে সিরিজটির। আন্তর্জাতিক দর্শকের আগ্রহ প্রমাণ করে দিয়েছে—ইউরোপীয় পটভূমির গোয়েন্দা গল্পও আজ বৈশ্বিক বিনোদনের কেন্দ্রে জায়গা করে নিতে পারে।

    সিরিজের কেন্দ্রে রয়েছেন সাবেক শীর্ষ দুই গোয়েন্দা কর্মকর্তা—মেরেট ও সিমন। মেরেট চরিত্রে অভিনয় করেছেন সুসান উলফ আর সিমনের ভূমিকায় ফেলিক্স কারমার। একসময় তাঁরা ছিলেন জার্মান গোয়েন্দা সংস্থার দক্ষ অপারেটিভ; এখন বার্লিনে একটি গোপন ‘সেফ হাউস’ পরিচালনা করেন। কিন্তু অতীতের এক অন্ধকার হুমকি হঠাৎ ফিরে এলে তাঁদের শান্ত জীবন ভেঙে পড়ে। চুক্তিভিত্তিক খুনি, রুশ এজেন্ট ও নিজেদের সাবেক নিয়োগকর্তা জার্মান ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি)—সবাইকে মোকাবিলা করতে হয় তাঁদের। আর সেই লড়াই শুধু দায়িত্বের নয়, নিজেদের পরিবার ও জীবনের সুরক্ষারও।

    ‘আনফ্যামিলিয়ার’ আসলে প্রযোজনা সংস্থা গোমোঁ জার্মানির নেটফ্লিক্সের সঙ্গে দ্বিতীয় বড় প্রকল্প, রোমান সাম্রাজ্যকে ঘিরে নির্মিত ‘বারবারিয়ানস’–এর পর। সেই সিরিজের পরিকল্পিত তৃতীয় মৌসুমের জন্য কাজ শুরু করেছিলেন নির্মাতা পল কোটস। কিন্তু সেটি বাতিল হলে তিনি নতুন এক গুপ্তচর গল্পের ধারণা দেন, যা থেকে জন্ম নেয় ‘আনফ্যামিলিয়ার’।

    কোটসের ভাষায়, এই সিরিজের ভেতরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপ রয়েছে। তিনি নিজেও পঞ্চাশোর্ধ্ব, তাই মেরেট ও সিমনের বয়সও জীবনের বাস্তবতা তাঁকে টেনেছে। সাধারণত গুপ্তচর কাহিনিতে তরুণ, শক্তিশালী, প্রায় অতিমানবীয় চরিত্র দেখা যায়। কিন্তু এখানে দুই মধ্যবয়সী মানুষের শারীরিক সীমাবদ্ধতা, বয়সজনিত ক্লান্তি ও মানসিক টানাপোড়েন গল্পকে আলাদা মাত্রা দিয়েছে। বেরাইসও মনে করেন, বয়সকে গল্পের অংশ করে তোলার মধ্যেই রয়েছে মৌলিকতা ও বাস্তবতা।

    ‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি
    ‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি

    সিরিজ নির্মাণে বাস্তবতার ছোঁয়া আনতে সরাসরি সহযোগিতা চাওয়া হয়েছিল জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডির কাছ থেকে। প্রযোজকেরা গল্পের খসড়া তাঁদের সঙ্গে ভাগ করেন, যাতে উপস্থাপনা বিশ্বাসযোগ্য হয়। অভিনয়শিল্পীরাও সংস্থার প্রতিনিধিদের কাছে প্রশ্ন করার সুযোগ পান। এমনকি বার্লিনে বিএনডির সদর দপ্তরের বাইরে শুটিংয়ের অনুমতিও মিলেছিল, তবে কড়া নিরাপত্তা বিধিনিষেধ মেনে। সপ্তাহান্তে শুটিং করতে হয়েছে, যাতে সংস্থার কর্মীদের স্বাভাবিক যাতায়াত চিত্রায়িত না হয়।

