• Colors: Purple Color

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০১৪ সালেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সালেহ শিবলী গত শনিবার লন্ডনে বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও তারেক রহমান এর পাঁচ বছর আগেই এ বিষয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন।

সালেহ শিবলীর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৫ জুলাই লন্ডনের টাওয়ার হিলে এক অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কার করে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে তিনি তখনই এ অবস্থান নিয়েছিলেন।

দাবির সমর্থনে সালেহ শিবলী একটি ভিডিও দেখান। ভিডিওতে তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘সরকারি চাকরিতে যে কোটা আছে, এখন বোধ হয় দেশে প্রায় ৫০ ভাগের মতো কোটা আছে। আমি মনে করি, এই কোটাটা ৫০ থেকে কমিয়ে মেধাবীদের জায়গা দেওয়ার জন্য ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা উচিত।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের মধ্যে রক্তাক্ত এক পথ পেরিয়ে তা গণ–অভ্যুত্থানে রূপ নেয়। তাতে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ।

সালেহ শিবলী বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীকালে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়।

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এর দেড় বছর পর গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ফেরে বিএনপি। দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

সালেহ শিবলী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার কর্মসংস্থান ও বেকারত্ব নিরসনে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ, স্বাস্থ্য খাতে এক লাখ নার্স নিয়োগের ঘোষণা এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী লন্ডন সফরে থাকার সময় কথা বলেন। সোমবার তিনি দেশের পথে রওনা হন।

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে চায়না এয়ারের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছে প্রতিনিধি দলটি।

চীন সরকার ও চীনা দূতাবাসের সহযোগিতায় এই কর্মসূচি হবে চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ। প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষন চলবে।

প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (ইনোভেশন এন্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারি, উপসচিব জেসমিন আখতার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান,মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ার প্রমূখে র‌য়েছেন।

প্রশিক্ষণে অংশগ্রহণের আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন।

 

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা। তাঁরা সড়ক অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সমাবেশের আগে কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ গেট, টিটিসি, কল্যাণপুর হয়ে কেকে রায় সড়ক প্রদক্ষিণ করে কলেজগেটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ বাতিল কর’ স্লোগান দিয়ে কলেজগেট সড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া বলেন, ‘দীপেন দেওয়ানের বিষয়টি পুনর্বিবেচনা করে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন জানাই। কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্রে দীপেন দেওয়ানের কিছু হলে রাঙামাটিবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে। এর দায়দায়িত্ব ষড়যন্ত্রকারীদের পাশাপাশি প্রশাসনকেও নিতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, জেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, জেলা বিএনপির সদস্য সাবের হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাদের আলী প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার ১ জুন দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার কাঁঠালতলীতে এবং আজ মঙ্গলবার কলেজ গেটে টানা দুই দিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন গঠিত সিডিপি।

বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরপরই গত ১৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বৃদ্ধি করে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত করার অনুরোধ জানায়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে এক চিঠিতে তাঁর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।

সিডিপি এ উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের ইতিবাচক অবস্থান জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন যে কমিটির মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করাই যথাযথ হবে জাতিসংঘ সাধারণ পরিষদের। তবে বাংলাদেশকে এ সময়ে বিদ্যমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে।

সিডিপি তার মূল্যায়নে উল্লেখ করেছে যে বাংলাদেশ তিনটি এলডিসি উত্তরণ সূচকের প্রতিটিতেই নির্ধারিত মানদণ্ড অতিক্রম করেছে। নিকট ও মধ্য মেয়াদে এ অবস্থান থেকে বাংলাদেশের পিছিয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত কম। তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক জ্বালানি ও সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ দেশের উত্তরণ প্রস্তুতি বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে।

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের একটি মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) আছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণকালীন সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রণীত রূপরেখাই হলো এসটিএস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি এই এসটিসি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে। সিডিপি মনে করে যে প্রস্তুতি পর্ব সম্প্রসারিত হলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব আরও ভালোভাবে মূল্যায়ন, প্রয়োজনীয় অগ্রাধিকার নির্ধারণ এবং উত্তরণ–পরবর্তী বাজার সুবিধা ও আন্তর্জাতিক সহায়তাব্যবস্থার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

একই সঙ্গে সিডিপি বাংলাদেশের জন্য প্রস্তুতি পর্ব এবং উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। এর মধ্যে রয়েছে সহজ শর্তে অর্থায়ন, এলডিসিসংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থার যথোপযুক্ত সম্প্রসারণ, কারিগরি সহায়তা এবং বাণিজ্য আলোচনার সক্ষমতা বৃদ্ধি।

সিডিপি বিশেষভাবে অভ্যন্তরীণ সংস্কারের গুরুত্ব তুলে ধরে আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, কর আহরণ বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ এবং বেসরকারি খাতকে উত্তরণের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছে। এ কমিটির মতে, প্রস্তুতিপর্ব বৃদ্ধি কোনোভাবেই সংস্কার কার্যক্রম বিলম্বিত করার সুযোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়, বরং এটি সংস্কার ত্বরান্বিত করার অনুঘটক হিসেবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, বাংলাদেশ সরকার সিডিপির এই ইতিবাচক মূল্যায়ন ও সুপারিশকে স্বাগত জানিয়েছে। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই, মসৃণ ও সফল এলডিসি উত্তরণ নিশ্চিত করতে সক্ষম হবে।

সর্বশেষ সফল সোলোমন দ্বীপপুঞ্জ

এলডিসি উত্তরণের সময় পেছানোর আবেদন করে সর্বশেষ সফল হয়েছিল সোলোমন দ্বীপপুঞ্জ। ২০২৩ সালে দেশটির সরকার গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে বাড়তি সময় চেয়ে সিডিপির কাছে আবেদন করে। সিডিপি তখন মূল্যায়ন করে তিন বছর সময় বাড়িয়ে দেয়। এ ছাড়া সুনামির কারণে মালদ্বীপ এবং ভূমিকম্পের কারণে নেপালের এলডিসি উত্তরণ নির্ধারিত সময়ে হয়নি।

উত্তরণে ধাপগুলো কী কী

তিন বছর পরপর এলডিসিভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ এবং জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এ তিন সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়, কোনো দেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্য কি না। যেকোনো দুটি সূচকে উত্তীর্ণ হলে অথবা মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হলে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করে জাতিসংঘ।

বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে। ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে তিন সূচকেই উত্তীর্ণ হয় বাংলাদেশ এবং ২০২১ সালেই চূড়ান্তভাবে সুপারিশ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য দুই বছর সময় বাড়ানো হয়। নতুন করে সময় বাড়ল তিন বছর।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ছিলেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ৯৯টি দেশ বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানকে ভোট দিয়েছে। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি।

এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি।

ভোটে জয়ের পর বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে উচ্ছ্বাস। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে
ভোটে জয়ের পর বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে উচ্ছ্বাস। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে, ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া
 

৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। ওই ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার এক অভিযানে নারায়ণগঞ্জ থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, মোহাম্মদপুরের বহুল আলোচিত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাঁদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ শুরু থেকেই এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করার কথা জানিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় র‍্যাবের অভিযানে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হলো।

আমাদের অনুসরণ করুন

 

সর্বাধিক পড়ুন

  • সপ্তাহ

  • মাস

  • সব