    গোমোঁর জন্য ‘আনফ্যামিলিয়ার’ ছিল এক উচ্চাভিলাষী আন্তর্জাতিক প্রকল্প। তাদের আগের সফল সিরিজগুলোর মতো ‘নার্কোস’ বা ‘লুপিন’—এখানেও নির্মাতারা একটি স্বতন্ত্র জগৎ তৈরি করতে চেয়েছেন। বার্লিনের ইতিহাস, শীতল যুদ্ধের স্মৃতি, আধুনিক ইউরোপীয় রাজনীতির উত্তাপ—সব মিলিয়ে এক বাস্তব অথচ উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, যেখানে গল্প স্বাভাবিকভাবেই বিস্তার লাভ করেছে।

    কোটস জানান, শুরুতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তারিক সালেহ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘দ্য কন্ডাক্টর’ থেকে। বিশেষ করে একটি দৃশ্যে আহত নায়ককে একটি ফোন নম্বর দেওয়া হয়, সেই রহস্যময় সেফ হাউসের ধারণাই তাঁকে ভাবায়। সেখানে সংক্ষিপ্ত উপস্থিতি ছিল এডি মারসনের। সেই চরিত্রটির অদেখা জীবন, অজানা অতীত—এসব প্রশ্ন থেকেই সিরিজটির জন্ম।

    সিরিজটির নির্মাণভঙ্গি ধীর ও সংযত। প্রথম পর্বেই সব রহস্য উন্মোচন না করে দর্শককে ধাপে ধাপে তথ্য দেন। চমকপ্রদ টুইস্টের বদলে তাঁরা বেছে নিয়েছেন ‘স্লো–বার্ন’ পদ্ধতি—চাপ জমতে থাকে, উত্তেজনা বাড়ে এবং দর্শক অনিবার্য পরিণতির অপেক্ষায় থাকেন। এই ধৈর্যশীল গতি সবার কাছে সমান আকর্ষণীয় না–ও হতে পারে, কিন্তু অনেকেই এই সংযমকেই সিরিজটির শক্তি হিসেবে দেখছেন।

    ‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি
    ‘আনফ্যামিলিয়ার’–এর দৃশ্য। আইএমডিবি

    নেটফ্লিক্স সাম্প্রতিক বছরগুলোয় স্পাই থ্রিলারকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে দক্ষতা দেখিয়েছে। ‘আনফ্যামিলিয়ার’ সেই ধারাতেই নতুন সংযোজন। অল্প পর্বসংখ্যা সিরিজটিকে সহজে টানা দেখার সুযোগ করে দিয়েছে। জার্মান গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাস্তবধর্মী উপস্থাপন সিরিজটিকে বিশ্বাসযোগ্যতা দিয়েছে, যা অনেক কল্পনাপ্রবণ স্পাই ড্রামার ভিড়ে আলাদাভাবে চোখে পড়ে।

    তবে বিতর্কের জায়গাটিও স্পষ্ট। অনেক দর্শকের কাছে এটি পরিচিত ফর্মুলার পুনরাবৃত্তি—অবসরপ্রাপ্ত গুপ্তচর, অতীতের ব্যর্থ মিশন, ভুয়া পরিচয়ে গড়া পরিবার। নতুনত্বের সন্ধানীরা হয়তো এটিকে ‘রিমিক্স’ বলবেন। কিন্তু চরিত্রকেন্দ্রিক উত্তেজনা, আবেগের ধীরে জমাট বাধা স্তর ও মধ্যবয়সী জীবনের বাস্তব সংকট—এই উপাদানগুলোই সিরিজটিকে অন্যদের কাছে আলাদা করে তুলেছে। মুক্তির পর প্রথম সপ্তাহেই বৈশ্বিক সাফল্য প্রমাণ করে দিয়েছে, দর্শক এখন এমন গুপ্তচর কাহিনি দেখতে চায়, যেখানে আছে মানবিক দুর্বলতা, বয়সের বাস্তবতা ও রাজনৈতিক জটিলতার সমন্বয়।

    ‘আনফ্যামিলিয়ার’–এর পোস্টিার। আইএমডিবি
    ‘আনফ্যামিলিয়ার’–এর পোস্টিার। আইএমডিবি

    এটি শুধু অ্যাকশন নয়; বরং মধ্যবয়সী দুই মানুষের টিকে থাকার গল্প; অতীতের ছায়া থেকে বর্তমানকে বাঁচানোর লড়াই। আর বার্লিন গুপ্তচর ইতিহাসের চিরন্তন শহর—এই লড়াইয়ের জন্য যেন আদর্শ মঞ্চ।

  • ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

    চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

    বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। বহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

    এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ জাহাজ বন্দরে এসেছিল। দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

    প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

    তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

     

  • ২৯ বলে ১২ ছক্কায় ৯৭: গেইলের ছক্কার রেকর্ড এখন ১৫ বছরের সূর্যবংশীর

    ২৯ বলে ১২ ছক্কায় ৯৭ রান। স্ট্রাইকরেট ৩৩৪.৪৮। কাল নিউ চণ্ডীগড়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে এমন ইনিংস খেলেছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। এমন ইনিংস খেলার পথে অসংখ্য রেকর্ড গড়েছেন এই কিশোর। সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ রানের জয়ে তাঁর দল রাজস্থান রয়্যালসও পৌঁছে গেছে কোয়ালিফায়ারে।
    ৬৫

    এবারের আইপিএলে মোট ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। টি–টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টুর্নামেন্টে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ আইপিএলে ৫৯টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল।

    ২৬৬

    গেইল ৫৯টি ছক্কা মারতে খেলেছিলেন ৪৫৬ বল। আর সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ৬৫টি ছক্কা মারলেন মাত্র ২৬৬ বলে!

    ২৪২.৮৫ স্ট্রাইক রেট

    চলতি মৌসুমে ১৫ ইনিংসে সূর্যবংশীর মোট রান ৬৮০। টি–টুয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টুর্নামেন্টে ২০০–এর বেশি স্ট্রাইক রেটে (২৪২.৮৫) ৬০০ রান করেছেন সূর্যবংশী। ২০২২ সালের টি–টুয়েন্টি ব্লাস্টে ১৯২.২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।

    কাল ১২ টি ছক্কা মেরেছেন সূর্যবংশী
    কাল ১২ টি ছক্কা মেরেছেন সূর্যবংশী, এএফপি
    ৩৩৪.৪৮ স্ট্রাইক রেট

    এলিমিনেটরে সূর্যবংশী ৯৭ রানের ইনিংস খেলেছেন ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে। আইপিএলের ইতিহাসে ৯০ বা তার বেশি রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড।

    ১৬ বল

    কাল মাত্র ১৬ বলে ফিফটি করেন সূর্যবংশী। আইপিএলের প্লে-অফ বা নকআউট পর্বের ইতিহাসে এটি যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাও ১৬ বলে ফিফটি করেছিলেন।

    ১২ ছক্কা

    এলিমিনেটরে মাত্র ২৯ বলের ইনিংসে ১২টি ছক্কা মারেন সূর্যবংশী। আইপিএলের এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগেও তিনি একবার ১২টি ছক্কা মেরেছিলেন, সেটিও এসেছিল এই হায়দরাবাদের বিপক্ষেই।

    তবে আইপিএলের প্লে-অফ বা নকআউট ম্যাচে এটিই এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শুবমান গিল ১০টি ছক্কা মেরে এত দিন শীর্ষে ছিলেন।

    ২৪ বল

    ইনিংসের প্রথম ১০টি ছক্কা মারতে সূর্যবংশী খেলেছেন মাত্র ২৪ বল। আইপিএলে এত কম বলে ১০টি ছক্কা আর কেউ মারতে পারেননি। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের সেই বিখ্যাত ইনিংসে প্রথম ১০টি ছক্কা মারতে গেইল খেলেছিলেন ২৭ বল।

    ৮ ছক্কা

    কাল ১২টি ছক্কার মধ্যে ৮টিই সূর্যবংশী মেরেছেন প্রথম পাওয়ারপ্লেতে। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে পাঁচজন ব্যাটসম্যান পাওয়ারপ্লেতে ৭টি করে ছক্কা মেরেছিলেন, যার মধ্যে চলতি মৌসুমে জয়পুরে সূর্যবংশীর নিজেরও একটি ইনিংস ছিল।

    পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০
    পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০এএফপি
    ৪৯০

    এই মৌসুমে শুধু পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০। ২০১৬ সালের আইপিএলে পাওয়ারপ্লেতে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ড ভেঙেছেন এই কিশোর।

    ৩০০+

    আইপিএলের ৩০০–এর বেশি স্ট্রাইকরেটে সূর্যবংশী পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ৩ বার, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।

  • ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মেসিদের

    নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামে আবারও হারল ইন্টার মায়ামি। তবে এবারের হার লিওনেল মেসিদের জন্য বেশ যন্ত্রণাদায়কই। আজ মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি।

    কিন্তু আক্রমণভাগের সঙ্গে তাল মিলিয়ে ভালো খেলতে পারেনি দলটির রক্ষণভাগে। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত মায়ামি হেরেছে ৪-৩ গোলে। এর মধ্যে অরল্যান্ডো সিটির জয়সূচক গোলটি হয়েছে ম্যাচের ৯৩তম মিনিটে।

    ন্যু স্টেডিয়ামের ম্যাচটিতে মায়ামি এগিয়ে যায় তৃতীয় মিনিটে। তেলাস্কো সেগোভিয়ার বাড়ানো ক্রস থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটের সময় লুইস সুয়ারেজ এবং মেসির বল দেওয়া-নেওয়ায় আক্রমণ থেকে গোলদাতার খাতায় নাম লেখান সেগোভিয়া। এর কিছুক্ষণ পর ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ব্যবধান ৩-০ করেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারে ৯০৬ নম্বর গোল এটি। ইন্টার মায়ামির হয়ে ৮৬তম।

    ম্যাচে একটি গোল করেছেন মেসি
    ম্যাচে একটি গোল করেছেন মেসিএএফপি
     

    অরল্যান্ডো সিটি তিন গোল হজমের পর দৃশ্যপটে আসেন আরেক আর্জেন্টাইন মার্টিন ওজেদা। ২৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথমার্ধের বিরতির আগে একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে নামার পর মায়ামি ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অরল্যান্ডে মায়ামি রক্ষণের দুর্বলতার সুযোগ চাপ বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করে। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটিও পেয়ে যান ওজেদা।

    ৭৯তম মিনিটে অরল্যান্ডে পেয়ে যায় পেনাল্টিও। যা কাজে লাগিয়ে ম্যাচে ৩-৩ সমতা এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওজেদা।

    ম্যাচের এই জায়গা থেকে মায়ামি হারে যোগ করা সময়ের গোল হজমে। গোলের আশায় মায়ামির সবাই ওপরের দিকে থাকায় সুযোগ কাজে লাগিয়ে কোনো প্রতিরোধ ছাড়াই গোল করেন অরল্যান্ডোর তাইরেস স্পাইসার। মায়ামির জন্য উৎসবে শুরু হওয়া ম্যাচে শেষপ্রান্তে হয়ে পড়ে বিষাদের।

    ম্যাচের পর হ্যাটট্রিক করা ওজেদা নিজের আর্জেন্টাইন পরিচয় তুলে ধরেন ক্যামেরার সামনে
    ম্যাচের পর হ্যাটট্রিক করা ওজেদা নিজের আর্জেন্টাইন পরিচয় তুলে ধরেন ক্যামেরার সামনে, এএফপি
     

    এ নিয়ে ন্যু স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে টানা চার ম্যাচ জয়হীন থাকল মায়ামি। এমএলএস পয়েন্ট তালিকায় ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মেসিরা এখন তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ ইংল্যান্ড। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নাশভিল।

  • ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে, কারিশমার সন্তানদের আবেদনে আদালতের রায়

    বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর প্রায় ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে টানাপোড়েন চলছে। তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী কে হবেন, তা নিয়ে শুরু হয় বিবাদ। দাবিদারদের মধ্যে রয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর, মা রানি কাপুর ও দ্বিতীয় স্ত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামারা ও কিয়ান। যদিও সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সম্পত্তির অধিকার অন্য কাউকে দিতে নারাজ। তিনি যেমন মামলা করেছেন, তেমনই প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কারিশমার দুই সন্তানও। এর পরিপ্রেক্ষিতে বড় রায় দিলেন আদালত।

    আগেই কারিশমার দুই সন্তান দাবি করেছেন, প্রিয়া তাঁদের বাবার সম্পত্তি জাল করেছেন। জালিয়াতি করে বানানো নতুন উইলে সম্পত্তি নিয়ে স্পষ্ট তথ্য দেননি। সঞ্জয়ের জমি, বাড়ি ও তাঁর সংস্থা ছাড়াও ছিল দামি দামি ঘোড়া। ছিল বহুমূল্যের সব ঘড়ি, যেগুলোর বাজারমূল্য কয়েক লাখ, কয়েকটি আবার কোটির ঘরে। সম্পত্তিসংক্রান্ত নথিতে এ ধরনের জিনিসের কোনো উল্লেখ করেননি প্রিয়া। যখন উইলটি বানানো হয় সে সময় একবারও কারিশমার দুই সন্তানকে দেখানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি তিনি।

    কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর। কোলাজ
    কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর। কোলাজ

    কিয়ান ও সামারার এই অভিযোগের ভিত্তিতে রায় দিলেন দিল্লির উচ্চ আদালত। গতকাল দেওয়া রায়ে জানানো হয়, সঞ্জয়ের বিদেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখা হবে। ওই অ্যাকাউন্টগুলো থেকে কোনো রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না প্রিয়া।

    এই রায় কারিশমার দুই সন্তানকে যে স্বস্তি দিয়েছে, তা বলাই বাহুল্য। এই রায় প্রকাশের পর বোন কারিনা কাপুর খান ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়ে লেখেন, ‘আশার আলো, বিচার আমরা পাবই। সত্য প্রকাশ্যে আসবে।’

    আদালত আরও নির্দেশ দেন, সঞ্জয় কাপুরের সম্পত্তি অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন এবং এগুলো কোনোভাবেই হস্তান্তর কিংবা নষ্ট করা যাবে না। একই সঙ্গে প্রিয়া সচদেব কাপুর যাতে ওই সম্পত্তিগুলো কোনোভাবেই বিক্রি না করতে পারেন, তাতে আদালত একটি অন্তর্বর্তীকালীন নির্দেশও জারি করেছেন।

    এনডিটিভি অবলম্বনে

  • ৩২ ম্যাচেই ৪৩১ ছক্কা, রেকর্ড তাহলে ভেঙেই যাচ্ছে

    ক্রিকেট দিনে দিনে ছক্কার খেলায় পরিণত হচ্ছে বললে হয়তো ভুল হবে না। পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার—সব সময়ই ছক্কা মারার চেষ্টা থাকে ব্যাটসম্যানদের।

    স্বাভাবিকভাবেই ছক্কার সংখ্যায় একটা টুর্নামেন্ট আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। না, ছক্কার সংখ্যায় এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ গত টি-টুয়েন্টি বিশ্বকাপকে ছাড়ায়নি। তবে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে গড়া ছক্কার রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ নতুন রেকর্ড গড়বে, সেটা অনেকটাই নিশ্চিত।

    ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫২ ম্যাচে ছক্কা দেখা গিয়েছিল ৫১৭টি, যা এক টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৩২টি। এরই মধ্যে ছক্কা হয়েছে ৪৩১টি। ফাইনালসহ এখনো ম্যাচ বাকি ২৩টি। রেকর্ড কি ভাঙবে? তেমনটাই তো হওয়ার কথা।

    কারণ, গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ম্যাচপ্রতি প্রায় ১০টি করে ছক্কা মেরেছে—৯.৯৪। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছক্কা হয়েছে ম্যাচপ্রতি অনেক বেশি— ১৩.৪৭ । সেই হিসাবে বাকি ম্যাচগুলোতে রেকর্ড ভেঙে যাওয়ারই কথা।

    ২০২৪ বিশ্বকাপের চেয়ে এবারের ব্যাটসম্যানরাও বেশি হাত খুলে খেলেছেন। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যাটসম্যানদের সমন্বিত স্ট্রাইকরেট ছিল ১০৯.৯৬, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬.৪২। এটিই টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে ব্যাটসম্যানদের সমন্বিত স্ট্রাইকরেটের হিসাবে সর্বোচ্চ।

    ২০২৪ বিশ্বকাপের চেয়ে এবারের ব্যাটসম্যানরাও বেশি হাত খুলে খেলেছেন
    ২০২৪ বিশ্বকাপের চেয়ে এবারের ব্যাটসম্যানরাও বেশি হাত খুলে খেলেছেন, এএফপি
     

    এবারের বিশ্বকাপ ও এর আগের বিশ্বকাপ ছাড়া এক আসরে ৪০০ ছক্কা হয়েছে মাত্র একবার। সেটি ২০২১ বিশ্বকাপে। সবচেয়ে কম ছক্কা হয়েছে ২০০৯ ইংল্যান্ড বিশ্বকাপে। সেবার মাত্র ১৬৬টি ছক্কা হয়েছে, ম্যাচও হয়েছিল মাত্র ২৭টি।

    অবশ্য চারটি বিশ্বকাপেই ২৭টি করে ম্যাচ হয়েছে। ২৭টি করে ম্যাচ হয়েছে এমন বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হয়েছিল ২০১০ সালে, ২৭৮টি।

  • ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এল আরেক জাহাজ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল নিয়ে দেশে এল আরও একটি জাহাজ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

    জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্যমতে, এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। এ মাসে এখন পর্যন্ত দুটি জাহাজ এসেছে। এর আগের জাহাজটি আসে গতকাল শুক্রবার বেলা ২টায়। ২৭ হাজার টন ডিজেল নিয়ে ওই জাহাজটিও আসে সিঙ্গাপুর থেকে। ওই তেলও সরবরাহ করেছে ইউনিপ্যাক।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে প্রভাব পড়ে। নির্ধারিত সময় অনুযায়ী বেশ কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে না পারায় সরবরাহে চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে বিপিসি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয় সরকার।

    জানতে চাইলে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন বলেন, সর্বশেষ জাহাজটি এসে পৌঁছেছে। এখন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে খালাস কার্যক্রম শুরু হবে।

  • ৪ মাসের আলোচিত ৭ সিরিজের গল্পে কী আছে

    স্ট্রিমিং দুনিয়ায় ২০২৬ চমক, প্রত্যাবর্তন আর নতুন গল্পের প্রতিযোগিতা নিয়ে এসেছে। বছরের প্রথম চার মাসেই দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একাধিক সিরিজের নাম। এই প্রথম চার মাসের সেরা ৫০টি সিরিজ নিয়ে গার্ডিয়ান প্রতিবেদনও প্রকাশ করেছে।

    এসব সিরিজ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। কিছু সিরিজে রয়েছে গল্প বলার অভিনবত্ব, কিছু কিছু সিরিজ দর্শক মাতিয়েছে অভিনয় ও নির্মাণশৈলীতে। অপরাধ, রাজনীতি, বৈজ্ঞানিক কল্পকাহিনি, পারিবারিক নাটক থেকে শুরু করে ব্যঙ্গাত্মক কমেডি—বিভিন্ন ঘরানার এসব সিরিজই প্রমাণ করেছে, ছোট পর্দার গল্প বলার শক্তি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তার প্রমাণ বছরের সবচেয়ে আলোচিত প্রথম চার মাসের সাত সিরিজ। কী আছে সিরিজগুলোতে?

    ১. ‘দ্য পিট’ (এইচবিও ম্যাক্স)
    আলোচিত সিরিজ ‘দ্য পিট’–এর দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। প্রথম মৌসুমেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ২০২৫ সালের অন্যতম আলোচিত টিভি সিরিজে পরিণত হয়েছিল এটি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের সেরা সিরিজগুলোর সম্ভাব্য তালিকায়ও জায়গা করে নিয়েছে এই হাসপাতালভিত্তিক সিরিজ। এটি জানুয়ারির ৮ তারিখে এইচবিও ম্যাক্সে প্রচারিত হয়। এর গল্প একটি ব্যস্ত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে। প্রতিদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা রোগীদের চিকিৎসা করতে গিয়ে তারা যেমন কঠিন চিকিৎসার সিদ্ধান্ত নেয়, তেমনি ব্যক্তিগত জীবন ও মানসিক চাপের সঙ্গেও লড়াই করতে হয়। বাস্তবধর্মী উপস্থাপনা, টানটান পরিস্থিতি এবং চরিত্রগুলোর মানবিক সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ।

     ‘ইন্ডাস্ট্রি’ সিরিজের পোস্টার
    ‘ইন্ডাস্ট্রি’ সিরিজের পোস্টার

    ২. ‘ইন্ডাস্ট্রি’ (এইচবিও)
    লন্ডনের একটি প্রভাবশালী বিনিয়োগ ব্যাংকে কর্মরত তরুণ ব্যাংকারদের ঘিরে সিরিজের গল্প এগিয়ে চলে। কর্মকর্তাদের উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অর্থ, ক্ষমতা এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে তাদের করপোরেট দুনিয়ায় টিকে থাকার লড়াই দেখানো হয়। সিরিজটি প্রথম প্রচার শুরু হয় ২০২০ সালে। এ বছর জানুয়ারির ১১ তারিখে চতুর্থ কিস্তি প্রচার শুরু হয়। নতুন এই মৌসুমে কর্মকর্তাদের ক্ষমতার দ্বন্দ্ব, নৈতিক সংকট ও ব্যক্তিগত সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে, যা দর্শকেরা পছন্দ করেছেন।

    ৩. ‘হাউ টু গেট টু হ্যাভেন ফ্রম বেলফাস্ট’ (নেটফ্লিক্স)
    এটি একটি ডার্ক কমেডি ও রহস্যধর্মী সিরিজ। ফেব্রুয়ারির ১২ তারিখে এটি প্রচারের পর থেকে আলোচনায় আসে। একই ধারার গল্প থেকে সিরিজটি দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যায়। কী আছে এই সিরিজে? এর গল্প তিন ঘনিষ্ঠ বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যারা তাদের শৈশবের এক বন্ধুর মৃত্যুর পর সন্দেহ করতে শুরু করে যে ঘটনাটি যতটা স্বাভাবিক মনে হচ্ছে, আসলে ততটা নয়। তদন্ত করতে গিয়ে তারা ধীরে ধীরে এমন এক রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে বন্ধুত্ব, অতীত ও সত্যের সীমারেখা মিশে যায়। এটি এ বছরের নেটফ্লিক্সের আলোচিত সিরিজের একটি।

    ‘দ্য ট্রেইটরস ইউকে’ সিরিজের পোস্টার
    ‘দ্য ট্রেইটরস ইউকে’ সিরিজের পোস্টার

    ৪. ‘দ্য ট্রেইটরস ইউকে’ (পিকক)
    আলোচিত সিরিজ ‘দ্য ট্রেইটরস’ ইউকে নতুন করে এ বছর আলোচনায় এসেছে। এর চতুর্থ কিস্তি ফেব্রুয়ারির ২৬ তারিখে মুক্তি পেয়েছে। দর্শকদের জন্য এবারের গল্প একেবারেই নতুন ও একাধিক টুইস্টে ঘেরা ছিল। মূলত এটি একটি গেমভিত্তিক সামাজিক প্রতিযোগিতা। একদল প্রতিযোগী একটি নির্জন প্রাসাদে একত্র হয়, যেখানে কিছু বিশ্বাসঘাতক গোপনে ওত পেতে থাকে। অন্যরা বিশ্বস্ত হিসেবে তাদের শনাক্ত করার চেষ্টা করে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে একে অপরকে সন্দেহের তালিকায় এনে বাদ দেওয়ার প্রতিযোগিতা। আগের কিস্তি গতি হারালেও এবার সিরিজটি নিয়ে বলা হচ্ছে, চতুর্থ মৌসুমে এই প্রতিযোগিতা আরও জটিল, কৌশলনির্ভর ও নাটকীয় হয়ে উঠেছে, যা দর্শকদের জন্য টানটান উত্তেজনার অভিজ্ঞতা দেবে।

    ৫. ‘আউটল্যান্ডার’ (স্টারজেড)
    সিরিজটির অষ্টম ও শেষ মৌসুম ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল বেশি। বলা যায় সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দর্শকদের জন্য এক আবেগঘন সমাপ্তি নিয়ে এসেছে সিরিজটি। স্টারজেডের টাইম-ট্রাভেল ও রোমান্সভিত্তিক সিরিজটি দীর্ঘ যাত্রার শেষে সমালোচকদের দৃষ্টি কেড়েছে। গল্প শুরু হয় ক্লেয়ার র‍্যান্ডাল নামের এক নারীর জীবনকে কেন্দ্র করে, যিনি রহস্যজনকভাবে অতীতে ফিরে যান এবং জেমি ফ্রেজারের সঙ্গে তাঁর প্রেম ও সংগ্রামের গল্প শুরু হয়। ইতিহাস, যুদ্ধ, প্রেম ও সময় ভ্রমণের মিশেলে গড়া এই সিরিজে শেষ মৌসুমে তাদের পরিবারের ভবিষ্যৎ, উত্তরাধিকার ও সময়ের জটিলতা আরও গভীরভাবে অনুসন্ধান করা হয়েছে। ৬ মার্চ এটি প্রচারিত হয়েছে।

     
    ‘ফর অল ম্যানকাইন্ড’ সিরিজের পোস্টার
    ‘ফর অল ম্যানকাইন্ড’ সিরিজের পোস্টার

    ৬. ‘ফর অল ম্যানকাইন্ড’ (অ্যাপল টিভি)
    পঞ্চম মৌসুম দিয়ে এ বছরের আলোচিত সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে অ্যাপল টিভি প্লাসের বিকল্প ইতিহাসভিত্তিক মহাকাশ দৌড়ের ভিন্ন এক বাস্তবতার গল্প। যেখানে মানবসভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ওপর। রাজনৈতিক এই সিরিজের গল্প, সোভিয়েত ইউনিয়ন চাঁদে প্রথম পৌঁছে যায় এবং এর ফলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত মহাকাশ প্রতিযোগিতা থেমে না গিয়ে আরও বিস্তৃত হয়। পঞ্চম মৌসুমে এই প্রতিযোগিতা চাঁদ পেরিয়ে মঙ্গলগ্রহ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সম্পদ, রাজনীতি ও মানবিক সম্পর্কের সংঘর্ষ নতুন মাত্রা পায়। মহাকাশের এ লড়াই দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এটি মার্চের ২৭ তারিখে প্রচারিত হয়।

    ৭. ‘হ্যাকস’ (এইচবিও)
    অবশেষে আলোচনা দিয়ে শেষ হলো সিরিজ ‘হ্যাকস’–এর পঞ্চম ও শেষ মৌসুম। গত এপ্রিল মাসের ৯ তারিখে এর শেষ সিজন প্রচারিত হয়। সমালোচনাকারীদের মতে, সিরিজটির শেষ পর্ব দর্শকদের জন্য ছিল একই সঙ্গে চমকপ্রদ এবং গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই। শেষ মুহূর্তগুলো এমনভাবে নির্মিত হয়েছে, যা সিরিজের সামগ্রিক সফলতাকে পূর্ণতা দিয়েছে। কী আছে সিরিজের গল্পে? লাস ভেগাসের এক কিংবদন্তি কমেডিয়ান এবং এক তরুণ উচ্চাকাঙ্ক্ষী লেখকের সম্পর্ক ঘিরেই এই সিরিজ শুরুতে জনপ্রিয়তা পায়। গল্পের নানা স্তরে রয়েছে রহস্য। বয়স, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ থেকে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে জটিল পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক। শেষ মৌসুমে এসে এই সম্পর্কের পরিণতি এবং শোবিজ ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা আরও গভীরভাবে উঠে এসেছে।
    সূত্র: টিভিগাইড ডট কম

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব